
মহানায়িকা সুচিত্রা সেন। দর্শকের হূদয়ে চির ভাস্মর তিনি। গত ২৬ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বাংলা চলচ্চিত্রের এ মহানায়িকার স্মরণে বসেছিল সংগীতের আসর। গান, কবিতা ও কথামালায় স্মরণ করা হয়েছে সুচিত্রা সেনকে। ‘সুরলোকে সুচিত্রা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে আনন্দ সাংস্কৃতিক অঙ্গন।
আয়োজনের সূচনা হয় সন্ধ্যা সোয়া সাতটায় সুচিত্রা সেনকে নিবেদন করে কংকন দাশের ‘মৃত্যুঞ্জয়ী’ কবিতার আবৃত্তির মধ্য দিয়ে। এরপর ছিল সমবেত সংগীতের পরিবেশনা। শিল্পীরা গেয়ে শোনান হসপিটাল চলচ্চিত্রের ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ গানটি। এরপর শাপলা পালের কণ্ঠে পরিবেশিত হয় ‘কে তুমি আমারে ডাকো’ ও ‘বারে বারে শুনি কে যেনো’ গান দুটি। লুবনা জান্নাত পরিবেশন করেন ‘তুমি যে আমার’ ও ‘এ আকাশ নতুন বাতাস’, চৈতি মুৎসুদ্দির কণ্ঠে ‘আমি আপন করিয়া’ ও ‘ঝনক ঝনক কনক কনক’ এবং আকলিমা মুক্তার কণ্ঠে পরিবেশিত হয় ‘জানি না ফুরাবে’ ও ‘আমি স্বপ্নে তোমায় দেখেছি’।
এবার কথামালা। এতে অংশ নেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আশরাফুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সাব্বির উল আলম, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক রোসাঙ্গীর বাচ্চু ও সংগীতশিল্পী সিরাজুল ইসলাম। কথামালা শেষে আবার শুরু হয় সুরের রাজ্যে ভেসে যাওয়া। দুটি করে গান নিয়ে আবার মঞ্চে আসেন শাপলা পাল, লুবনা জান্নাত, চৈতি মুৎসুদ্দি ও আকলিমা মুক্তা। তাঁরা এ পর্বে পরিবেশন করেন ‘ঘুম ঘুম চাঁদ’, ‘পলাশ আর কৃষ্ণচূড়া’, ‘আমার জীবনে নেই আলো’, ‘এ শুধু গানের দিন’, ‘আজ যেন নেই কোনো ভাবনা’, ‘হূদয় আমার সুন্দরতম’, ‘ওগোময় গীতিময়’, ‘তুমি না হয় রহিতে’।
এ আয়োজনে যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় রতন বণিক, কিবোর্ডে সৃজন রায়, অক্টোপ্যাডে জুয়েল দাশ, বেজ গিটারে সজল সরকার ও লিড গিটারে রাজিব ঘোষ।