সুরে সুরে আগামীর পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না’—২০১০ সালের পুরোটা জুড়েই প্রায় সব তরুণের মুখে মুখে ছিল এ গান। এখনো আড্ডায় বসলে নিজের অজান্তে মনে বাজে এ সুর। সাড়াজাগানো এ গানে শ্রোতাদের মনে ঠাঁই করে নেন ক্লোজআপ ওয়ান তারকা অরিন। শিল্পীর নিজেরও এ গানটি খুব প্রিয়।অরিন বলেন, ‘এ গানটি যখন মঞ্চে করি তখন প্রায় সময় শুনি “আপু এর বেশি ভালো লাগা যায় না...খুব ভালো লেগেছে।” তখন যে কী ভালো লাগে বোঝাতে পারব না, কাজের প্রেরণা আরও বেড়ে যায়। একধরনের দায়বদ্ধতা কাজ করে। মনে হয় আমার আরও ভালো কাজ করতে হবে। বেঁচে থাকতে হবে শ্রোতাদের মধ্যে।’চট্টগ্রামের মেয়ে অরিনের বেড়ে ওঠা গানের জগতে। মুখে যখন প্রথম বুলি ফোটে তখন থেকে সংগীতের সঙ্গে সখ্য তাঁর। পরিবারের প্রেরণায় ২০০৫ সালে অংশ নেন ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ। অংশ নিয়েই জায়গা করে নেন সেরা ২০-এ। কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে ঝরে পড়ায় কিছুটা ভেঙে পড়েন। এবারও পাশে দাঁড়ান বিশ্ববিদ্যালয়-শিক্ষক বাবা ড. আবুল কাশেম ও মা নাসরিন আক্তার। উৎসাহ দিয়ে বাতলে দেন আগামীর পথ। নতুন উদ্যমে নতুন এক অরিনকে আবিষ্কার করেন নিজেই।আর এই সময়টাতে পড়াশোনার পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছিলেন মঞ্চে গান গেয়ে গেয়ে। সুফলটাও পেয়েছেন—সফিক তুহিনের সঙ্গে গাওয়া ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি। জনপ্রিয় এ গানটি পরবর্তী সময়ে বাংলা ছায়াছবি কে আপন কে পর-এ প্লেব্যাক হয়। তারপর একে একে কণ্ঠ দিয়েছেন ‘তোকে চাওয়া’, ‘ভালোবাসি বলো না’, ‘বন্ধুর জন্য গান’, ‘জয় করব বাংলাদেশ’ (বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর জন্য করা) প্রভৃতি গানে। এ ছাড়া কাজ করেছেন শফিক তুহিনের ডট কম, বাপ্পী ফিচারিং মায়াবী, এইচ এম রানার ভালোবাসিনি ও ইলিয়াসের না বলা কথাসহ মোট আটটি মিক্সড অ্যালবামে। অরিন শুধু মিক্সড বা দ্বৈত অ্যালবামেই না, নিজের একটি সলো অ্যালবামও করছেন, যা এ বছরের শেষ দিকে বাজারে আসবে। শিক্ষক মা-বাবার মেয়ে সুরের জগতে—‘আমার মা-বাবা, বড় দুই বোন সবাই গান গায়। ছোটবেলায় যখন লোডশেডিং হতো তখন বাসায় গানের আসর বসত। এভাবেই বড় বোন তিনার কাছ থেকে একসময় হারমোনিয়াম বাজাতে শিখলাম,’ বললেন অরিন। বলেন, ‘আমার প্রথম গান ছিল “নিম ফুলের মৌ পিয়ে” এবং এই গানটি দিয়েই জীবনের প্রথম প্রতিযোগিতায় অংশ নিই। এবং প্রথম হই। তার পরই এগিয়ে চলা। এরপর সংগীত পরিষদে ভর্তি হই। এখন শিখছি সুরবন্ধু অশোক চৌধুরীর কাছে।’ অরিন বলেন, ‘আমার শখ বিভিন্ন ভাষার গান করার। আরবি, ফার্সি ও উর্দু ভাষার গান শিখেছি। গাইতেও ভালো লাগে। মাঝে জাপানি ভাষার গানও শিখতে চেয়েছি, কিন্তু জাপানি ভাষা আয়ত্তে আনা বেশ কঠিন’ বলেই হেসে ফেলেন।গান নিয়ে মজার কোনো অভিজ্ঞতা জানতে চাইলে চটজলদি বলেন, ‘আমি প্রতিবার মঞ্চে গান গাওয়ার সময় মাইক্রোফোনের তারটা হাতে পেঁচিয়ে ফেলি এবং টান লেগে লিরিক বোর্ডটা যখন পড়ে যেতে নেয় আমি আবার দ্রুত সামলে নিই এবং ভাবি পরবর্তী সময়ে এটা আর করব না। কিন্তু পরের বারও একই ঘটনা ঘটে।’ শিল্পী অরিন গানের পাশাপাশি পড়ালেখায়ও সামনে এগিয়ে। এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএতে। ভালো ফল করে এখন পড়ছেন এমবিএতে।এ তো গেল কাজের কথা। এবার আসি ভবিষ্যতের পথে। শিল্পী অরিনের স্বপ্নটা কী? ‘আমি একদিনে তারকা হতে চাই না। ধীরে ধীরে শ্রোতাদের মনে জায়গা করে নিতে চাই। এ ক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার সময় শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুলের একটি কথা। তিনি আমাকে বলেছিলেন, ‘একদিন তুই হবি সুরের রানি/ তোর মাথায় থাকবে সুরের মুকুটখানি।’