সুরে সুরে ঈদ-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মানে আনন্দ রাশি রাশি। আর মাত্র কটা দিনের অপেক্ষা। হইহুল্লোড়, জমজমাট আড্ডা আর সেরা সেরা সব খাবারের রসনায় কাটবে দিন। তাই হাজারো শ্রোতার মনে কাঁপন তোলা শিল্পীরাও ওড়াবেন আনন্দের ঘুড়ি। চট্টগ্রামে যেসব শিল্পীর অবস্থান—তাঁরাও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চান নানা অনুষ্ঠানে গান গেয়ে। আবার কেউ কেউ সব ব্যস্ততা, ক্লান্তি দূরে সরিয়ে পারিবারিক আনন্দে শামিল হতে চান। কেউ বা বন্ধুদের সঙ্গে আড্ডায় কাটাতে চান পুরো দিন। ঈদ ঘিরে অনুভূতির কথা জানিয়েছেন কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানা, শান্তনু বিশ্বাস, ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া, রন্টি দাশ ও সুরদরিয়ার তারকা বিউটি দাশ। নিশীতা ঈদের গান নিয়ে মহাব্যস্ত। চ্যানেল আইয়ে নকুল কুমার বিশ্বাসের সুরে ও কথায় সংখ্যাতত্ত্বের ওপরে গান ‘দুই দিন থাকো, তিন দিন লুকাইয়া’ ছাড়াও এনটিভি ও মাই টিভিতে গানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নিশীতার ঈদ-আনন্দ কেনাকাটায়। বন্ধুদের সঙ্গে বেড়ানো তো আছেই। বললেন, ‘ঈদে আমরা খুব এনজয় করি। ঈদের স্পেশাল খিচুড়ি, সেমাই খেতে ভালোবাসি। আর সালামি তো আছেই।’ ঈদের কথা বলতেই এক গাল হেসে রন্টি জানান মজার অভিজ্ঞতার কথা। ‘প্রায় তিন-চার বছর আগে এক ঈদের দিনে আমার বোন, দুলাভাই ও বন্ধুরা মিলে বেড়াতে বের হয়েছি। বাইরে খাওয়ার পরিকল্পনা ছিল। ঈদের সময় যে সব রেস্টুরেন্ট বন্ধ থাকে, এটা আমরা জানতাম না। এদিকে খিদেয় পেটে ছুঁচোর কেত্তন শুরু হয়ে গেছে। উপায়ান্তর না দেখে আমার ভাইয়ের এক বন্ধুকে ফোন করে তিনি কেমন আছেন জানতে চাই। তখন তিনি আমাদের তাঁর বাসায় বেড়াতে যেতে বলেন। আর আমরা সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ লুফে নিই। খুব মজা হয়েছিল সেদিন।’ রন্টি এখনো জানেন না, ঈদে তিনি কোথায় থাকছেন। ঈদের অনুষ্ঠানের জন্যই কাতারে যাওয়ার একটি পরিকল্পনা আছে। বললেন, ‘ঈদে থাকতে না পারলে খুব খারাপ লাগবে।’ তবে ঈদ উপলক্ষে বাসুদেব বোসের কথা ও সুরে নিজের গানের মিক্স অ্যালবাম সেই বেদনা কিছুটা ফিকে করে দেবে। এ ছাড়া বিটিভি, মাই টিভি, দেশ টিভি ও বাংলা ভিশনের অনুষ্ঠানে গাইবেন তিনি।শিল্পী বিউটিরও চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদে চট্টগ্রামে থাকা। ১ সেপ্টেম্বর শিকাগো যাচ্ছেন। সেখানে গাইবেন তিনি। ‘ঈদটাকে আমরা জাতীয় উ ৎ সব বলেই মনে করি। তাই ঈদে কেনাকাটা পারিবারিক ঐতিহ্যে দাঁড়িয়ে গেছে। চাঁদরাতে বন্ধুদের নিয়ে কেনাকাটা করতে আমি ভীষণ পছন্দ করি। আর ঈদ মানেই তো বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, আড্ডা, খাওয়া-দাওয়া আর সালামি। ঈদে থাকতে না পারলে মন খারাপ হবে। তবে এটুকুই সান্ত্বনা—চাঁদরাতে কেনাকাটা করতে পারব।’ঈদের ছুটিতে পরিবার নিয়ে দূরে কোথাও ভ্রমণ, বাচ্চাদের নিয়ে বেড়ানো, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা তো আছেই—সেই সঙ্গে টেলিভিশনের অনুষ্ঠানেও মজে যান হৈমন্তী রক্ষিত মান। মিষ্টি হেসে বললেন, ‘ঈদের নাটকগুলো ভালো হয়। তাই একদমই মিস করতে চাই না। কাজের ফাঁকে ফাঁকে টিভির অনুষ্ঠান নিয়েই মেতে থাকি। তবে ঈদের চেয়েও রমজান মাসে বেশি এনজয় করি। বন্ধুদের বাসায় প্রায়ই ইফতারের দাওয়াত থাকে। আমার বাসায়ও বন্ধুদের জন্য ইফতারের আয়োজন করি।’ শিল্পী আবদুল মান্নান রানা ঈদের পুরো সময়টাই পরিবারের সঙ্গে চট্টগ্রামে কাটাবেন। ১৯৮৭ সালে ঈদের অনুষ্ঠানের জন্য একবার দুবাই গিয়েছিলেন। শেফালী ঘোষও ছিলেন সঙ্গে। সেই অভিজ্ঞতার কথা বললেন, ‘নামাজ শেষে ওখানে সবাই যার যার মতো করে চলে যায়। আন্তরিকতার ছিটেফোঁটাও নেই।’ ঈদে আপনার নতুন কোনো অ্যালবাম কি বের হচ্ছে? এ প্রশ্নের উত্তরে জানালেন, বছরে তিনি একটা বা দুটো অ্যালবাম নিয়ে কাজ করেন। তা-ও অন্য সময়ে। শিল্পী রানা সবচেয়ে মজা পান ঈদের নামাজে শামিল হতে এবং সালামি দিতে—‘শৈশবে সালামি পেতে কী যে ভালো লাগত! ঠিক অতটাই ভালো লাগে এখন ছোটদের সালামি দিতে।’শিল্পী শান্তনু বিশ্বাসের ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে তারেক মাসুদ, মিশুক মুনীরের অকাল প্রয়াণ এবং বন্ধু ঢালী আল মামুনের অসুস্থতায়। বললেন, ‘মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বন্ধুবান্ধব নিয়ে ঈদে যে আনন্দটা হয় প্রতিবছর, সেটা এবার বোধহয় হবে না।’ এবিসি রেডিওতে ঈদ উপলক্ষে ঢাকায় তাঁর গানের অনুষ্ঠান আছে। এ ছাড়া বৈশাখে বের হওয়া গানের অ্যালবাম পোস্টম্যান-এর মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন সম্প্রতি। সেটাই বিভিন্ন চ্যানেলে দেখানো হবে।