সুরের আবেশ ছড়ালেন কৃষ্ণকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম হলের সামনে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সীদের ভিড়। তাঁরা এসেছেন গান শুনতে। আর মৃত্যুর সঙ্গে লড়াই করা এক তরুণকে বাঁচার স্পৃহা জাগাতে। অনুষ্ঠানে গেয়েছেন শিল্পী কৃষ্ণকলি। মাত করেছেন শ্রোতাদের মন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অনিমেষ মজুমদারের চিকির‌্যাসার সাহায্যার্থে গত রোববার সন্ধ্যায় নগরীর মুসলিম ইনস্টিটিউটে আয়োজন করা হয় এ সংগীতানুষ্ঠানের। অনুষ্ঠানে আরও গেয়েছেন ঢাকার ‘সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ’ ও চট্টগ্রামের ব্যান্ডদল ‘বে অব বেঙ্গল’। গানের ফাঁঁকে ফাঁকে কৃষ্ণকলি আহ্বান জানান, ‘চলুন ফিরে যাই মাটির টানে, দেখি আমাদের সংগীতের মধ্যেও উদ্দামতা কতটুকু আছে।’ তিনি গাইলেন ‘মধু, কই কই বিষ খাওয়াইলা, কি কারণে ভালোবাসার দাম ন দিলা।’ এ গানে হলজুড়ে দর্শকেরাও গেয়েছেন কৃষ্ণকলির সঙ্গে। গান শুরু করেন রবীন্দ্রনাথের ‘আনন্দলোকে...’ দিয়ে। গেয়ে শোনান ‘ইচ্ছে মতন রোদ চলে যায়’, ‘বৈশাখেতে রং মাখিবি কে কে আয়’, বাকুরা অঞ্চলের গান ‘কালোজলে কুচলা তলে ডুবল সনাতন’, ‘নাচো গো-কালি’। অনুষ্ঠানে আসা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রমিতা সাহা বলেন, ‘কৃষ্ণকলি পুরোনো দিনের এবং রবীন্দ্রনাথের গান গেয়ে মুগ্ধতার আবেশ ছড়িয়েছেন। আর অনিমেষের সুস্থতা কামনা করছি মনেপ্রাণে।’ তবে তরুণদের পাশাপাশি অনুষ্ঠানে এসেছেন বয়স্করাও। কথা হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কামরুল হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘আজকাল ভালো গান গাওয়া শিল্পীর বড় অভাব। আমাদের সময়ের শিল্পীদের গানের লাইভ অনুষ্ঠান হয় না। নতুনদের মধ্যে কৃষ্ণকলির গান ভালো লাগে। তাই পুরো পরিবার নিয়ে গান শুনতে চলে এসেছি। কৃষ্ণকলির গান আমাকে মুগ্ধ করেছে।’ দর্শকদের মধ্যে চারুকলার অনিমেষের বন্ধুরাও এসেছে গান শুনতে। তাদের সবচেয়ে ভালো লেগেছে সমগীতের গান। সমগীত তাদের ফুলবাড়ি, টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে লেখা গানসহ বেশ কিছু গান পরিবেশন করে।