সুরের উষ্ণতায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ পরিবেশন করছেন এক শিক্ষার্থী
চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ পরিবেশন করছেন এক শিক্ষার্থী

ক্লাস-পরীক্ষার ব্যস্ততা। অ্যাসাইনমেন্ট কিংবা টিউটোরিয়ালের ঝক্কিও কম নয়। মাঝখানের অবসরে আড্ডা। এর মধ্যেই আড্ডায় গলা ছেড়ে গান ধরেন কেউ কেউ। বন্ধুরা উৎসাহ দেন। তাই বলে একেবারে মঞ্চে! অবশ্য আড্ডার শিল্পীরা ভড়কে যাননি। ঠিকই গানে মাত করেছেন।
ক্যাম্পাসের শিল্পী তৈরি করতে ২২ ও ২৩ নভেম্বর চিটাগাং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় ‘ট্যালেন্ট হান্ট ২০১৬’ নামের সাংস্কৃতিক প্রতিযোগিতার। নগরের জামালখানের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি ও কৌতুক পরিবেশন করে মাতিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়, প্রকৌশল, ইংরেজি ও আইন অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
২২ নভেম্বর প্রথম দিনের আয়োজনে ছিল বাছাই ও চূড়ান্ত পর্ব। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেন পরের দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বক্তব্যে উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, সংস্কৃতিচর্চা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশসহ তাদের সমাজের প্রতি দায়িত্ববান হতে সহায়তা করবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের অধ্যাপক আইয়ুব ইসলাম, প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশল বিভাগের িডন নুরুজ্জামান, সহকারী অধ্যাপক আতিকুর রহমা‌ন, রুবেল সেন গুপ্তা, গোলাপ কান্তি দে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান, রিফাত তাসনিম, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ক্লাবের সমন্বয়কারী রোবাকা শামসের, ক্লাবের সহসমন্বয়কারী এমরান হারুন প্রমুখ।
সাংস্কৃতিক আয়োজনের শুরুতে আদিবা সাঈফ শোনান ‘ময়ূরকণ্ঠী রাতেরও নীলে’। এরপর সাইফুল ইসলামের দরাজ কণ্ঠ, ‘যেখানে সীমান্ত তোমার’। এবার নওশাদ রহমান পুরোনো দিনের হিন্দি গান ‘লাগ যা গলে’ গেয়ে আসর জমিয়ে তোলেন।
গানের পর নূপুরের রিনিঝিনিতে মঞ্চ মাতান বহ্নিশিখা দিয়া, সায়মা আকতার ও লুসেরা তাজরিন। এরপর কৌতুক পরিবেশন করেন হাসান সাজ্জিদ। কৌতুকের রেশ না কাটতেই আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন বেনজির বিনতে সাখাওয়াত ও নকশি দাশ। লোকগান করেন ইনতেশার সিদ্দিকী। তারুণ্যের আয়োজনে ব্যান্ডের গান থাকবে না তা কি হয়! ব্যান্ডের গানে পুরো মিলনায়তনই যেন নাচান সৌরভ ধর, মো. শাহাদাত, মোয়াজ্জেম হোসেন ও অমলান ভট্টাচার্য। ছিল ইংরেজি গানও। ব্রেন্ট রিচার্ডসন ও স্টেলা সুদেশনা সাহা সেই ষোলোকলা পূর্ণ করেন। শেষে িছল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহিদ তাহসানের গান। চারটি গানে মুগ্ধতার আবেশ ছড়ান। সেই মুগ্ধতার আবেশে নামে অনুষ্ঠানের পর্দা, যার রেশ থেকে গেল অনেকক্ষণ।