সুরের খেয়ায় নির্বাচিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানো আমি জাদু জানি/ আমার জানা নানা রকম ফুস মন্তর ফুসে’ গানের সঙ্গে সাড়ে তিন বছরের খুদে শিল্পীটি যেন সুরের জাদুতে মায়াজাল বিছিয়ে দিল শ্রোতাদের মনে। সেই প্রথম মঞ্চে উঠে গান, হাতে মাইক্রোফোন। এরপর আর থেমে থাকা নয়, শুধুই এগিয়ে যাওয়ার গল্প। সেই ছোট্ট শিল্পী এখন পুরোদস্তুর গায়িকা। নাম তাঁর নির্বাচিতা বড়ুয়া। এগিয়ে যাওয়ার গল্পটি শুনি নির্বাচিতার মুখে—‘ছোটবেলায় কোনো শুক্রবার বসে থাকিনি। একটা না একটা প্রতিযোগিতায় অংশ নিতাম। একসময় গুনে দেখি আমাদের দুই বোনের পুরস্কারের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। পুরস্কারের ঝুলিতে সেরা অর্জন চ্যানেল আই সেরা কণ্ঠ-২০০৮-এ সপ্তম স্থান।’চট্টগ্রামের মেয়ে নির্বাচিতার গানের হাতেখড়ি মায়ের কাছেই। তিন বছর বয়সে মায়ের কিনে দেওয়া হারমোনিয়াম গানের সঙ্গে সখ্য গড়ে দেয়। যা দিনে দিনে গভীর হয়েছে। অবশ্য পরে কয়েকজন ওস্তাদের কাছে তালিম নেন শাস্ত্রীয় সংগীতে। নির্বাচিতা বলেন, ‘গান আমার রক্তের সঙ্গে মিশে আছে। মা যখন প্রথম হারমোনিয়াম কিনে দেন তখন ঠিকমতো টানতেও পারতাম না, কিন্তু শেখার আগ্রহ ছিল প্রচুর। তাই এত দূর আসা।’ ছোটবেলা থেকে গানের জগতের পরিধি বিস্তৃত হয়েছে নির্বাচিতার। কারণ তাঁর গ্রামের বাড়ি রাউজানের পাহাড়তলী মহামুনিতে সারা বছর কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকত। নির্বাচিতা আর তাঁর ছোট বোন বৃষ্টি এসব প্রতিযোগিতায় গানের পাঁচ শাখায় অংশ নিতেন। নির্বাচিতা বলেন, ‘দেখা যেত, দুই বিভাগে আমি খ শাখায়, আমার বোন ক শাখায়—আমরাই সব পুরস্কার নিয়ে আসতাম। অনেক সময় অনেক সংগঠন আমাদের কাছে ফরমই বিক্রি করতে চাইত না। আমরা ফরম কিনলে অন্যরা নিত না। এটাতে খুব মজা পেতাম। একবার বাবা এক অনুষ্ঠানে আমাদের নিয়ে যান। সেখানে তিনি শুনতে পান, কেউ একজন বলছে, এই নির্বাচিতা-বৃষ্টি মরেও না! যেখানে যাই সেখানে...। এই কথা শোনার পর বাবা বললেন, আজ থেকে এ ধরনের আঞ্চলিক প্রতিযোগিতা বন্ধ। এত বড় কথা বলে ফেলল আমার মেয়েদের নিয়ে!’যা-ই হোক, এরপর আর আঞ্চলিক প্রতিযোগিতায় যেতে হয়নি। জিতে নিলেন জাতীয় শিক্ষা সপ্তাহ, বঙ্গবন্ধু শিশু-কিশোর প্রতিযোগিতা, কুঁড়ি ও কোমল, শাপলা কুঁড়িসহ বেশ কিছু জাতীয় পুরস্কার। শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন সেরা কণ্ঠে। চ্যানেল আই সেরা কণ্ঠে নির্বাচিতার ফরম পূরণ করে দিয়েছিলেন তাঁর এক শুভাকাঙ্ক্ষী। তাঁর আত্মবিশ্বাস ছিল। তিনি বলেন, ‘ওই প্রতিযোগিতা চলার সময় আমি আমার বন্ধুদের যেন নতুনভাবে চিনতে পারলাম। কেউ কেউ তো আমার জন্য মাজারেও মানত করেছে। বাতি জ্বালিয়েছে।’ মজার ব্যাপার হচ্ছে, ছায়াছবির গান রাউন্ডের পর তাঁর কাছে ছায়াছবিতে কাজ করার প্রস্তাব আসে। এবং এখনো বিভিন্ন নাটকে কাজ করার প্রস্তাব পাচ্ছেন। কিন্তু চট্টগ্রাম কলেজের অর্থনীতির তৃতীয় বর্ষের ছাত্রী নির্বাচিতা এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চান। ভবিষ্যতে অভিনয় করার ইচ্ছে আছে কি না জানতে চাইলে তাঁর স্পষ্ট জবাব, ‘না। পড়াশোনা শেষ করে আমি শুধু গানের পেছনে সময় দেব। আমি সত্যিকার অর্থে শিল্পী হতে চাই। আমার গান শুনে যেন মানুষের মন পরিতৃপ্ত হয়, সে রকম পর্যায়ের শিল্পী হতে চাই। আর এটা বিশ্বাস করি, আমি যদি গানকে ভালোবাসি শ্রোতারাও আমার গান শুনবে।’ দৃঢ়তার সঙ্গে বললেন নির্বাচিতা। অভিনয় না হয় হলো না। গানের মানুষটি কি গান নিয়ে ব্যস্ত থাকছেন? হ্যাঁ, নির্বাচিতা এখন একটি ধর্মীয় গানের অ্যালবামের কাজ করছেন। বিভিন্ন টিভি চ্যানেলসহ দেশে-বিদেশের মঞ্চে নিয়মিতই গান গাইছেন। ব্যক্তিগত জীবনে নির্বাচিতা খুব সাদামাটা থাকতে পছন্দ করেন। যার জন্য বন্ধুরাও অনেক সময় বিরক্ত হয়ে যান। ঘোরাফেরা, শপিং—সবকিছুতেই তেমন আগ্রহ নেই। খুব পছন্দের ঘুম।নির্বাচিতার আদর্শ ও অনুপ্রেরণা হৈমন্তী শুক্লা। স্মরণীয় হয়ে থাকবে সেরাকণ্ঠের দিনগুলো। তিনি বলেন, ‘বিচারকদের কিছু মন্তব্য সারা জীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর কণ্ঠে শাকিলা জাফরের ‘ভুলিতে পারি না আমি তারে...’ গানটি শুনে রুনা লায়লা গাব্বার সিংয়ের বিখ্যাত সংলাপ দিয়েছিলেন ‘মোগাম্বু খুশ হুয়া’। কনক চাঁপা বলেছিলেন, ‘তুমি খুব মিষ্টি করে গাও।’ একবার রুনা লায়লা বলেছিলেন, ‘দেখো, আবার গায়িকা থেকে না নায়িকা হয়ে যাও।’নির্বাচিতার এত দূর আসার পেছনে সাহস জুগিয়েছেন তাঁর মা শেলী রানী বড়ুয়া ও বাবা রন্দীপ মুৎসুদ্দী। শুদ্ধ সংগীতচর্চার জন্য বাবার কাছে কৃতজ্ঞ তিনি। কারণ, একটা কথা বা সুর শুদ্ধ না হওয়া পর্যন্ত বাবা বসিয়ে রাখতেন। এদিকে, নির্বাচিতার মা গীতিকারও। তাঁর সুরে বিটিভিতে তিনি গানও গেয়েছেন। নির্বাচিতা গানকেই পেশা হিসেবে নিতে চান।