সুরের টানে
আমি তখন অনেক ছোট, চার কি পাঁচ বছর বয়স হবে। আমার ছোট খালামণি হারমোনিয়াম বাজিয়ে কী মিষ্টি করে গান গাইতেন! আমি অবাক হয়ে শুনতাম। খালার গানের স্যারের কাছে আমিও মাঝেমধ্যে বসে পড়তাম। খালাকে অনুকরণ করতাম। সেই থেকেই সরগমের সঙ্গে আমার প্রথম প্রেম। তারপর যতই বড় হয়েছি, সংগীতের সঙ্গে প্রেমটা ততই প্রগাঢ় হয়েছে। ক্লাস সেভেন কি এইটে পড়ার সময় আমার নিজেরই সংগীতে হাতেখড়ি হলো। আমার স্বরলিপির ডায়েরি, হারমোনিয়াম, আমার গানের দিদিমণি—এসব ছিল ভীষণ প্রিয়। বাবা ঢাকায় বদলি হয়ে চলে আসার পর আমার সংগীতসাধনারও ইতি ঘটল। নিজের টুকটাক রেওয়াজের অভ্যাস থাকলেও সাধনার অভাবে শিল্পী হয়ে ওঠার সাধ অপূর্ণই রয়ে গেল।নিজে শিল্পী হয়ে উঠতে পারিনি তাতে কি, সংগীত আমার জীবনের কোথাও নেই। সংগীতের সঙ্গে বসবাস আমার সর্বত্র। নিজের ভালো লাগায় গান, ভালোবাসায় গান, বিচ্ছেদে গান, আনন্দে গান, উ ৎকণ্ঠায় গান। নিজের মতো করে বেঁচে থাকার প্রতিটি ক্ষেত্রে সংগীত আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। গানকে ভালোবেসেছি বলেই এত স্বতঃফূর্তভাবে বেঁচে আছি। কখনো মন খারাপ থাকলেই গলা ছেড়ে গেয়ে উঠি কোনো প্রিয় গানের লাইন। হতে পারে তা রবীন্দ্রসংগীত কিংবা নজরুলগীতি; অথবা লতা, হেমন্ত, মান্না, কিশোর...। আজ যখন আমার ছোট্ট সোনামণিকে গানের স্যারের কাছে তালিম নিতে দেখি, তখন নিজের অজান্তেই চোখ দুটো কখন যেন ভিজে যায়। মনে পড়ে যায় সেই অনেককাল আগের কথা—একটা গানের খাতা, কিছু এলোমেলো স্বরলিপি, আমার হারমোনিয়াম, গানের দিদি, আর একটা খোলাচুলের শ্যামলা কিশোরী মেয়ে। সে মেয়েটি যে আর কেউ নয়, সে যে আমি। তখন নিজেকেই যেন বারবার ভুল করে চিনি। মিতা মেহজাবিনমোহাম্মদপুর, ঢাকা।