পাবনার ইট-কাঠ, পিচ-পাথর থেকে নির্মল প্রকৃতি—সবই বন্যাকে এক নামে চেনে। কারণ, বন্যার সুর ছুঁয়ে গেছে যে পাবনার দশ দিক! রবীন্দ্র, নজরুল থেকে উচ্চাঙ্গ সংগীত—সব রপ্ত করেছেন পরম মমতায়। তবে সুরের বন্যাকে বন্ধুরা ডাকেন কিন্তু ‘হবু ব্যবসায়ী’ বলে! বন্যার পুরো নাম সাকী রেজওয়ানা। পড়াশোনা করছেন ব্যবসায় প্রশাসন বিভাগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে চৌকাঠ পেরিয়ে এসেছেন পাবনা সরকারি বালিক উচ্চবিদ্যালয় আর সরকারি শহীদ বুলবুল কলেজের। কিন্তু বন্ধুদের হবু ব্যবসায়ী বন্যা স্কুলে যাওয়ার প্রথম দিনটি বেমালুম ভুলেই গেছেন। ঢের মনে রেখেছেন সেই স্নিগ্ধ বিকেলের কথা। যে বিকেলে তাঁর হাতেখড়ি হয় সংগীতে। গানের প্রতি এই ভালোবাসার জন্যই পড়াশোনা আর গান দুটোকেই এগিয়ে নিয়েছেন সমানতালে। আর যাঁদের সান্নিধ্যে সংগীতে পথচলা, ওস্তাদ শফিকউদ্দিন আহমেদ, সুব্রত মজুমদার ও নাসিমা আশরাফ; তাঁদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই বন্যার।ব্যবসায়ী বাবা বাবুল আখতার কখনো দ্বিমত করেননি মেয়ের স্বাধীন সিদ্ধান্তে। আর মা সামসুন্নাহার সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন বন্ধুর মতো। ‘আমার মা তাঁর সময়ে নানা প্রতিবন্ধকতায় গান শিখতে পারেননি, তাঁর সে বাসনা আমাদের দুই বোনকে দিয়ে পূরণ করেছেন। আমাদের পড়াশোনার পাশাপাশি গান শিখতে আগ্রহী করেছেন।’ মা সম্পর্কে বন্যার সরল স্বীকারোক্তি।দিনে দিনে পুরস্কারের ঝুলি যে কত বড় হয়েছে, তা কি একবার হিসাব করে দেখেছেন বন্যা? ‘জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার কিংবা বাংলাদেশ শিশু একাডেমী বা শিল্পকলা একাডেমীর পুরস্কার—সব ছাপিয়ে এখনো আমাকে প্রেরণা জোগায় স্কুলে পাওয়া সেই পুরস্কারগুলো।’আর এদিকে ব্যবসায়ের ‘রিস্ক অ্যান্ড রিটার্নে’র হিসাব কষতে কষতে গড়ে তুলেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। যার মধ্যে সাংস্কৃতিক ক্লাব, ব্লাড ডোনার ক্লাব, স্পোর্টস ক্লাব, নাট্যদল—সবগুলোতেই বন্যার রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ। যেমনটি বন্যা বলছিলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমরা কিছুই পাইনি। সব নিজেরা গড়ে তুলেছি।’ বন্যা সেদিনটির অপেক্ষায়—বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলোয় নিয়মিত সাহিত্য ও সংস্কৃতিচর্চা হবে, বের হয়ে আসবে সুপ্ত প্রতিভা।এ বছরই শেষ হচ্ছে বন্যার স্নাতক পর্ব। স্বপ্ন দেখেন পৃথিবীর ১০০ জন নারী উদ্যোক্তার মধ্যে তিনি হবেন একজন। এ ছাড়া ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম গড়ার ইচ্ছা আছে বন্যার। আর গান? এমন প্রশ্নে বন্যা, ‘গান আমার ভালোবাসা, সেটা তো চলতেই থাকবে।’