নগরের ডিসি হিলে হাজারো দর্শক। ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। সবার পরনে বর্ণিল পোশাক, বৈশাখী আমেজ। মঞ্চজুড়ে আলোর মেলায় মত্ত তাঁরা চোখের খেলায়। গণসংগীত, রবিঠাকুর, নজরুল, অতুলপ্রসাদ, রাগপ্রধানসহ পাঁচমিশালি গানে বুঁদ বেশির ভাগ শ্রোতা। অবশ্য একক গানের শিল্পী বা সম্মেলক গানের দল নির্বাচনে আয়োজকেরাও ছিলেন সতর্ক। কারণ অনুষ্ঠানটি ছিল চট্টগ্রাম বিভাগীয় শাখা বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের। ১৫ এপ্রিল বিকেলে সমন্বয় পরিষদের ‘শুভ যাত্রার লগন এসেছে, কালের শঙ্খ বাজিছে ওই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। তিনি বলেন, সংস্কৃতি জাতিকে পরিশীলিত করে, আলোকিত করে। সংগীত হচ্ছে সংস্কৃতির প্রাণ। সংগীত মানুষের অনুভূতিকে জাগ্রত করে, সৌন্দর্যকে প্রদীপ্ত করে। তিনি চট্টগ্রামের জয়গান, ঐতিহ্যের গৌরবগাথা তুলে ধরে বলেন, চট্টগ্রাম আজ বৈষম্যের শিকার অথচ চট্টগ্রাম চিরদিন অসত্য, অসুন্দরের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছে।পরিষদের বিভাগীয় সভাপতি সংগীতজ্ঞ মিহির নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামসুন্দর শিকদার। পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপেন চৌধুরীর সঞ্চালনে আরও বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য সুচরিত দাশ প্রমুখ। সম্মেলক গানগুলো ছিল উপভোগ্য। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের পটদীপ রাগে নিবদ্ধ রাগপ্রধান গান ‘সজনা মোরি আয়্যে’, নজরুলসংগীত শিল্পী সংস্থার ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’ ও ‘ও গো গ্রীষ্ম তোমায় জানাই সম্ভাষণ’, সংগীততীর্থের ‘মনো জাগো মঙ্গলালোকে আমরা নূতন যৌবনের দূত’, আনন্দধ্বনির ‘আমাদের যাত্রা হলো শুরু’ এবং উদীচীর দুটি গণসংগীতে ছিল নিয়মিত রেওয়াজের ছাপ। আরও ছিল আর্য্যসংগীত ও সংগীত ভবনের আকর্ষণীয় পরিবেশনা। মিহির নন্দী চমক দেখালেন মাইকেল মধুসূদন দত্তের কবিতা অবলম্বনে ‘হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন’ গেয়ে। দরাজ কণ্ঠে রবিঠাকুরের স্বদেশ পর্যায়ের গান ‘ও আমার দেশের মাটি’ গেয়ে আসর মাত করেন মহাদেব ঘোষ। মৃণাল ভট্টাচার্য ‘আমি যুগে যুগে আসিয়াছি মহাবিপ্লব’ নজরুলসংগীতটি গেয়ে দর্শকদের উদ্দীপ্ত করেন। কনকচাঁপা কায়স্থগীরের কণ্ঠে অতুলপ্রসাদের গান ‘সবারে বাসরে ভালো’ আসলেই ভালো হয়েছে। হাসান মিলনের গজল অঙ্গের ‘আজ এই বৃষ্টির কান্না’ এককথায় অপূর্ব।এ ছাড়া জয়ন্তী লালার ‘আমায় নহে গো’, অনিরুদ্ধ সেনগুপ্তের কণ্ঠে চমৎকার একটি হেমন্তের গান, ছায়া কর্মকারের কণ্ঠে স্বদেশ পর্যায়ের গান, বিশ্বজিৎ রায়ের কণ্ঠে লোক আঙ্গিকের গান, তৃপ্তি বিশ্বাসের ‘রূপকথার’ দেশের গানের পরিবেশনাও ছিল মুগ্ধতাজাগানিয়া। সমন্বয় পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটি সফল হয়েছে। যাঁরা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় নজরুল চৌধুরী অ্যাসেটস্কে।’