সুরের ভাষায় লেখাপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরের এমনই শক্তি যে কেবল সুরের উপাসনাই নয়, এই সুরের ভাষায় লেখাপড়ায়ও বেশ উৎসাহী এই প্রজন্মের ছেলেমেয়েরা। এখনো অনেকেরই জানা নেই, এ বিষয়ে ঠিক কোথায় পড়াশোনা করা যায়। সংগীতে স্নাতক কিংবা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য অনেকেই ছুটে যান পার্শ্ববর্তী দেশ ভারতে। বাংলাদেশে সরকারি, বেসরকারি বেশ কিছু বিশ্ববিদ্যালয়েই রয়েছে সংগীত নিয়ে উচ্চতর পড়াশোনার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে রয়েছে এ বিষয়ে পড়াশোনার সুযোগ।সংগীতের প্রতি ভালোবাসা ও অধ্যবসায় থাকলে এ জগতে নিজের কাজের জায়গা করে নেওয়া কঠিন নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপারসন কুহেলী ইসলাম। তাঁর মতে, মিডিয়ায় সংগীত নিয়ে কাজের সুযোগ বাড়লেও যোগ্য এবং এ বিষয়ে দক্ষ লোকের অভাব রয়েই গেছে। অনেকেই আবার এ বিষয়ে আগ্রহ থাকলেও পেশা হিসেবে এর চাহিদা কতটুকু, তা নিয়েও বেশ দ্বিধায় ভোগেন। খালিদ কমল এই বিভাগেরই ছাত্র ছিলেন, বর্তমানে কাজ করছেন বেঙ্গল ফাউন্ডেশনে এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি জানালেন, বাংলাদেশে সংগীত বিষয়ে পড়াশোনার ইতিহাস খুব বেশি দিনের না হলেও এখান থেকে বেরিয়ে অনেকেই শিক্ষক হিসেবে কাজ শুরু করছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। আর সংগীতের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই প্রজন্মের ছেলেমেয়েদের জন্য সংগীতচর্চার পাশাপাশি সংগীতের বিভিন্ন দিক জানার প্রতিও বাড়ছে আগ্রহ। সংবাদ পাঠক লোপা হোসাইন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে সংগীতে মাস্টার্স করছেন। শুধু সংগীত পরিবেশন নয়, এ বিষয়ে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে এখন অনেকেরই। ক্লোজআপ ওয়ান তারকা বিউটি, পুতুল, রিংকুও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স করছেন।কোথায় করবেন পড়াশোনা?ঢাকায় এ বিষয়ে পড়াশোনার জন্য রয়েছে দুটি সরকারি ও দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। যারা উচ্চমাধ্যমিক পাস করেছেন, তাঁরাই আবেদন করতে পারেন অনার্স কোর্সে ভর্তির জন্য। এর জন্য সংগীতের ওপর কোনো কোর্স না করা থাকলেও চলবে। তবে সংগীতে পড়ার মতো যোগ্যতা অবশ্যই থাকতে হবে। একমাত্র সংগীত কলেজ ছাড়া সবগুলোতেই রয়েছে চার বছর মেয়াদি অনার্স কোর্স। সংগীত কলেজে তিন বছর মেয়াদি বি মিউজ ও এম মিউজ করার সুযোগ রয়েছে। জেনে নেওয়া যাক এসব বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা ও সুযোগ-সুবিধাগুলো।ঢাকা বিশ্ববিদ্যালয়চেয়ার নেই, নেই টেবিল। মেঝেতে পাতা কার্পেটের ওপরই বসে চলছে সুরের সঙ্গে বোঝাপড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সংগীত বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় এমনই দৃশ্য চোখে পড়ে। সেরা কণ্ঠের রাফসান মান্নান বা এটিএন তারকা মৃদুলা সমাদ্দারের মতো প্রতিভাবান অনেকেই সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। এই বিভাগের সঞ্চিতা, মিষ্টির স্বপ্ন, পড়াশোনা শেষ করে গানের একটা বেশ সুন্দর স্কুল করবেন ওরা। বর্তমানে এখানে রয়েছে এমফিল ও পিএইচডি করার সুযোগ। এখানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ড. মৃদুল কান্তি চক্রবর্তী, খায়রুল আনাম শাকিল ও কুহেলী ইসলাম। লোকসংগীতে গবেষণায় বিশেষ ভূমিকা রাখছেন এখানকার শিক্ষার্থীরা। ২০১১ সাল নাগাদ এই বিভাগের জন্য অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও ও অডিটরিয়াম তৈরি হয়ে যাবে, যা সংগীতে পড়াশোনার মান আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করেন মৃদুল কান্তি চক্রবর্তী।ভর্তির যোগ্যতা: উচ্চমাধ্যমিকের পর পরবর্তী দুই বছর এই বিভাগে ভর্তির জন্য আবেদন করা যায়। ‘খ’ ও ‘ঘ’ ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তবেই মৌখিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে পড়াশোনা করতে পারবেন এ বিভাগে। আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ দরকার হয় ‘খ’ ইউনিটে ৭, ‘ঘ’ ইউনিটের ক্ষেত্রে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য দরকার হয় জিপিএ ৭ এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৮। চার বছর মেয়াদি অনার্স কোর্সে রয়েছে ১৪৪ ক্রেডিট এবং বর্তমানে আসনসংখ্যা ৩৫। নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ কিংবা লোকসংগীত।রাজশাহী বিশ্ববিদ্যালয়এ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে সংগীত কোর্স চালু হয়েছে ২০০০-০১ সেশন থেকে। তবে এখানকার পড়াশোনার মূল বিষয়টা হচ্ছে উচ্চাঙ্গসংগীত। সংগীত বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডল জানালেন, সংগীতের মতো সাধনালব্ধ সময়সাপেক্ষ বিষয়কে মাত্র পাঁচ বছরে খুব বেশি দূর রপ্ত করা যায় না। তবে পাঁচ বছরে সংগীতের ভিত যাতে পোক্ত হয়, এ লক্ষ্যেই উচ্চাঙ্গসংগীতকে পাঁচ বছরের মূল বিষয় হিসেবে রাখা হয়েছে। মূলত ‘উচ্চাঙ্গ সংগীত’-এর ওপরই ‘ব্যাচেলর অব পারফর্মিং আর্টস’ ও ‘মাস্টার অব পারফর্মিং আর্টস’ ডিগ্রি দেওয়া হয়। উচ্চাঙ্গসংগীতের পাশাপাশি অন্যান্য কোর্স হিসেবে নজরুল, রবীন্দ্র, লোকসংগীত বা তবলা নেওয়া যায়। এ ছাড়া এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক হিসেবে আছেন কৃষ্ণপদ মণ্ডল, অসিত রায়, মাফরুহা হোসেনসহ ১৫ জন।ভর্তির যোগ্যতা: এ বিভাগে আবেদন করতে হলে অবশ্যই উচ্চাঙ্গসংগীতে পাঁচ বছর পড়ার মতো দক্ষতা থাকতে হবে। অনার্স কোর্সে সংগীতে মোট আসনসংখ্যা ১০। ভর্তি হতে চাইলে নাট্যকলা ও সংগীত বিভাগে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অবশ্যই জিপিএ ৬ থাকতে হবে। এখানকার পড়াশোনার ৪০ শতাংশ তত্ত্বীয় ও ৬০ শতাংশ ব্যবহারিক, তাই লিখিত ভর্তি পরীক্ষায় বাছাইয়ের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হয়ে থাকে। আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩ থাকতেই হবে এবং মোট জিপিএ দরকার হবে ৬.৫।শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীতের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান প্রদীপ কুমার নন্দী জানালেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম সংগীতে স্নাতক কোর্স তারাই শুরু করেছিলেন ২০০৩ সালে। শিগগিরই তাঁদের এ বিভাগে শুরু হচ্ছে এমফিল কোর্স। শিক্ষক হিসেবে এখানে লীনা তাপসী খান, লিলি ইসলাম, হারুনুর রশীদ, প্রদীপ কুমার নন্দী কর্মরত।ভর্তির যোগ্যতা: চার বছরের ১২৫ ক্রেডিটের অনার্স কোর্সে ভর্তি হতে চাইলে আপনাকে এইচএসসি পাসের চার বছরের মধ্যেই ভর্তির জন্য আবেদন করতে হবে। এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৬ হলেই ভর্তি হতে পারবেন। নজরুল, রবীন্দ্র ও উচ্চাঙ্গসংগীতে অনার্স কোর্স করা যায়। তবে স্নাতকোত্তরের ক্ষেত্রে নেই কোনো নির্দিষ্ট বয়সসীমা। এক ও দুই বছরের মাস্টার্সে রয়েছে ৩০ ও ৬০ ক্রেডিট। মোট চার বছরে অনার্স কোর্সে মোট খরচের পরিমাণ এক লাখ ২৫ হাজার টাকা।ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভসংগীত নিয়ে পড়াশোনা করলে কেবল কণ্ঠশিল্পীই হতে হবে, এমন কোনো কথা নেই, বললেন এ বিভাগের সমন্বয়ক মমতাজ বেগম। তিনি জানালেন, এখানকার কোর্সগুলো এমন করেই সাজানো, যাতে আপনিও হতে পারেন একজন সংগীত সমালোচক, সংগীত পরিচালক। মিউজিক কম্পোজিশন, সাউন্ড রেকর্ডিং, স্টাফ নোটেশন, মিউজিক অ্যাপ্রিসিয়েশনের ওপর রয়েছে কিছু কোর্স। শিক্ষক হিসেবে এখানে আছেন মোস্তফা জামান আব্বাসী, মৃদুল কান্তি চক্রবর্তী, চন্দনা মজুমদার, ফেরদৌস আরা, সুজিত মুস্তাফা, অসিত দে, তিমির নন্দীর মতো শিল্পীরা।ভর্তির যোগ্যতা: এখানে অনার্স ও মাস্টার্স কোর্সে উচ্চাঙ্গ, নজরুল, রবীন্দ্র ও লোকসংগীত নিয়ে পড়াশোনা করা যায়। ২০০৪ সালে শুরু হওয়া এই বিভাগে চার বছরের অনার্স কোর্সে মোট ১৬৭ ক্রেডিট রয়েছে। চার বছরের কোর্স সমাপ্ত করতে লাগবে এক লাখ ৩৫ হাজার টাকা। ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ লাগবে ৪। দুই বছরের মাস্টার্সে মোট ৮৭ ক্রেডিট রয়েছে, যা সম্পন্ন করতে মোট খরচের পরিমাণ ৬৪ হাজার টাকা।এ ছাড়া সরকারি সংগীত কলেজ থেকে তিন বছরের বি মিউজ করা যায়। সম্প্রতি শুরু হয়েছে মাস্টার্স কোর্স।এ প্রজন্মের ভেতর আছে সংগীত-তৃষ্ণা। খোলা আকাশে ভেসে বেড়ায় বিদেশি সংস্কৃতি। এর মধ্যেও নিজের ভাষার গান ও সুর নিয়ে ভাবছে এই প্রজন্ম। চর্চা ও গবেষণা করছে নিজের সংস্কৃতি নিয়ে, আগ্রহী হচ্ছে সংগীতে। আমরা আশা করতে পারি উজ্জ্বল একটা সংগীতাঙ্গন, যেখানে জেনে, বুঝে ও ভালোবেসে এগিয়ে আসবে বাংলা গানের নতুন প্রজন্ম।