সুরের মানুষের অন্য ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদুষী গিরীজা দেবী
বিদুষী গিরীজা দেবী

তাঁরা সুরের জগতের কৃতী—গুণী শিল্পী। সদ্য শেষ হওয়া বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে এসেছিলেন ঢাকায়। এঁদের মধ্যথেকে কয়েকজনের অন্য ভুবনের কথা তুলে এনেছেন নাসির আলী মামুন

গত ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিন ধরে চলা ‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৩’ অবরুদ্ধ ঢাকাবাসীর প্রাণে এনে দিয়েছে আনন্দ ও স্বস্তির যুগলবন্দী আবহ। এই উৎসবে আসা উপমহাদেশের কৃতী শিল্পীদের বসবাস ছিল গুলশানের হোটেল ওয়েস্টিনে। তাঁদের সান্নিধ্য পেতে আমিও ছুটলাম সেখানে। এরপর তো একাকার হলো দিনরাত।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া
পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া

২৭ নভেম্বর সকাল। ওয়েস্টিন হোটেলে ক্যামেরায় ছবি তোলার পর পণ্ডিত অজয় চক্রবর্তীর দিকে যখন এগিয়ে দিলাম অটোগ্রাফ-খাতা, মনে পড়ল ১৯৭৬ সালে অধ্যাপক আবদুর রাজ্জাকের সামনে বসা আমার কৈশোরের মুখ। ধার করা ছোট্ট অটোগ্রাফ-খাতাটি আমি মেলে ধরেছি রাজ্জাক স্যারের সামনে। তাঁর মতো ব্যক্তিত্বপূর্ণ অমন মানুষকে দিয়ে নিজের হাতে শিক্ষাগত যোগ্যতা, পেশা, শখ ইত্যাদি লিখিয়ে নিয়েছিলাম সেদিন। শুধু তাই নয়, বিভিন্ন রঙের কলমে তিনি স্বাক্ষর করেছিলেন। রাজ্জাক স্যারকে মনে পড়ল, কারণ এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে তাঁকেই। যা হোক, পণ্ডিত অজয় চক্রবর্তীকে বললাম, ছবি এঁকে দিতে। রবীন্দ্রনাথের ছবি আঁকতে আঁকতে তিনি বললেন, ‘আমরা তাঁর জন্যই নিজেদের সঠিকভাবে চিনেছি।’

ওস্তাদ রইস খান
ওস্তাদ রইস খান



এবার শোনা যাক বিদুষী গিরীজা দেবীর গল্প। হোটেলকক্ষে ঠুমরির এই সম্রাজ্ঞী আমাকে বললেন, ‘সংগীত হচ্ছে হূদয়ের আওয়াজ। যার হূদয় আছে, সংগীতের ভাষা উপলব্ধি করার ক্ষমতাও তার অবশ্যই আছে।’ সকালের নরম আলো তাঁর মুখে। আঙুলে কয়েকটি আংটি, হাতে মোটা সোনার বালা, গলায় সোনার চেইন। সবকিছু মিলিয়ে এক জমিদার-নন্দিনীর মতো মুখাবয়ব।

আমি তাঁর কয়েকটি ছবি তুলেছি। তিনি হঠাৎ লক্ষ করলেন, তাঁর গলা খোলা, আর তা ক্যামেরায় চলে আসছে। মুহূর্তে শাড়ি দিয়ে নিজের কণ্ঠ ঢেকে ফেললেন। শরীরে ৮৫ বছরের ছাপ। মুখের বলিরেখা বলে দিচ্ছে, মায়াবি এই মানুষের কণ্ঠ কী জাদুর মায়ায় শ্রোতাদের মুগ্ধ করে চলেছে দীর্ঘকাল।

পণ্ডিত শিবকুমার শর্মা
পণ্ডিত শিবকুমার শর্মা

তাঁর গায়কির প্রশংসায় ব্যাকুল আমি। শুনে তিনি মহা অবাক! যখন ভাবছেন, তাঁর মহা ভক্ত আমি, সে সময়ই আস্তে আস্তে রংতুলিসহ তাঁর হাতে এগিয়ে দিলাম আমার অটোগ্রাফ-খাতা। সঙ্গে এ খাতায় কিছু এঁকে দেওয়ার আবদার।

বাদ্যযন্ত্রের বদলে রং ও তুলি! কিন্তু অবাক হলেন না গিরীজা দেবী। চেষ্টা করেও ঠিকমতো ধরতে পারছিলেন না তুলি। অগত্যা ছোট্ট রঙের টিউব চেপে খাতায় আঁকলেন আধুনিক বাদ্যযন্ত্রের কয়েকটি ছবি। গিরীজা দেবীর ছবি আঁকার বিরল মুহূর্ত ধরে রাখলাম ক্যামেরায়।

একদিন এ সময়ের অন্যতম সেরা সেতারবাদক ওস্তাদ রইস খানের কক্ষে তাঁর সঙ্গে দেখা হলো। কিছুক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে এসেছেন। মনে হলো, হয়তো ছবি তুলতে দেবেন না। কিন্তু শিল্পীর কাছে মতলবটি প্রকাশ করতেই ৭২ বছরের ক্লান্ত ওস্তাদ যেন জেগে উঠলেন। শক্ত করে বাঁধা লাগেজ থেকে বের করলেন প্রিয় সেতার। শীতের একখণ্ড রোদ এসে দেয়ালে লেপ্টে আছে। সে রোদের সামনে বসালাম তাঁকে। রোদমাখা দেয়ালে নিজের মুখ ঠেকিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। আমি তো তখন ছবি তোলার ঘোরে। কয়েক মিনিট পরই জেগে উঠলেন রইস খান। বুঝতে পারলাম, আমাকে তিনি ছবি তোলার বিশেষ ভঙ্গি উপহার দিয়েছেন মাত্র, আসলে নিদ্রা নয়!

পণ্ডিত অজয় চক্রবর্তী
পণ্ডিত অজয় চক্রবর্তী



পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে ছবি তোলার সময় ঠিক হয়েছিল সাড়ে ১১টায়। কলবেল বাজাতে দরজা খুলে দিলেন তিনি নিজেই। লুঙ্গি ও খদ্দরের পাঞ্জাবি পরা কপালে তিলকখচিত। একটু আগেই পূজা সেরেছেন। জানালেন, তাঁর সঙ্গে সব সময় থাকে ছোট্ট একটা পূজার বাক্স।

কক্ষের পর্দা খুলে দিতেই আলো ঠিকরে পড়ল চৌরাসিয়ার মুখে। ক্যামেরায় চোখ রেখে দেখি, তাঁর সবচেয়ে বড় অলংকার বাঁশিটিই নেই। ভয়ে ভয়ে বললাম, গুরুজি, আপনাকে বাঁশি বাজাতে হবে না, শুধু ছবি তোলার জন্য বাঁশিটি যদি হাতে নিতেন...। চৌরাসিয়ার হাত ঘুরে যখন ঠোঁট স্পর্শ করছে তাঁর প্রিয় বাঁশের বাঁশি, ক্যামেরার শাটারে ক্লিক ক্লিক ধ্বনি তুলে অন্য এক আনন্দে মেতে উঠেছি আমি।

পণ্ডিত শিবকুমার শর্মাকে এত সহজেই পেয়ে যাব ভাবিনি। আগেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। কক্ষে ঢুকতেই বুঝলাম, ছবি তোলার জন্য অপেক্ষা করছেন শিল্পী। মুহূর্তেই বুঝে ফেললাম, যা চাইব, আজ সে ভঙ্গিই আমাকে উপহার দেবেন তিনি। ক্যামেরার ভিউ ফাউন্ডারে চোখ দিয়ে শাটারে চাপ দিচ্ছি আমি। তিনি একেকটা ভঙ্গি ফিরিয়ে দিচ্ছেন আমাকে। এরপর সবুজ ও নীল কলমে তিনি আঁকলেন তাঁর প্রিয় যন্ত্র সন্তুর। এতটা আমি তো আশাও করিনি।

উৎসবে যেসব শিল্পী এসেছিলেন, তাঁদের প্রায় সবার মুখচ্ছবি ধরে রেখেছে আমার ক্যামেরা। ভয় ছিল ওস্তাদ রশীদ খানকে নিয়ে। শুনেছিলাম ভীষণ মেজাজী এ শিল্পী। পাব কি পাব না—এই দোলাচলের মধ্যে তাঁকে পেয়ে গেলাম উৎসব শেষে কলকাতায় ফিরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। জানালেন, সারা দিন হোটেলে বসে ক্রিকেট দেখেছেন। এটা তাঁর প্রিয় শখ। এক্ষুনি এয়ারপোর্টে ছুটবেন। তাই দ্রুত ছবি তুললাম। রশীদ খান একেবারে শিশুর মতো আমার ক্যামেরার সামনে মেলে ধরলেন নিজেকে। আমার ক্যামেরা তখন খুঁজে চলেছে কৃর্তিমানের মুখের আদল।