বিকেলের উদ্বোধনী পর্ব পেরিয়ে সন্ধ্যায় শুরু হলো সুরের ঝংকার। পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের এই আয়োজনে মন্ত্রমুগ্ধ দর্শকেরা। প্রতিটি পরিবেশনা শেষে তাই কার্পণ্য ছিল না হাততালির। পর পর দুদিন এই তালির শব্দ ছিল বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে। ২০ ও ২১ মার্চ সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা, বুয়েটে’-এর আয়োজনে সেখানে হয়ে গেল তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব-২০১৩। ‘এক হই একতায়’ শীর্ষক এই উৎসবে বুয়েট ছাড়াও অংশ নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, ব্র্যাক ও শান্ত-মরিয়ম। স্বাধীনতার মাসে আয়োজন, তাই শুরুতেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন স্বাধীনতার বেশ কিছু গান। অনুষ্ঠানে আগত শিক্ষার্থী তাকিয়া তন্বী বলেন, ‘প্রতিবছর এই অয়োজনের জন্য অপেক্ষায় থাকি। অনেক ভালো লাগে আমার। অনেকেই মনে করেন, বুয়েট মানেই যন্ত্রের মতো জীবন। আসলে আমরা যে তেমনটা নই, এই অনুষ্ঠানই তার প্রমাণ।’কথার মধ্যেই থামতে হলো আমাদের। মঞ্চে তখন চলছে শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলোকের পরিবেশনা। মধুবন্তী রাগের ওপর করা এই পরিবেশনা যেন সবাইকে স্তব্ধ করে দিল কিছুক্ষণের জন্য। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের এই আয়োজনকে সাধুবাদ জানান।অনুষ্ঠানের আয়োজক মূর্ছনার সাধারণ সম্পাদক সামির রাফসান চৌধুরী বলেন, ‘এটি আমাদের তৃতীয়বারের আয়োজন। বুয়েটের সাংস্কৃতিক সংগঠন মূর্ছনার মাধ্যমে আমরা চেষ্টা করি, নিজেদের সমৃদ্ধ করতে। কারণ, সংস্কৃতির চর্চাই পারে একজন ভালো মানুষ তৈরি করতে।’ গান, কবিতা, যন্ত্রসংগীতসহ নানা পরিবেশনা ছিল দুই দিনে।আয়োজনের শেষ দিন ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বুয়েটের পরিবেশনা। সন্ধ্যা থেকেই ছিল রবীন্দ্রসংগীত ও নজরুল সংগীতসহ অন্যান্য গানের পরিবেশনা। ‘আলগা করো গো খোঁপার বাঁধন...’ গানের তালে দর্শকেরাও তাল মেলান। সবশেষে ছিল মূর্ছনার পরিবেশনা। তাদের ফিউশনধর্মী অর্কেস্ট্রা পরিবেশনায় তাক লেগে যায় সারা মিলনায়তনে। পরিবেশনার সঙ্গে সঙ্গে রাতও তখন ১০ পেরিয়ে ১১টা। তাই অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ পরিবেশনাটি ছিল গান ও কবিতার মিশেলে ‘যেতে যেতে পথে হলো দেরি’। পথে দেরি হলেও কেউই যেন উঠতে চাইছিলেন না আসন ছেড়ে। অনেকে তাই আক্ষেপ করে বলেন, আবার একটি বছরের অপেক্ষা।