
ছোট্ট মেয়েটা পরেছে সাদা ফ্রক। মঞ্চের উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে সে মিটিমিটি হাসছে আর গাইছিল, ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। কী স্বপ্ন তাঁর? সে কথাই বোধ হয় শোনা হলো ব্লু নোট একাডেমির প্রধান উপদেষ্টা সংগীতশিল্পী নকীব খানের কাছ থেকে, ‘ছোট ছোট ছেলেমেয়ে সত্যিই দারুণ বাজায়। গত এক বছরে ওরা খুব ভালো শিখেছে।’
ব্লু নোট—একাডেমি অব মিউজিক অ্যান্ড আর্টস। গান ছাড়াও গিটার, পিয়ানো, ড্রামস আর বেহালা শেখার ব্যবস্থা আছে ঢাকার বারিধারার এই প্রতিষ্ঠানটিতে। ২২ ফেব্রুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকার আইএসডি (ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা) মিলনায়তনে হয়ে গেল এই সংগীত প্রতিষ্ঠানের এক বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান। সনদ হাতে তুলে নেওয়ার ফাঁকে চমৎকার সব গান আর যন্ত্রসংগীত পরিবেশন করে ব্লু নোটের ছাত্রছাত্রীরা। শুনে নকীব খানের মতোই মুগ্ধতা ছিল আমন্ত্রিত অতিথিদের চোখে-মুখে।
শুরুতেই ছিল পিয়ানোর পরিবেশনা। পিয়ানোর নবগুলোর ওপর জাদুর মতো খেলা করছিল খুদে বিটোভেন-মোৎসার্টদের আঙুল! স্প্যানিশ রোমান্স, মর্নিং সং, রাইট হেয়ার ওয়েটিং, লাভ স্টোরি, আনটিল দ্য লাস্ট মোমেন্টের মতো চমৎকার সব সুর শ্রোতাদের মুগ্ধ করেছে। এরপর একে একে গিটার, বেহালা, গান—প্রতিটি পরিবেশনার পরই শোনা যাচ্ছিল দর্শকের উচ্ছ্বসিত করতালি। খুদে যন্ত্রশিল্পীদের কারও উচ্চতা আর হাতের গিটারের দৈর্ঘ্য প্রায় সমান, ছোট ছোট হাতে কেউ বেহালাটা ঠিক জুতমতো ধরতে পারছিল না। তবে গান আর সুরের প্রতি তাদের প্রচণ্ড আবেগ চোখে পড়ছিল ঠিকই। আলিফ আলাউদ্দিনের উপস্থাপনায় সন্ধ্যাটা তাই দারুণ কেটেছে দর্শকদের।
২০১২ সালে যাত্রা শুরু করা ব্লু নোটের পার্টনার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রেনেসাঁ ব্যান্ডের আরেক জনপ্রিয় সদস্য শাহবাজ খান পিলু। এক বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে ফোয়াদ নাসের বাবু, লাবু রহমানের মঞ্চে হাজিরা দিয়ে জানালেন, তাঁরাও ব্লু নোটের সঙ্গে আছেন।