সুরের মূর্ছনায় অদিতির কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুরের মূর্ছনায় হয়ে গেল অদিতি সংগীত নিকেতনের ১০ বছর পূর্তি অনুষ্ঠান। ২৭ জানুয়ারি নগরের উত্তর কাট্টলী দাশবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অদিতির শিল্পীরা। প্রথম দিন সংগীতাচার্য সুরেন্দ্র লাল দাশ মঞ্চ, দ্বিতীয় দিন শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ মঞ্চ এবং তৃতীয় দিন ফকির লালন শাহ্ ও বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম মঞ্চে গান করেন শিল্পীরা। সংগীত ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন সম্মাননা দেওয়া হয় মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, মো. সেলিম উল্লাহ, মো. সামসুদ্দৌলা, মো. আনোয়ার হোসেন, নৃপেন মজুমদার ও সুজিত আচার্য্যকে। অনুষ্ঠানে বৌ সেজে নাচ করে দ্বীপান্বিতা বড়ুয়া। আলোচনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত করতে হবে। দ্বিতীয় দিন শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ মঞ্চ খুদে শিল্পীদের গান আর নাচে মুখর হয়ে ওঠে। অন্তি দের ছড়া গান ‘বিড়াল ছানা’ ও মিতু দের ‘ভোর হোল দোর খোলো’ বেশ প্রশংসা পায়। এ ছাড়াও গান করে টুম্পা, প্রিয়া দে, তৃষা দাশ, তমালিকা মজুমদার। রাতে শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা চৌধুরী আঞ্চলিক গান গেয়ে দর্শক মাতান। সমাপনী দিন ফকির লালন শাহ্ ও শাহ্ আব্দুল করিম মঞ্চে অদিতির সংগীত, নৃত্য ও তবলা বিভাগের শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান উপস্থাপনা করেন সায়রা রৌশনী।