সুরের যাত্রায় তাঁরা
ঘড়ির কাঁটায় রাত ১২টা। নিস্তেজ হয়ে আসছে কোলহলমুখর নগর। কিন্তু নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন তখনো সরগরম। সুরের ছোঁয়ায় প্রাণবন্ত চারচাশ। চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত বিচারকেরা। প্রতিযোগীদের চেহারায়ও রাজ্যের উৎকণ্ঠা। ঢাকা যাওয়ার টিকিট পাব তো? অবশেষে আসে সেই ক্ষণ। নাম ঘোষণা হয় ১৩ প্রতিযোগীর, যাঁরা যাবেন ঢাকা। এটি ২৪ মে অনুষ্ঠিত ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪-এর অডিশন রাউন্ডের শেষ মুহূর্তের চিত্র।
আগের দিন ২৩ মে নগরের এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে হয় প্রতিযোগিতার বিভাগীয় বাছাইপর্ব। এতে প্রতিযোগীরা সকাল নয়টা থেকে উপস্থিত হয়ে বিচারকদের সামনে সুরের পরীক্ষায় অবতীর্ণ হন। এ দিন চট্টগ্রাম বিভাগের হাজার খানেক প্রতিযোগীকে টপকে দ্বিতীয় রাউন্ডে যায় ৩২ প্রতিযোগী।
নির্বাচিত ৩২ জন পরদিন থিয়েটার ইনস্টিটিউটে দাঁড়ান প্রতিযোগিতার মূল বিচারক শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপুর সামনে। বিকেল পাঁচটায় শুরু হয় প্রতিযোগিতা। শুরুতে সুজন দাশ মঞ্চে এসে পরিবেশন করলেন চট্টগ্রামের মাইজভান্ডারি গান। ‘মাইজভান্ডারে উঠেছে তো হীরের নিশানা’ গানের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতার আসর।
এরপর বহ্নি মুৎসুদ্দি শোনালেন ‘ধিমতানা ধিমতানা’ গানটি। এরপর একে একে প্রতিযোগীরা গান পরিবেশন করতে থাকেন। সেই সঙ্গে চলতে থাকে বিচারকাজ। কখনো বিচারকেরা কণ্ঠ মেলান প্রতিযোগীর সঙ্গে, আবার কখনো শুধরে দেন। ঢাকা যাওয়ার জন্য আটজনকে সুযোগ দেওয়ার কথা থাকলেও শেষে দেখা গেল টিকিট পেলেন ১৩ জন।
সেরা কণ্ঠের পরিচালক ইজাজ খান স্বপন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে সেরা কণ্ঠ প্রতিযোগিতা নিয়ে আগে অনেকবার আসলেও এবারই প্রথম বেশ ভালো লেগেছে। চট্টগ্রামের প্রতিযোগীরা এ বছর অনেক বেশি তৈরি হয়ে এসেছে। ফলে আমরা আটজন নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নিয়েছি ১৩ জনকে। চট্টগ্রামের ছেলে হিসেবে এমন অর্জনে আমি গর্বিত।’ সেরা কণ্ঠের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘জানি না কতটুকু সফল হতে পারব, তবে বাংলা গানকে সবার মুখে মুখে ছড়িয়ে দেওয়াটাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’
এ আয়োজনে সাইদুজ্জামান ‘দিন যায় কথা থাকে’ গান পরিবেশন করে জিতে নেন ঢাকার টিকিট। মিষ্টু দাশ পরিবেশন করলেন ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ রবীন্দ্রসংগীত। এরপর এ গানটিতেই ইবরার টিপুর গিটারের ছন্দে কণ্ঠ দিলেন রেজয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। ফলাফল ঘোষণার সময় দেখা গেল মিষ্টু দাশও জিতে নিয়েছেন ঢাকায় যাওয়ার সুযোগ। এ ছাড়া জিশা শ্যাম ‘ভ্রমর কইয়ো গিয়া’, প্রান্ত তালুকদার ‘আমার মায়ের পায়ে’, জান্নাতুল নাঈম ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, সানজিদা নিশা ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’, অর্পিতা চাকমা ‘বাঁশি আমার বেজে বেজে’, শাপলা পাল ‘ইশারায় শিস দিয়ে’, চৈতি দে ‘ফুলের মালা পরিয়ে দিলেম’ ও রুবেল চৌধুরী ‘তুই যদি আমার হইতি রে’, অভিজিৎ দে ‘এ আকাশকে সাক্ষী রেখে’ গান পরিবেশন করে নির্বাচিত হলেন ঢাকার জন্য।
এ প্রতিযোগিতায় সেরাদের সেরা নির্বাচিত হলেন দুজন। অ্যানি দে ‘নহে নহে প্রিয়’ ও তারেক চৌধুরী ‘আমি তোমাকেই বলে দেব’ গান পরিবেশনের মাধ্যমে অর্জন করেন এ গৌরব। তারেক চৌধুরী প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন নোয়াখালীর মাইজদী থেকে। তিনি বলেন, ‘গতবার সেরা কণ্ঠের মূল পর্বের প্রতিযোগিতায় সেরা ২০ জনের মধ্যে ছিলাম আমি। আশা করছি এবার গতবারের চেয়েও ভালো কিছু করে দেখাতে পারব।’ অ্যানি দে বলেন, ‘ভালো লাগছে খুব ঢাকায় যাওয়ার সুযোগ পেয়ে।’
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বিভিন্ন কারণে অন্য বিভাগের বাছাইপর্বে আমার যাওয়া হয়নি। চট্টগ্রামের বাছাই পর্বের প্রতিযোগীদের দেখে আমি খুশি। যারা এখানে গাইল তাদের অনেকেই খুব ভালো করেছে। বিশেষ করে তারুণ্যের রবীন্দ্রসংগীতের প্রতি আকর্ষণ আমাকে মুগ্ধ করেছে।’
উল্লেখ্য, ইজাজ খান স্বপনের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইতে প্রতি শুক্র ও মঙ্গলবার রাত সাতটা ৫০ মিনিটে ফিজ আপ চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৪ এর প্রতিযোগিতার পর্ব প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন সিজিল মির্জা।