সুরের সঙ্গী ‘মান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানকুমারী চাকমার সবকিছুতেই যেন ‘সারগম’ মিশে থাকে। তিনি কথা বললেই গান হয়ে যায়। হেসে উঠলেই ঝরে পড়ে সুর। আজন্ম সুরের সঙ্গী মান ইতিমধ্যে পাড়ি দিয়েছেন বেশ খানিকটা পথ। আর পথে পথে কুড়িয়েছেন কিছু স্বীকৃতি ও সম্মান। ‘মান’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা। তাই বলা চলে, নামকরণের সার্থকতা রক্ষা করে চলেছেন তিনি।যখন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তিনি, তখন অংশ নিয়েছিলেন জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায়। পেয়েছিলেন রবীন্দ্রসংগীতে প্রথম পুরস্কার, নজরুলসংগীতে দ্বিতীয় পুরস্কার আর ধ্রুপদি সংগীতে তৃতীয় পুরস্কার। এ ছাড়া স্কুল-কলেজের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে কত পুরস্কার যে পেয়েছেন, তার ইয়ত্তা নেই।গান গেয়েছেন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আদিবাসীদের নিয়ে নির্মিত অনুষ্ঠান ’লোক-লোকালয়ে’ এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন আদিবাসীকেন্দ্রিক অনুষ্ঠানে।‘স্কুল ও কলেজে পড়ার সময় নিয়মিতই এসব অনুষ্ঠানে গাইতাম আমি।’ নিকট অতীতের গল্প শোনাচ্ছেন মান। আমরা শুনতে চাই আরও পেছনের গল্প। মান হাসতে হাসতে মেলে ধরেন পুরো স্মৃতির ঝাঁপি। আমরা সেই স্মৃতিময় গল্প থেকে জানতে পারি রূপময় চাকমা ও মল্লিকা চাকমা দম্পতির একমাত্র সন্তান তিনি। বেড়ে উঠেছেন খাগড়াছড়ির প্রাকৃতিক পরিবেশে। পড়ালেখা করেছেন খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল এবং খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এখন পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে।মা-বাবা দুজনেই সরকারি চাকুরে। খাদ্য পরিদর্শক বাবা আর স্বাস্থ্য পরিদর্শক মা শিশুবেলায় মানকে পরিচয় করিয়ে দেন শিল্পের সঙ্গে।‘যখন ক্লাস টুতে পড়ি, তখন মূলত নাচ শেখার জন্য ভর্তি হই খাগড়াছড়ির বাংলাদেশ শিশু একাডেমীতে।’ শিল্পের পথে পা ফেলার শুরুর গল্প বলছেন তিনি। ‘কিন্তু নাচের চেয়ে গানই আমাকে বেশি টানত। নাচ-গান দুটোরই তালিম চলল একসঙ্গে। পরে বেছে নিলাম শুধু গানকেই। ক্লাস সিক্স থেকে উচ্চাঙ্গ সংগীত শিখছি ওস্তাদ প্রভাকর বড়ুয়ার কাছে। আমার গান শেখার ক্ষেত্রে তাঁর অবদান সবচেয়ে বেশি, তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’সংগীতচর্চার বিভিন্ন ধাপ পেরোতে পেরোতেই পার্বত্য অঞ্চলে পরিচিত মুখ হয়ে ওঠেন মান। স্কুল-কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান তো বটেই, গান গাইতে শুরু করেন বিভিন্ন কনসার্টেও।গান ছাড়াও মানকুমারী কবিতা আবৃত্তি ও ছবি আঁকতে ভালোবাসেন। তবে তা অনিয়মিতভাবে। নিয়মিত কেবল সুরের সাধনাই করেন। কারণ, গান নিয়েই যে তাঁর যাবতীয় স্বপ্ন। ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী গান আমি ছড়িয়ে দিতে চাই সারা বিশ্বে। পাশাপাশি বাংলা গান নিয়েও করতে চাই নিরীক্ষাধর্মী কাজ।’ মানের কণ্ঠে তখন আত্মবিশ্বাস আর সুরের স্বপ্ন খেলা করছে।