সুরেলা ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান মাহমুদুল। ছবি: খালেদ সরকার
ইমরান মাহমুদুল। ছবি: খালেদ সরকার

সাম্প্রতিক সময়ের একটা বিষয় নিয়ে আমি কিছুটা বিরক্ত। কিছুটা না, অনেকটাই। এখন অডিওতে গান শুনে শিল্পীর মান সম্পর্কে বোঝার কোনো উপায় নেই। সফটওয়্যারের কারণে যেকোনো শিল্পীর কণ্ঠ শতভাগ সুরে–তালে নিয়ে আসা খোসা থেকে চিনাবাদাম খুলে খাবার মতোই সহজ। আমার গুরু স্যার এ আর রাহমান এই বিষয়টি নিয়ে বলেছেন, ‘কণ্ঠে সফটওয়্যার
অবশ্যই ব্যবহার করব, কিন্তু সেটা বিশেষ আবহ তৈরি করার জন্য। প্রকৃত সুরে গাইবার শিল্পী আমার কাছে অনেক আছে।’
বছর দুই–তিন আগে টিভিতে লাইভ শো চলছে, আমি পাশের রুমে বসা। আমার বাবা সত্য সাহার সুর করা খুব কঠিন একটা গান ‘ঐ দূর দূর দূরান্তে...’ একটি ছেলে গাইছে। আমার বুক ধুকধুক করছে—এই বুঝি বেসুরো গাইল! কিন্তু না, চমকে গেলাম শেষ পর্যন্ত শুনে। চমৎকার গাইল ছেলেটি। দৌড়ে এসে দাঁড়ালাম টেলিভিশনের সামনে ছেলেটি কে, তা দেখার জন্য। আরে, এ তো আমাদের সেরা কণ্ঠের প্রথম রানারআপ ইমরান। দেখে ভালো লাগল।

ইমরান মাহমুদুল। ছবি: খালেদ সরকার
ইমরান মাহমুদুল। ছবি: খালেদ সরকার

সত্যি কথা, সেদিনও কিন্তু ভাবিনি, ইমরান ওর কণ্ঠ দিয়ে এত তাড়াতাড়ি সবার হৃদয়ে জায়গা করে নেবে। ওর প্রথম প্লেব্যাক ছিল ভালোবাসার লাল গোলাপ চলচ্চিত্রে। সেই চলচ্চিত্রের আবহ সংগীত করার দায়িত্ব ছিল আমার ওপর। সিনেমার আবহ সংগীত করার কারণে ইমরানের গানটা অনেকবার শোনা হয়েছে। যতবারই শুনেছি একটু অবাক হয়েছি। কারণ, ইমরানের সঙ্গে যিনি সহশিল্পী ছিলেন, তাঁর সঙ্গে প্লেব্যাক করতে গেলে যেকোনো নতুন শিল্পীর জ্বর চলে আসার কথা। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীন। ইমরানের সেদিন গায়ে জ্বর এসেছিল কি না জানি না, কিন্তু কণ্ঠে যে জোর ছিল, সেটা গান শুনলে বোঝা যায়। দারুণ গেয়েছে গানটি। শুনে আরও ভালো লাগল।
ইমরানের সঙ্গে আমার প্রথম উল্লেখযোগ্য কাজ, এস এ হক অলীকের ছবি আরো ভালোবাসব তোমায়। প্রযোজক খসরু ভাই এবং অলীক ভাই—দুজনেরই অনুরোধ, ইমরানকে দিয়ে যেন একটি গান গাওয়ানো হয়। আরে ভাই, আমি তো আগে থেকেই রাজি, কেন নয়? আমার শুরু চলচ্চিত্রে প্রথম গাওয়ালাম ওকে দিয়ে। তবে প্রথম যে কথাটা বলেছিলাম সফটওয়্যার ব্যবহার নিয়ে। না, ইমরানের কণ্ঠে সুর আনতে আমাকে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয়নি। আবারও একই ঘটনা, গাওয়াতে গিয়ে আরও বেশি ভালো লাগল।
এরপর থেকে এখন পর্যন্ত ইমরানের সঙ্গে বেশ কিছু কাজ হয়েছে। প্রতিটি কাজ ও নিষ্ঠার সঙ্গে করেছে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ তৃপ্ত হয়, থামেনি। একের পর এক ‘টেক’ দিয়ে গেছে। আর এক রেকর্ডিংয়ে আমি ওর পারফরম্যান্সে এতই আবেগপ্রবণ হয়ে যাই, ওকে বলেই ফেলি—তুমি এখনকার সময়ের মুম্বাইয়ের প্লেব্যাক গায়কদের চেয়ে কোনো অংশে কম নও। সত্যিই তো, আমাদের ইমরান মাহমুদুল কম কিসে। ইমরানের চোখজুড়ে আসে স্বপ্ন। তবে স্বপ্ন অনেকেই দেখে কিন্তু বাস্তবে আনতে পারে কয়জন। কারণ, সম্পর্কে বাস্তবে রূপ দেওয়াটাই কঠিন, সেটা যে করে সে–ই জানে। আমি জানি তোমার স্বপ্নগুলো একদিন বাস্তবে ঠিকই রূপ দেবে। সেই বিশ্বাস আছে তোমার ওপর। আমার আশীর্বাদ, তুমি তোমার স্বপ্নের চেয়ে বড় হও।
লেখক: সংগীত পরিচালক