
মান্না দে, কিশোর কুমার, সন্ধ্যা মুখার্জি, সলিল চৌধুরী, শচীন দেববর্মন ও হেমন্ত মুখোপাধ্যায় শ্রোতাদের মনে পোক্ত আসনে আছেন আজও। এই কালজয়ী শিল্পীদের গান হৃদয়ে দাগ কাটে বারবার। তাই হারানো দিনের গান মানেই মিলনায়তনভর্তি শ্রোতা।
গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজিত গানের আসরেও এর ব্যতিক্রম হয়নি। কানায় কানায় পূর্ণ টিআইসি। শ্রোতারা তিন ঘণ্টা কাটিয়েছেন সুরের আবেশে। ‘এ শুধু গানের দিন’ শিরোনামে অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন শিল্পী শাহরিয়ার খালেদ ও মালবিকা দাশ। অনুষ্ঠানের আয়োজন করে একাডেমি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজ।
সুরেলা সন্ধ্যার এ আয়োজন উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। এরপর শুরু হয় গান। শুরুতে শিল্পী শাহরিয়ার খালেদ ও মালবিকা দাশ যৌথ কণ্ঠে পরিবেশন করেন ‘পৃথিবী আমারে চায়’ গানটি। এরপর একক। শাহরিয়ার খালেদ গেয়ে শোনান দুটি গান ‘ওগো বন্ধু’ ও ‘আমার একদিকে শুধু তুমি’। মালবিকা দাশ পরিবেশন করেন ‘তুমি না হয় রহিতে কাছে’ ও ‘হয়তো কিছুই নাহি পাব’। এবার আবার দ্বৈত কণ্ঠের গান। মালবিকা দাশ পরিবেশন করেন ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’ শিরোনামের গান। এ গানের হিন্দি রূপ গেয়ে শোনান শাহরিয়ার খালেদ।
কখনো একক, কখনো দ্বৈত কণ্ঠে গানের পরিবেশনায় শিল্পীরা মুগ্ধ করেন দর্শকদের। শাহরিয়ার খালেদ পরিবেশন করেন ‘যেন কিছু মনে করো না’, ‘যায় দিন এমনি যদি’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’, ‘শ্যামলা মেয়ের ডাগর চোখে’, ‘সজনী গো রজনীকে’সহ বেশ কয়েকটি হিন্দি গান। ‘চৈতি ফুলের কি বাঁধিস’, ‘মনে করো আমি নেই’, ‘ঘুম ঘুম চাঁদ’, ‘মায়াবতী মেঘে এলো তন্দ্রা’, ‘এ গানের প্রজাপতি’সহ একটি কাজরা পরিবেশন করেন মালবিকা দাশ। তাঁরা দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘চম্পা চামেলী’ ও ‘কেন কিছু কথা বলো না’ গান দুটি। এভাবেই কেটে যায় প্রায় তিন ঘণ্টা। সন্ধ্যা পেরিয়ে রাত। ঘড়ির কাঁটা তখন রাত ১০টা। ভাঙে গানের আসর।