সুলতানার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত ক্লাস ও পড়াশোনা পাপিয়া সুলতানার স্বপ্নপূরণে সহায়ক হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট থেকে ২০০৯ সালের (২০১০ সালে অনুষ্ঠিত) বিএসএস-সম্মান পরীক্ষায় প্রথম হয়েছেন পাপিয়া। তিনি জিপিএ-৪ এর মধ্যে ৩.৭৩ পেয়েছেন। শুধু চূড়ান্ত পরীক্ষাতেই নয়, প্রথম বর্ষ থেকে প্রতি পরীক্ষাতেই তিনি প্রথম হয়েছেন।কলেজ পাস করে নিজের মতো করে থাকা, বন্ধুদের সঙ্গে চুটিয়ে গল্প করা, এমন স্বাধীনতা কে না চায় এই বয়সে! ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় ভালো করে পাপিয়া সেই সুযোগটা পেয়ে যান।খুলনার ডুমুরিয়ায় মাধ্যমিক আর বয়রা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করলেও এবার ভিন্ন কোনো বিষয় নিয়ে স্নাতক পড়ার আগ্রহ জন্মায় তাঁর। এ কারণেই ভর্তি পরীক্ষার পর বেছে নেন সমাজকর্ম বিষয়টিকে।‘মা-বাবা ও পরিবারের সবার ইচ্ছা ছিল আমি চিকিৎসক হই। কিন্তু আমার ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সুযোগও পেলাম। আমার বাবা ছিলেন একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক। তাই শিক্ষক হওয়ার ইচ্ছাটা হয়তো আমার রক্তের মধ্যেই লুকিয়ে আছে। বাবা বেঁচে নেই। তিনি আমার এ সাফল্যে খুব খুশি হতেন।’ বলছিলেন পাপিয়া।খুব ধীরস্থির পাপিয়া একা থাকতেই বেশি পছন্দ করেন। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের লেকচার অনুসরণ করা ও প্রতিদিন ক্লাসে যা পড়ানো হয়েছে, তা ওই দিনই শেষ করা। এভাবে বাসায় প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ ঘণ্টা পড়াশোনা করাটাকেই ভালো ফলের রহস্য হিসেবে মানছেন বইপড়ুয়া এ ছাত্রী।‘নিজেই নোট করতাম ও শিক্ষকদের কাছ থেকে সেটা দেখিয়েও নিতাম। ভালো ফলের পেছনে আমার শিক্ষকদের অনেক বড় অবদান রয়েছে। প্রত্যেক শিক্ষক আমাকে উৎসাহ দিয়েছেন। মাঝেমধ্যে বিভাগের বড় আপু-ভাইয়াদের কাছ থেকেও সাহায্য পেয়েছি।’ বলছিলেন পাপিয়া।সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘পাপিয়া অত্যন্ত মনোযোগী শিক্ষার্থী এবং সে নিয়মিত পড়াশোনা করত। সে প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী। আশা করি, এ আত্মবিশ্বাস দিয়েই সে অনেক দূর এগিয়ে যাবে।’২০০৫ সালে বাবাকে হারানোর পর থেকেই মা-ভাইকে নিয়ে তিনজনের সংসার। তবে ভাই চাকরির কারণে ফরিদপুরে থাকায় মায়ের সঙ্গেই সময় কাটে পাপিয়ার। মেয়ের স্বপ্নপূরণ এখন মা মমতাজ বেগমেরও স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে সমাজকর্ম নিয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাতে চান মেয়েকে।পাঠ্যবইয়ের বাইরে গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন পাপিয়া।