সুশাসন প্রতিষ্ঠা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি বৈষম্য, তাদের ওপর নির্যাতন প্রতিরোধে দেশে নানা আইন রয়েছে। তার পরও দেশে নারীর প্রতি সহিংসতা হয়েই চলেছে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খানের সঙ্গে।

এলিনা খান
এলিনা খান

প্রথম আলো: আমাদের দেশের নারীরা এখনো নানাভাবে বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছে। কেন এমনটা হচ্ছে?
এলিনা খান: মূলত সমাজের পুরুষতান্ত্রিক মনোভাব নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের মূল কারণ। তবে আমাদের দেশের নারীরা শুধু যে পুরুষ দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে তা নয়, নারীরা নারীদের দ্বারাও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। সমাজব্যবস্থায় পুরুষতান্ত্রিকতা যেমন আছে, তেমনি অনেক নারীর পুরুষতান্ত্রিক মনোভাব আছে। যেমন অনেক পরিবারে দেখা যায় মায়েরাই তাঁদের মেয়েদের বাবার বাড়ির সম্পত্তি দিতে চান না। তাঁরা চান ছেলেরাই সব সম্পত্তি পাক। এভাবে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করা হয় পরিবার থেকে। এ ছাড়া নাগরিক হিসেবে যে অধিকার রাষ্ট্র দিয়েছে, সব নারী সেটা ভোগ করতে পারছে না। একজন মুসলিম নারী যেসব সুবিধা ভোগ করে, একজন হিন্দু নারী সেসব সুবিধা পায় না। একজন হিন্দু নারী কোনো অবস্থাতেই পিতা বা স্বামীর সম্পত্তির অধিকারী হবে না। এখানে নারীতে নারীতে বৈষম্য হচ্ছে।
প্রথম আলো: কীভাবে নারীদের এই সংকটের নিরসন সম্ভব?
এলিনা খান: সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এর মাধ্যমেই নারীর প্রতি বৈষম্য বন্ধ করা সম্ভব। পারিবারিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শুধু পরিবারে নয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়—সব ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। নারীদের স্বাস্থ্য নিরাপত্তা ও সুশিক্ষার প্রতি প্রাধান্য দিতে হবে। এ জন্য সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। স্থানীয় সরকার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করলে নারীদের প্রতি সহিংসতা অনেক কমে আসবে। এ ছাড়া গণমাধ্যমও ভূমিকা রাখতে পারে। তাহলে নারীদের এই অবস্থানের অনেক পরিবর্তন হবে।
প্রথম আলো: সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তাবায়ন হচ্ছে না কেন? বাধাগুলো কোথায়?
এলিনা খান: সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তখনই হবে যখন রাষ্ট্রযন্ত্রের পরিচালনার সঙ্গে যুক্ত প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ও মন-মানসিকতায় পরিবর্তন আসবে। সিডও সনদ কী তা সবাইকে জানাতে হবে। এ জন্য স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা—সব জায়গার কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করতে হবে। সিডও সনদ কেন বাস্তবায়ন হওয়া প্রয়োজন তা সবাইকে বোঝাতে হবে। যতক্ষণ প্রত্যেকের কাছে সিডও সনদের বিষয় পরিষ্কার না হবে, ততক্ষণ নারীর এই সংকট থাকবে।
প্রথম আলো: নারীর প্রতি সহিংসতা নিরসনে নারী সংগঠনগুলোর ভূমিকা আছে কি?
এলিনা খান: আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিরসনের ক্ষেত্রে নারী সংগঠন, মানবাধিকার সংগঠনসহ সচেতন মানুষের ব্যাপক অবদান আছে। সরকারের পাশাপাশি এসব সংগঠন এগিয়ে না এলে আজ নারীদের অবস্থা আরও খারাপ হতো। তবে সরকারকে আরও কাজ করতে হবে। এসব সংগঠনের সঙ্গে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করতে হবে।
সাক্ষাৎকার নিয়েছেন সুচিত্রা সরকার