পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান বিভিন্ন আইন ও বিধির মধ্যে সংগতি না থাকায় সুশাসন প্রতিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগগুলো উপজেলা পরিষদেও হস্তান্তর হয়েছে। পাশাপাশি অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও এসব বিভাগ সরাসরি তদারক করছে। এতে প্রশাসনিক ব্যবস্থাপনায় হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ৪ মে ‘পার্বত্য আইনসমূহ সুষমকরণ’ শীর্ষক এক কর্মশালায় অংশগ্রহকারী জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা এমন অভিজ্ঞতার কথা বলেছেন। জেলার শহরতলির মেঘলা পর্যটন মোটেল মিলনায়তনে আয়োজিত কর্মশালায় অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ ও বোমাং রাজার প্রতিনিধি চসিং প্রু চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ। এ ছাড়া জনপ্রতিনিধি, স্থানীয় সরকারবিষয়ক গবেষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান আইনগুলোর প্রতিস্থাপনমূলক অবস্থা (ওভারল্যাপিং), পারস্পরিক সঙ্গতিহীনতা ও নানা সাংঘর্ষিক দিক তুলে ধরেন আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা।
আলোচনায় করতে গিয়ে আইনজীবী মাধবি মারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা পরিষদের আইনসহ বিদ্যমান আইনগুলো সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদের সঙ্গে আরও অধিকতর সুসংহত করা দরকার। অন্যথায় সংবিধানের আলোকে কেউ চ্যালেঞ্জ করলে প্রশ্নবিদ্ধ হতে পারে।
রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা বলেছেন, জেলা পরিষদ আইনে ভূমি মালিকানা প্রদান ও হস্তান্তরে জেলা পরিষদের পূর্ব অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু জেলা প্রশাসন মালিকানা হস্তান্তরে ওই আইন মেনে চলছে না।
জেলা শিক্ষা কর্মকর্তা পূরবী চৌধুরী বলেছেন, বান্দরবানে বদলি হওয়ার পর আট মাস কেটে গেলেও এখনও কে প্রকৃত ঊর্ধ্বতন কতৃর্পক্ষ তা তাঁর পক্ষে জানা সম্ভব হয়নি।
জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা বলেছেন, একই বিভাগে বহু সংখ্যক নিয়ন্ত্রণকারী সংস্থা থাকায় প্রশাসনিক জটিলতা বেড়েছে। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সভাই করে যাচ্ছেন। কাজ–কর্ম করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বিভিন্ন আইন ও বিধির মধ্যে অসঙ্গতি যেমন রয়েছে, তেমনি বিভিন্ন আইন বোঝেন এমন দক্ষ লোকও কম। মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্তাব্যক্তিরাও পার্বত্যচুক্তি ও এ অঞ্চলের বিদ্যমান আইন সম্পর্কে ধারণা রাখেন না। এ জন্য কাজ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।