সুশির স্বপ্ন
স্কেটিং করতে ভালোবাসেন মার্কিন তরুণী সুশি হ্যালসেল। স্কেটবোর্ড দিয়ে তিনি কীভাবে হাসি ফোটালেন ঢাকার পথশিশুদের মুখে?

সুশি হ্যালসেল থাকেন ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়ায়। সেখানে তাঁকে প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হয় একটি সুপার শপের রেফ্রিজারেটরের ভেতর! সহজ করে বললে, সুশির কাজটা হলো একটি আস্ত রেফ্রিজারেটরের ভেতর রাখা মাছ-মাংস প্রক্রিয়াকরণ করা। হররোজ শূন্য ডিগ্রি তাপমাত্রায় থেকে যে তরুণী অভ্যস্ত, তাঁকে যদি দেখা যায় ঢাকায় দুপুরের কড়া রোদে ঘেমে–নেয়ে পথশিশুদের সঙ্গে স্কেটিং করতে ব্যস্ত, অবাক হবেন না। এটা তাঁর শখ, ভালো লাগা, নেশাও বলতে পারেন।


সুশি স্কেটিং ভালোবাসেন। তাই বলে যুক্তরাষ্ট্র থেকে এতটা পথ পাড়ি দিয়ে ঢাকার পথশিশুদের সঙ্গে স্কেটিং করতে আসা কেন? উত্তরটা মিলবে তাঁর নিজস্ব ব্লগে। ২০১৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় তিনি তাঁর ব্লগে লিখেছিলেন—
‘এখানকার বাচ্চাদের আমি সত্যিই মিস করব। তাদের সঙ্গে সময় কাটিয়ে আমি শিখেছি, প্রত্যেক মানুষের জীবনই কত বিচিত্র! যুক্তরাষ্ট্রে প্রতিটি দিন ব্যস্ততায় কাটে ঠিকই, তবে তাদের কথা খুব মনে পড়ে। তাদের সঙ্গে সময় কাটিয়ে যে আনন্দ পেয়েছি, জীবনের কঠিন সময়েও সেটি আমাকে সাহস আর শক্তি দেবে। যতবার তাদের সঙ্গে স্কেটিং করতে রিকশায় চেপে রওনা হয়েছি, বুকের ভেতর অদ্ভুত একটা ছটফটানি টের পেয়েছি। যেন আমি একটি পার্টিতে আছি, আর পার্টির ডিজে আমার সবগুলো প্রিয় গান মিক্সিং করতে শুরু করেছে!’
সুশি আপু
ঢাকার একটি কফি শপে তাঁর মুখোমুখি বসার সুযোগ হলো ১৯ আগস্ট। সুশির এটি চতুর্থবার বাংলাদেশ সফর। সুশি বলছিলেন, ‘স্কেটবোর্ড বাচ্চাদের চুম্বকের মতো টানে। খুব দ্রুত স্কেটবোর্ডিং শিখে নিতে পারে। ওরা এটাকে বলে গাড়ি! আমাকে পেলেই ছোটখাটো একটা জটলা হয়ে যায়।’ জটলা হবে না-ই বা কেন, এই বিদেশিনীর সঙ্গে স্কেটবোর্ডিং করতে যে ভীষণ মজা, সেটা ঢাকার পথশিশুরা জানে। বসুন্ধরা আবাসিক এলাকা, জিয়া উদ্যান, সাভার স্মৃতিসৌধ...এমন কিছু কিছু জায়গায় আছে সুশি হ্যালসেলের ভক্তদল। এরই মধ্যে তারা সুশিকে সুশি আপু ডাকতে শুরু করেছে। ইংরেজিতে ম্যাম ডাকতে গিয়ে কেউ কেউ মম বলে ফেলে, সুশির বেশ লাগে! দুষ্টুমি করে অনেকে ডাকে মানি। ‘শুরুতে আমার কাছে টাকা চাইত। কাছে এসে বলত, “মানি মানি।” এখনো তা-ই দুষ্টুমি করে অনেকে মানি আপা ডাকে। আমি অবশ্য কখনোই তাদের “মানি” দিই না। হলুদ দাঁত নিয়ে দুষ্টুগুলো ঘুরে বেড়ায়। তাই কখনো কখনো টুথব্রাশ দিই। কারও কারও চর্মরোগ আছে, তাদের ওষুধ কিনে দিই।’ খুদে বন্ধুদের সম্পর্কে বলতে গিয়ে সুশি হাসেন।
ভালোবাসা কারে কয়
সেদিন কফি শপে সুশির সঙ্গে হাজির হয়েছিলেন এক তরুণী। সুশি হ্যালসেল পরিচয় করিয়ে দিলেন ‘মাই ফ্রেন্ড’ বলে। নাম রিফাত সুলতানা। রিফাতের পরিবারের সঙ্গে পরিচয়টা হয়েছিল হুট করেই। সেই থেকে বন্ধুত্ব। এখন বাংলাদেশে এলে সুশি তাঁদের বাসায়ই থাকেন। আড্ডার এক ফাঁকে রিফাত সুলতানা বলছিলেন, ‘সুশি আমাদের বাড়ির একজন হয়ে গেছে। ও আমার বাবাকে বাবা ডাকে, মাকে মা ডাকে। গতবার যখন ও চলে গেল, ভীষণ কান্না করেছিলাম। আম্মুও কাঁদতেন। প্রতিদিন স্কাইপে কথা হতো। তবু ওকে মিস করতাম।’
রিফাতের কাছে বাংলা শিখছেন ক্যালিফোর্নিয়াবাসী তরুণী। শেখাটা যে ভালোই এগিয়েছে, বোঝা গেল সুশির ফেসবুক প্রোফাইল দেখে। ফেসবুকে পথশিশু আর রিফাতদের পরিবারের সঙ্গে তাঁর অনেকগুলো ছবি চোখে পড়ল। সুশি হ্যালসেল সেগুলোর মধ্যে একটি ছবির অ্যালবামের নাম দিয়েছেন ‘সখী ভালোবাসা করে কয়’!

সার্ফিং থেকে স্কেটিং
শুধু স্কেটবোর্ডিং নামের সমতল জায়গায় চাকা লাগানো বোর্ডের ওপর দাঁড়িয়ে কসরত দেখানোর খেলা নয়, সার্ফিংয়েও আছে সুশির আগ্রহ। সার্ফিংয়ের টানেই প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ২০০৭ সালে। অসুস্থ হয়ে পড়ায় সেবার খুব বেশি দিন থাকা হয়নি। পরের বার এ দেশে পা রেখেছেন ২০১১ সালে।
‘আমি চ্যালেঞ্জ ভালোবাসি। তাই আবার ফিরে এসেছিলাম। বাংলাদেশে স্কেটিং করার মতো ভালো জায়গা নেই। ইচ্ছা ছিল, এখানে একটা স্কেটপার্ক (স্কেটিং করার উপযোগী জায়গা) তৈরি করব।’ শুরুর দিকের স্কেটপার্কের স্বপ্ন এখন আগের চেয়ে একটু বড় পরিধি পেয়েছে। ‘স্কেটপার্কে এসে পথশিশুরা আনন্দ করবে। স্কুল তো আমি খুলতে পারব না, তবে তাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেব। ছুটির পর তারা স্কেটপার্কেই থাকবে।’ সুশির স্কেট পার্ক তৈরির স্বপ্নপূরণের পথে নানা রকম বাধা এসেছে। কিন্তু সেই বাধা ছাড়িয়েই এগিয়ে যেতে চান সুশি। শূন্য ডিগ্রি তাপমাত্রায় কঠোর পরিশ্রম করেও পথশিশুদের মুখে হাসি ফোটানোর ভাবনা আসে যে তরুণীর মাথায়, তাঁর ওপর খানিকটা আস্থা তো রাখাই যায়।

স্কেটিং বৃত্তান্ত
স্কেটবোর্ডিংয়ের জন্ম ক্যালিফোর্নিয়ায়। মূলত চাকাযুক্ত সার্ফিংবোর্ড তৈরি করতে গিয়েই স্কেটবোর্ড তৈরি হয়েছিল।
১৯৫৯ সালে প্রথম বাণিজ্যিকভাবে স্কেটবোর্ড তৈরি হয়, যার চাকাগুলো ছিল কাদামাটির তৈরি।
১৯৭৬ সালে ফ্লোরিডায় প্রথম স্কেটপার্ক নির্মাণ করা হয়।
স্কেটবোর্ডিং বিশ্বের একটি জনপ্রিয় খেলা। এই খেলার প্রচলন আছে, এমন দেশগুলোয় জনপ্রিয়তার বিচারে স্কেটবোর্ডিংয়ের অবস্থান ষষ্ঠ।
অনেক দেশেই স্কেটবোর্ড ‘বাহন’ হিসেবে ব্যবহৃত হয়। এমনকি ছাত্রছাত্রীরা স্কেটবোর্ড ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।
স্কেটবোর্ডিং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর মাধ্যমে অতিরিক্ত মেদ ও হৃদ্রোগের ঝুঁকি কমে।
স্কেটিংয়ের সময় হাত, পা ও চোখের সমন্বয় খুবই জরুরি। তাই এটি মানুষের মনোযোগ বাড়ায়।
সূত্র: ফ্যাক্টস ডটকম