সুশীল প্রভার ছেলে হারানোর বেদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মতো কপাল পোড়া মনে হয় পৃথিবীতে আর কেউ নেই। স্বামী ইন্দ্রসেন চাকমা (৭০) অন্ধ, মেয়ে লিপিকা চাকমা (৩৩) প্রতিবন্ধী। আমিও বয়সের ভারে কাজ করতে পারি না, তার মধ্যে ছেলেটাকেও হারালাম। আমার মৃত্যু হয় না কেন? ১৫ মাস ধরে সয়ে আসছি সন্তান হারানোর বেদনা, আর তো পারি না, বাবা!’পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন সুশীল প্রভা চাকমা (৬৫)। ১৫ মাস আগে রাঙামাটি যাওয়ার পথে খুন হন তাঁর ছেলে বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের উত্তর পাবলাখালী গ্রামের জনসংহতি সমিতির নেতা টিপু চাকমা। টিপুরা ছিলেন দুই ভাই ও দুই বোন। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু প্রতিবন্ধী মেয়ে লিপিকা চাকমার একটি হাত অবশ, প্রায় অসুস্থ থাকেন। টিপু চাকমার মৃত্যুর পর পরিবারে অভাব হানা দেয়। এখন অর্ধাহারে জীবন কাটে তাঁদের। জানা যায়, ২০০৯ সালের ২৩ অক্টোবর সারোয়াতলী ইউনিয়নের শিজক বাজারে দিনদুপুরে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টিপু চাকমাকে। দক্ষিণ পাবলাখালী গ্রামের মিহির চাকমাসহ রাজনৈতিক সংঘর্ষে অনেক পরিবার স্বজন হারিয়েছে। ১৩ মার্চ সরেজমিনে দেখা গেছে, টিপুর মৃত্যুর পর বাড়িতে কেউ থাকেন না। বাড়ির আধা কিলোমিটার দূরে রাস্তার পাশে ছোট্ট দোকান দিয়েছেন টিপুর মা সুশীল প্রভা চাকমা। দোকানে হাজার দেড়েক টাকার মালামাল আছে। টিপুর মৃত্যুর পর অনেকে সাহায্যের আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেননি। থানা সূত্রে জানা গেছে, পার্বত্যচুক্তির পর বাঘাইছড়ি থানায় ১১টি হত্যা মামলা হয়েছে। খুন হয়েছেন ১৫ জন। অপহরণ হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এ ছাড়া থানায় মামলা হয়নি এমন ঘটনা ঘটেছে ২৫টি। সমপ্রতি এক ধর্মীয় সভায় শিজক মুখ সর্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ অভয়তিষ্য মহাথের বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাত ও সংঘর্ষ বন্ধ করা জরুরি। আর নয় হানাহানি, আর নয় মারামারি। সংঘাতে কোনো দিন সমাধান হয় না বরং অশান্তি হয়। টিপু চাকমার বাবা ইন্দ্রসেন চাকমা প্রথম আলোকে বলেন, ‘টিপুর মৃত্যুর পর বাড়িতে হাহাকার চলছে। আমি চোখে দেখি না, আমার মেয়েও প্রতিবন্ধী। অভাব আর অসুখের মধ্যে বেঁচে আছি।’বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুর রহমান বলেন, ১১ মামলার মধ্যে কিছু মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিছু মামলার মীমাংসা হয়েছে। বাকিগুলোর তদন্ত চলছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাঈম উদ্দিন বলেন, ‘কোন মামলা কোন অবস্থায় আছে দেখতে হবে। কিছু মামলার এখনো তদন্ত চলছে।’