পটিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন প্রার্থীরা। আগামী ২৮ জুন অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় একাধিক প্রার্থী এমন আশঙ্কা প্রকাশ করেন। ১৫ জুন অনুষ্ঠিত এ সভায় দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছৈয়দ অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁর সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছেন। একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেলিমও তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে একই রকম অভিযোগ করেন। ছনহরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রশিদ অভিযোগ করেন, কয়েকজন প্রার্থী ভোট কেনার চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এহছান এলাহী, অতিরিক্তি পুলিশ সুপার নজরুল ইসলাম।