সুষ্ঠু নির্বাচন নিয়ে আ.লীগের প্রার্থীদেরই সংশয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতি (সন্তু) সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাঘাইছড়ির এমন চারটি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি আওয়ামী লীগের প্রার্থীদের। এই চারটি ইউনিয়ন হলো রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী, বাঘাইছড়ি, মারিশ্যা ও খেদারমারা। এসব ইউনিয়নের মধ্যে সরোয়াতলী বাদে বাকি তিনটিতেই আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ জুন। উপজেলায় আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫৩ হাজার ৯৬২। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন। সংরক্ষিত নারী পদে ৬৭ জন ও সাধারণ সদস্য পদে ১৮৯ জন। ৭৭টি কেন্দ্রের মধ্যে পৌরসভার বাইরের প্রায় কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ২৭টি কেন্দ্রকে। সড়ক যোগাযোগের ব্যবস্থা না থাকায় অনেক কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার।
বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন অভিযোগ করে বলেন, জনসংহতি সমিতির (সন্তু) সশস্ত্র সদস্যরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ফলে সাধারণ ভোটাররা আতঙ্কের মধ্যে রয়েছেন। গত কয়েক দিন ধরে সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে গেছে। যেসব ইউনিয়নে জেএসএস প্রার্থী দিয়েছে, সেসব ইউনিয়নে নির্বাচনী কোনো আমেজ নেই। প্রশাসন যদি নিরপেক্ষ নির্বাচন করার পরিবেশ সৃষ্টি না করে, আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি। জনসংহতি সমিতি (সন্তু) বাঘাইছড়ি উপজেলার সভাপতি প্রভাত কুমার চাকমা বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে কোনো ভোটার বা প্রার্থীকে চাপ দেওয়া হচ্ছে না। ভোটারদের দলে টানতে না পেরে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে ভোট দেবেন বলে জানিয়েছেন।’
বাঘাইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অলিভ চাকমা বলেন, ‘অস্ত্রের মুখে সাধারণ ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। জনসংহতি সমিতি–সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়া না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমার ইউনিয়নে নির্বাচনের কাজে জড়িতদের কাজ না করার জন্য বলে দেওয়া হচ্ছে।’
তবে বাঘাইছড়ি ইউনিয়নের জনসংহতি সমিতি (সন্তু) সমর্থিত প্রার্থী সুনীল বিহারি চাকমা বলেন, ‘আমি কোনো ভোটারকে আমার প্রতীকে ভোট দেওয়া জন্য চাপ বা হুমকি দিচ্ছি না। এলাকায় আমার গ্রহণযোগ্যতা আছে বলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
মারিশ্যা ও খেদারমারা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করেছেন। তবে সেসব অভিযোগও অস্বীকার করেছে জনসংহতি সমিতি।
বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘মারিশ্যা, বাঘাইছড়ি ও খেদারমারা ইউনিয়নের কিছু ঘটনার কথা শুনেছি আমরা। তবে লিখিত কোনো অভিযোগ কেউ দেননি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনের নির্বাচনী প্রস্তুতি শেষ হয়েছে। ইতিমধ্যে দুর্গম এলাকার দুটি কেন্দ্রে হেলিকপ্টারযোগে সব সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রার্থীদের আশঙ্কার কথা বিবেচনা করে অতিরিক্ত র্যা ব, বিজিবি ও সেনাবাহিনী চাওয়া হয়েছে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, সবই করবে প্রশাসন।