সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীদের সংশয়
সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়নে আজ অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। কয়েক দিন ধরেই একাধিক ইউনিয়নের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী পক্ষের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে নির্বাচন কার্যালয়ে অভিযোগ করেছেন। তবে প্রশাসন ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বলে নিশ্চিত করেছে। উপজেলার ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ইউনিয়নে ৪৮ জন চেয়ারম্যান পদে, ৩৭২ জন সাধারণ সদস্য (মেম্বার) পদে এবং ৮২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারসংখ্যা দুই লাখ ১২ হাজার ৭৫৫ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৭৮৭ জন এবং মহিলা ৯৯ হাজার ৯৬৮ জন। ৮৮টি ভোটকেন্দ্রে ৮৮ জন প্রিসাইডিং, ৫৯৮ জন সহকারী প্রিসাইডিং এবং এক হাজার ১৫৬ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, ‘৪৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে একজন করে উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ছয়জন পুলিশ ও ১৫ জন আনসার থাকবেন। এ ছাড়া র্যাব সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন।’ তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীসহ ভোটারদের মধ্যেও শঙ্কা রয়েছে। কুমিরা ইউনিয়নের জাসদ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আ ফ ম মফিজুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের লোকজন তাঁর সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন।’ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রতিপক্ষের হুমকি পাওয়ার কথা জানিয়ে লিখিত অভিযোগ করেছেন, সলিমপুর ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী মো. কবির হোসেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী মো. আব্দুর রউফ প্রথম আলোকে জানান, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নয়টি ইউনিয়নে নয়জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।’