সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোস্টার ব্যানারে ছেয়ে গেছে সীতাকুণ্ড উপজেলা। ছবিটি কদমরসুল এলাকা থেকে তোলা । প্রথম আলো
পোস্টার ব্যানারে ছেয়ে গেছে সীতাকুণ্ড উপজেলা। ছবিটি কদমরসুল এলাকা থেকে তোলা । প্রথম আলো

আজ রাত ১২টায় শেষ হচ্ছে সীতাকুণ্ড উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা। ভোট গ্রহণের জন্য উপজেলা প্রশাসন প্রায় সব প্রস্তুতি শেষ করেছে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছু এলাকার ভোটার ও প্রার্থীদের মনে রয়েছে শঙ্কাও। সংশ্লিষ্ট প্রার্থীরা নিজ নিজ দলের পক্ষে থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করেছে। ১৫ মার্চ শনিবার এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আইন অনুসারে নির্বাচনের ৩২ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়। সে হিসেবে আজ রাত ১২টায় প্রচারণা শেষ হবে। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি। সেনাবাহিনীর দলটি আজ উপজেলায় আসার কথা রয়েছে।
উপজেলায় মোট ভোটার রয়েছে দুই লাখ ৫৮ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩৭ হাজার ৮২১ জন ও মহিলা ভোটার এক লাখ ২০ হাজার ৬১২ জন। পুরো উপজেলায় কেন্দ্র রয়েছে ৮২টি।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের পক্ষ থেকে কেন্দ্রগুলোকে অতিগুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৪২টিকে অতি গুরুত্বপূর্ণ, ২৪টি গুরুত্বপূর্ণ ও ১৬টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ প্রার্থী নির্বাচন সুষুম হওয়া নিয়ে শঙ্কায় আছেন। তাঁরা মনে করছেন প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকেরা কেন্দ্র দখল, প্রার্থীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন। সন্দেহভাজন কেন্দ্রের তালিকাও তৈরি করেছেন তাঁরা।
এ বিষয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী দিদারুল ইসলাম মাহমুদের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বারৈয়ারঢালাসহ উপজেলার ১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কাজী সিরাজ জানান, তাঁদের পক্ষ থেকে সৈয়দপুর, বারৈয়ারঢালা ও ছলিমপুর ইউনিয়নের সবকটি কেন্দ্রসহ ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জামায়াতের প্রার্থী মোস্তফা নূর জানান, তাঁরা ঝুঁকিপূর্ণ তালিকা হিসেবে ৫৮টি কেন্দ্রকে চিহ্নিত করেছেন। তাঁর অভিযোগ, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। দলের নেতা-কর্মীরা পুলিশের ভয়ে এলাকায় আসতে পারছেন না। বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচার ও মিডিয়া কমিটির আহ্বায়ক শওকত হোসেন জানান, বারৈয়ারঢালা ও ছলিমপুর ইউনিয়নের সব কটি কেন্দ্র, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিএনপি মনে করছে।
আওয়ামী লীগের প্রার্থী এস এম আল মামুনের তালিকায়ও বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা, রহমতনগর, পৌরসদরের ইয়াকুব নগরসহ ১০কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংখ্যালঘু পরিবার, বিশেষ করে জেলেদের ভোটকেন্দ্রে না যেতে বিএনপি-জামায়াতের লোকজন হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রত্যেক প্রার্থীই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। গুরুত্ব অনুসারে কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্য বেশি বা কম দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করেন।