সুস্থ ও মননশীল প্রকাশনা জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম বলেছেন, ‘সুস্থ ও মননশীল প্রকাশনা জাতির জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে। এ জন্য প্রয়োজন ব্যাপক পড়াশোনা। কিছু জানতে বা বুঝতে হলে বইয়ের কোনো বিকল্প নেই।’ তিনি গত ২৯ জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বলাকা প্রকাশনের তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বইগুলো হচ্ছে— মোহাম্মদ আলী অনূদিত সিলেক্টেড পয়েম অব হাসান হাফিজুর রহমান এবং খালেদা হানুমের আত্মজীবনীমূলক বইস্মৃতির কথামালা ও গল্পগ্রন্থ অপরাহ্নের আলো। আবৃত্তিকার রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। স্বাগত বক্তব্য দেন বলাকা প্রকাশনের পক্ষে সাংবাদিক জামাল উদ্দিন। আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ আলী, গল্পকার মহীবুল আজিজ, গুরুপদ চক্রবর্তী, অধ্যক্ষ আনোয়ারা আলম, সাংবাদিক এজাজ ইউসুফী প্রমুখ। মোহাম্মদ আলী বলেন, ‘এ বইতে হারিয়ে যাওয়াকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করেছি মাত্র। পাঠকমহলে বইটি সমাদৃত হলেই শ্রম সার্থক হবে।’ খালেদা হানুম জানান, ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। প্রেরণা, আনন্দ ও তাগিদের তাড়নায় লিখেছেন। যতদিন বাঁচবেন ততদিন যেন তাঁর হাত সচল থাকে—এ জন্য তিনি সবার কাছে দোয়া চান। অনুষ্ঠানে আবৃত্তি করেন তামান্না দিলরুবা আলী ও ছড়া পাঠ করেন তালুকদার হালিম। বিজ্ঞপ্তি।