
ঘুমের সঙ্গে খাওয়াদাওয়ার কোনো সম্পর্ক আছে কি? মনে করুন, গত রাতে আপনার ভালো ঘুম হয়নি। এ ক্ষেত্রে গতকাল কী কী খেয়েছিলেন, সেগুলো কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বটে। বিজ্ঞানীরা বলছেন, আপনার খাওয়াদাওয়া ও বিপাকক্রিয়া ঘুমকে প্রভাবিত করতে পারে। যাঁদের ঘুমের সমস্যা আছে, তাঁদের জন্য বিষয়টা আরও বেশি জরুরি। স্রেফ খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এনে তাঁদের ঘুমের উন্নতি ঘটানো সম্ভব। কীভাবে—তা জেনে নিন:
ট্রিপটোফ্যান ও ঘুম
ট্রিপটোফ্যান হচ্ছে এমন একটি স্নায়ু-রাসায়নিক, যা ঘুম আনতে সাহায্য করে। সন্ধ্যার পর ট্রিপটোফ্যানসমৃদ্ধ খাবার আপনার ঘুমে প্রশান্তি এনে দিতে পারে। এ জন্য ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করা যেতে পারে। যেসব শিশু ঘুমাতে চায় না, তাদের জন্যও ম্যাজিকের মতো কাজ দেবে এই গরম দুধ। যেকোনো দুগ্ধজাত খাবারের সঙ্গে খানিকটা শর্করা এই উপকারিতা আরও বাড়িয়ে দেয়। রাতের খাবারে দুধ দিয়ে কর্নফ্লেক্স বা যেকোনো সিরিয়াল, খানিকটা দই বা পনির, সঙ্গে এক-আধটা বিস্কুট বা রুটি চমৎকার হবে। ট্রিপটোফ্যান আছে এমন অন্যান্য খাবার হচ্ছে বাদাম, বীজজাতীয় খাবার, ডিম, মধু ও কলা।
খালি পেটে ঘুমানো ভালো?
রাতে খেলে খারাপ লাগে, পেট ফেঁপে ওঠে। ভালো ঘুম হয় না। এই ভেবে অনেকে রাতের খাবার একেবারেই বাদ দিয়ে দেন ঘুমের আশায়। ব্যাপারটা কিন্তু উল্টো। খালি পেটে ঘুমালে বরং ঘুমের ব্যাঘাত ঘটবে বেশি। সমস্যাটা হলো, রাতে অনেক বেশি ভরপেট খাওয়া বা উচ্চ ক্যালরিসম্পন্ন খাবার খাওয়া। এতে বিপাকক্রিয়া বেড়ে যায়, খাবার হজম করতে অনেক বেশি শক্তি ক্ষয় করতে হয়। ফলে ঘুমের ব্যাঘাত হয়। তাই রাতে অবশ্যই খাবেন, তবে হালকা খাবার। আর খাবার খাওয়াটা সেরে ফেলবেন ঘুমানোর যথেষ্ট আগে, যাতে হজম ও বিপাক প্রক্রিয়া শোবার আগেই অনেকটা সম্পন্ন হয়ে যায়।
কফি-চা রাতে নয়
ক্যাফেইন স্নায়ুকে উজ্জীবিত করে। তাই শোবার আগে কফি বা চা পান করলে সহজে ঘুম না-ও আসতে পারে। যাঁদের অনিদ্রা আছে তাঁরা শোবার অন্তত ছয় ঘণ্টা আগে থেকে চা-কফি-চকলেট ইত্যাদি ক্যাফেইনসমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। কিছু ওষুধও রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। যেমন: ডাইইউরেটিক গোত্রের রক্তচাপের ওষুধ, ব্যথানাশক ইত্যাদি। চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কী কী ওষুধ রাতের পরিবর্তে দিনে খাওয়া উচিত। নিকোটিনও মস্তিষ্ককে উত্তেজিত করে। তাই সিগারেটও ঘুমের শত্রু। অনেক মসলা আছে এমন খাবারও রাতে খাওয়া ঠিক নয়। কেননা, মসলা নিজেই বিপাকক্রিয়াকে বাড়িয়ে দেয়, স্নায়ুগুলোকে উজ্জীবিত করে। তাই রাতে বেশি তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। তার ওপর যেসব খাবারে গ্যাস্ট্রিক বাড়ে, গলা-বুক জ্বলে এড়িয়ে চলুন সেগুলোও। গ্যাস্ট্রিকের রোগীরা অবশ্যই রাতের খাবার সেরে ফেলবেন শোবার অন্তত চার থেকে ছয় ঘণ্টা আগে। বয়স্ক মানুষের রাতে বাথরুমে বারবার যাওয়ার প্রয়োজন পড়ে, তাই পানি বা তরলজাতীয় খাবারও সন্ধ্যার পর কম পান করুন। সূত্র: ওয়েবএমডি|