সুস্থ জীবন ফিরে পেল এক হাজার তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন নোঙর ১০ বছরে জেলার বিভিন্ন স্থানে মাদকাসক্ত ৯৮৭ জন তরুণকে সেবা দিয়ে সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছে। তাঁরা এখন পরিবারের বোঝা না হয়ে সামাজিক নানা কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছেন। মাদকাসক্ত আরও শত শত তরুণ যুবককে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কর্মসূচি নিয়েছে নোঙর। শহরের বাইপাস সড়কে স্থাপিত নোঙর সেন্টারের সম্মেলনকক্ষে ১ এপ্রিল আয়োজিত সংগঠনের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে নির্বাহী পরিচালক দিদারুল আলম এসব তথ্য উপস্থাপন করেন। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে কেন্দ্রে আয়োজন করা হয় কয়েক শ মানুষকে বিনা মূল্যে হেপাটাইটিস-বি, রক্তের বিভাগ (গ্রুপ) নির্ণয় ও সাধারণ চিকিৎসাসেবা। বিকেলে কেন্দ্রের সম্মেলনকক্ষে চলে মাদকমুক্ত শহর প্রতিষ্ঠা নিয়ে মুক্ত আলোচনা সভা। নোঙরের সভাপতি ওমর শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, পর্যটনশহর কক্সবাজারে মাদকের ছড়াছড়ি। টেকনাফ সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মিয়ানমারের নেশার বড়ি ইয়াবা টেকনাফ, উখিয়া, কক্সবাজারসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। ইয়াবা সেবন করে হাজার হাজার তরুণ-যুবক ধ্বংস হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ইয়াবা, হেরোইনের চালানসহ সরবরাহকারী লোকজনকে গ্রেপ্তার করলেও মাদক পাচারের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। ফলে মাদক পাচার বন্ধ হয় না। নোঙর মাদকাসক্ত লোকজনকে সেবা দিয়ে সুস্থ করার পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। নোঙরের উপদেষ্টা ও চিকিৎসক চন্দন কান্তি দাশ বলেন, কক্সবাজার জেলার অন্তত ২০ হাজার তরুণ-যুবক মাদকাসক্ত হয়ে পড়েছে। ইয়াবার পাশাপাশি বহু যুবক সুঁইয়ের মাধ্যমে মাদক নিচ্ছে। এতে এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে নোঙরের মতো অন্যান্য প্রতিষ্ঠানেরও এগিয়ে আসা উচিত। বিনা মূল্যে কোনো সাহায্য-সহযোগিতা ছাড়া নোঙরের কর্মীরা সমাজের জন্য যা করছে তা জাতি মনে রাখবে। ভালো কাজ করছে বলে নোঙর জেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কার পেয়েছে। আলোচনায় অংশ নেন নোঙরের নির্বাহী সদস্য নুরুন্নাহার বেগম, বেসরকারি সংস্থা পালস ও সিলেট যুব একাডেমির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, আবুল কালাম সরকার প্রমুখ। শেষে নোঙরের সদস্যরা নাটিকা, গান, আবৃত্তি পরিবেশন করেন।