
মশা মারতে যেমন কামান দাগানোর দরকার হয় না, তেমনি সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে খুব বেশি পরিবর্তনেরও কিন্তু দরকার নেই। যেটা দরকার সেটা হলো সচেতনতা। সচেতন হতে হবে খাওয়া-দাওয়ায়, আর খানিকটা চালচলনে। বড় ধরনের পরিবর্তন না এনেই কেমন করে সুস্থ থাকা যায়; আসুন, জেনে নেওয়া যাক।

প্রথমেই সকাল, দুপুর আর রাতের খাবারটা খেতে হবে ঠিক সময়ে। কী খেতে হবে এবং কী খেতে মানা জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহারের কাছে। তাঁর মতে, সকাল, দুপুর কিংবা রাত-যে সময়েই খাবারই খান না কেন, ঘরে তৈরি খাবারেই উদরপূর্তি সারা ভালো।
কেমন হবে সারা দিনের খাবার, সেটাও জেনে নেওয়া যাক এবার।
সকালের খাবারে তাই ভাত, রুটি, ডিম রাখতে পারেন। যদি পরোটা খেতে ইচ্ছে হয়, অবশ্যই খেতে পারবেন, তবে সেই পরোটা ঘরেই বানিয়ে নিন। দোকানের পরোটা কিংবা সবজিতে থাকে ডালডা কিংবা বহুবার ব্যবহৃত তেল। নিয়মিত এগুলো খেলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। এ ছাড়া উচ্চ রক্তচাপ এবং ওজন বাড়ার শঙ্কা তো থাকছেই।
মধ্য সকালে, শিঙাড়া, সমুচা, রোল কিংবা স্যান্ডউইচ খান অনেকেই। এগুলো বাদ দিতে হবে। ক্ষুধা লাগলে খান ননিবিহীন দুধ, সঙ্গে খেতে পারেন কয়েক টুকরো পাউরুটি। কিংবা বিস্কুট খেতে পারেন প্রয়োজনে। এ ছাড়া গলা ভেজাতে খেতে পারেন ফলের রস। চাইলে টকজাতীয় ফলও খেতে পারেন ইচ্ছেমতো। ওজন বাড়ার ভয় থাকবে না।
কর্মজীবীরা অনেকে দুপুরে প্যাকেটজাত খাবারেই অভ্যস্ত থাকেন। পোলাও, তেহারি, বিরিয়ানির প্যাকেটগুলোই দুপুরের খাবারের জন্য জনপ্রিয়। কিন্তু এই খাবারগুলোতে থাকে প্রচুর পরিমাণে অসম্পৃক্ত চর্বি। যেটি উচ্চ রক্তচাপের জন্য দায়ী। হৃদ্রোগও ডেকে আনে এই খাবারগুলো। দুপুরে এসব খাবার থেকে দূরে থেকে সহজ-সরল মাছ, মাংস, সবজি কিংবা ডালের প্যাকেজের দিকেই নজরটা রাখুন।
রাতের খাবার দেরি করে না খেয়ে, আগেই খাওয়ার চেষ্টা করুন। প্রায় সবকিছুই খেতে পারবেন যেমন মাছ, মাংস, ডিম, সবজি। তবে প্রয়োজনের অতিরিক্ত খাবেন না। খাওয়ার পর প্রয়োজনীয় কাজগুলো সেরে নিন। খেয়েই ঘুমাতে গেলে ঠিকমতো হজম হবে না। অ্যাসিডিটি হওয়ার প্রবণতা বাড়বে।
সন্ধ্যা রাতে খেলে ঘুমাতে যাওয়ার আগে আবার ক্ষুধা লাগতে পারে। সে ক্ষেত্রে দুধ, দই, খইয়ের মতো সহচপাচ্য খাবারগুলো খেতে পারেন।
পোলাও বিরিয়ানির মতো মজাদার খাবারগুলো তো জীবন থেকে ছেঁটে ফেলা যাবে না। তাই যেদিন অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাবেন, সেদিন শারীরিক পরিশ্রমের মাত্রাটাও খানিকটা বাড়িয়ে দিন।
শারীরিক নানা ধরনের ব্যায়াম করে, শরীরকে বশে রাখা যায়। কিন্তু এই লেখাতে প্রথম থেকেই বলে আসছি, দৈনন্দিন জীবনযাপনে বড় ধরনের পরিবর্তন না এনে কেমন করে শরীর ঠিক রাখা যায়। তাই কষ্টসাধ্য ব্যায়াম না করে অন্য কোনো উপায় আছে কি না জানতে চেয়েছিলাম ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের প্রশিক্ষক মো. মনিরুজ্জামানের কাছে। তিনি জানালেন, ‘সহজ উপায় হলো হাঁটা। টানা ৪০ থেকে ৪৫ মিনিট হাঁটলে রক্তে চলমান চর্বি ফুরিয়ে আসে। তখন শরীরের সঞ্চিত চর্বি খরচ হওয়া শুরু হয়।’ তাই অফিস থেকে বাড়ি ফেরার পথে, খানিকটা পথ হেঁটেই ফিরুন। শারীরিক সক্ষমতা থাকলে অফিস কিংবা বাড়িতে লিফট ব্যবহার না করে, সিঁড়িতে চড়ুন। হাড় ও হার্ট দুটোই ভালো থাকবে।