সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য শরীরচর্চা
দর্শক আসনে বসে আছেন বয়োবৃদ্ধ ওস্তাদ আবুল ফজল। তিনি একাধারে মিস্টার রাওয়ালপিন্ডি, মিস্টার পাকিস্তান ও মিস্টার বাংলাদেশ। ছোটখাটো মানুষটি নিজের যৌবনের সোনালি সময়ে শরীরচর্চা করে এ খেতাবগুলো অর্জন করেছিলেন। মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে নতুন প্রজন্মের শরীর গঠন প্রদর্শনী দেখতে দেখতে তাঁর নিজের সুসময়ের কথা নিশ্চয় মনে পড়েছে সেদিন।অনেক প্রতিকূলতার মধ্যে সেদিন আবুল ফজল কিংবা তারও পরে মনতোষ ঘোষেরা শরীরচর্চা করে যেতেন। তাঁদের হাত ধরে শরীর গঠন আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে চট্টগ্রামে। তরুণ প্রজন্মের কেউ কেউ উপলব্ধি করতে থাকেন শরীরের বিকল্প নেই। তবে এ শরীর গঠন অনেকটা চলছিল বিচ্ছিন্নভাবে। ২০১০ সালে চট্টগ্রাম শরীর গঠন সমিতি গড়ে তোলার মধ্য দিয়ে এটা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা হয়েছে।সেই সমিতির আয়োজনে গত শুক্রবার হয়ে গেল উন্মুক্ত শরীর গঠন প্রদর্শনী। প্রদর্শনীর স্লোগানটাও ছিল চমৎকার—‘মাদকাসক্তি ও ধূমপানের বিরুদ্ধে সুস্থ দেহ ও সুন্দর মন গড়া’। এতে অংশ নেন ২০টি ব্যায়ামাগারের অন্তত ১০০ প্রতিযোগী। পাঁচটি বিভাগে তাঁরা নিজেদের শরীর প্রদর্শন করেন। বাদ্যের তালে তালে দলে দলে ব্যায়ামবিদেরা এসে মঞ্চে তাঁদের শরীর প্রদর্শন করতে থাকেন। আর মুহুর্মুহু করতালিতে মেতে ওঠে পুরো মিলনায়তন।প্রদর্শনীর উদ্বোধন করেন ওস্তাদ আবুল ফজল। প্রধান অতিথি ছিলেন দিদারুল রহমান। এ ছাড়া অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্যান্ডো ব্যায়ামাগারের প্রতিষ্ঠাতা মনতোষ ঘোষ, দক্ষিণ এশিয়ান কালচারাল সোসাইটির চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান জিয়া উদ্দিন খালেদ চৌধুরী ও অনুপ দাশ।বক্তারা বলেন, শরীর ভালো থাকলে সবকিছু ভালো থাকে। তাই শরীরকে ঠিক রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে ওমানে দ্বিতীয় এশিয়ান বিচ গেমসে চতুর্থ স্থান অর্জনকারী মিস্টার বাংলাদেশ মো. সাইফুল্লাহ খালেদকে সংবর্ধনা দেওয়া হয়।