সুস্থ দেহে ক্যাম্প টু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট-যাত্রা এবং এর প্রস্তুতির কাহিনি ধারাবাহিকভাবে ‘স্বপ্ন নিয়ে’ পাতায় লিখছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম।১১ জুন আমাদের বিশ্রামের উদ্দেশ্যে বরাদ্দ রাখা হলেও সবাই পর্বতারোহণের কৌশল অনুশীলন করতে তাঁবু থেকে বের হলাম। কিন্তু বারবারই চোখ ছিল ওপরের দিকে—কৈলাস বা গণেশকে দেখা যায় কি না। মাঝেমধ্যেই তারা হঠাৎ উদয় হয়ে আবার বরফের ঢালে হারিয়ে যাচ্ছিল।অন্নপূর্ণা পর্বতমালায় অন্নপূর্ণা-১, এরপর ২, এরপর ৪ এবং সবশেষে অন্নপূর্ণা ৩ —এভাবে পর্বতগুলো অবস্থান নিয়েছে। সেভাবে দেখলে সব পর্বত একই সরলরেখায় অবস্থিত। কিন্তু অন্নপূর্ণা-২ পর্বত থেকে সরলরেখার একেবারে উল্লম্ব আরেকটি রিজ সৃষ্টি হয়ে হঠাৎ করেই শেষ হয়ে গেছে। আবার অন্নপূর্ণা-৩ পর্বত থেকে আরেকটি রিজ কিছুটা বক্রাকারে গিয়ে ফের অন্নপূর্ণা-২ এর উল্লম্ব রিজের সমান্তরালে এসে সেটাও হুমদে গিয়ে শেষ হয়েছে। ফলে অন্নপূর্ণা পর্বত এলাকাটি দেখতে অনেকটাই পর্বতে ঘেরা একটা গুহামুখের মতো এবং এখানে সূর্য উদয় হয় দেরিতে। কিন্তু অস্ত যায় দ্রুত। ফলে হোয়াইট আউট হওয়ার এখানে সময় নেই। আর পুরো এলাকাটি বেশ অ্যাভেলান্স-প্রবণ। গড়ে প্রতিদিনই কোনো না কোনো পর্বতের গায়ে একবার বা দুবার অ্যাভেলান্স হচ্ছে। আর আমরাও ক্যামেরায় সেই দৃশ্য বন্দী করার জন্য ছুটোছুটি করছি।সোম বাহাদুরের সঙ্গে অ্যাভেলান্স নিয়ে আলাপে জানা গেল, তিনি অন্নপূর্ণা-৪ পর্বতাভিযানে প্রায় ১৫ বছর আগে এসেছিলেন। বরফ লাইন আরও বিস্তৃত থাকায় সেই সময়ে বেস ক্যাম্প ছিল সবজে খোলায়। কিন্তু এখন বরফ গলে শেষ হয়ে যাওয়ায় এবং অ্যাভেলান্সে পর্বতের গা থেকে বড় বড় বরফের চাঁই নেমে আসার কারণে বেস ক্যাম্প, ক্যাম্প ওয়ান, ক্যাম্প টু সবই ক্রমাগত ওপরের দিকে উঠে গেছে। তিনি বলছিলেন, এখন যেখানে ক্যাম্প ওয়ান করা হয়েছে, আগে সেখানে ক্যাম্প টু স্থাপন করা হতো।এদিন ক্যাম্প ওয়ানের কাছেই একটা নিরাপদ বরফের ঢাল বেছে নিয়ে তাতে চলল বরফের দেয়ালে পর্বতারোহণের কৌশল অনুশীলন। সারিন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ পাওয়া। সুতরাং তাঁকে শেখানোর কিছু নেই। তৌহিদ হোসেন লাংসিসা রি পর্বতাভিযানে এসব কৌশল শিখেছেন। কিন্তু সবই অনেক আগের কথা। তাই সবাই মিলে বরফের ঢালে আইসবুট ও ক্র্যাম্পন পরে আরোহণ করা, শুধু একটা এবং দুটো আইস-এক্স দিয়ে আরোহণ করা, জুমার ক্লাইম্বিং এবং অ্যাংকর পয়েন্টে জুমারের আগে সেফটি ক্যারাবিনার বদলে সামনের রোপে ক্যারাবিনা লাগানো, দুর্ঘটনায় বরফের ঢালে সেলফ অ্যারেস্ট প্রভৃতি অনুশীলন করা শুরু হলো। সবার জন্যই এই অনুশীলন বেশ কাজে দিল। দুপুর পর্যন্ত এসব কসরত শেষ করে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম।বিকেলের দিকে পরবর্তী দিনের ক্লাইম্বিং পরিকল্পনা জেনে নিয়ে শুরু করলাম রান্নার আয়োজন। পরিষ্কার দেখে বরফ সংগ্রহ করে সেটা গরম করে পানি তৈরি করা হলো। সেই পানি, পর্যাপ্ত চা, ইনস্ট্যান্ট নুডলস এবং সবশেষে একটা চকলেট—এসবই ছিল খাবার মেনু। তবে খাওয়া-দাওয়ার বদলে মাথায় ঘুরেফিরে পরের দিনের আরোহণের চিন্তাটাই আসছিল বেশি। রাতে ঘুমাতে যাওয়ার আগে সবার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হলো। সবাই সুস্থ এবং ন্যূনতম মাউন্টেন সিকনেস কারও মধ্যে নেই। এটা ছিল আমাদের সবার জন্য একটা বিশেষ মানসিক স্বস্তিদায়ক ব্যাপার।১২ জুন শুরু হলো অন্নপূর্ণা ফোর পর্বতের দুটি বিপজ্জনক আরোহণের একটি দিন। এদিন ক্যাম্প টু (উচ্চতা ২১ হাজার ৮১৭ ফুট) পর্যন্ত প্রায় চার হাজার ফুট উচ্চতা পার হতে হবে। বেশ ঝকমারি এবং অনেকটা দূরত্ব পার হতে হবে। সবাই সকাল সাড়ে ছয়টার মধ্যেই প্রাতরাশ এবং অন্যান্য কাজ শেষে ব্যাগ গুছিয়ে পর্বতারোহণের জন্য আইস বুট, ক্র্যাম্পন, হারনেস, ক্যারাবিনা, জুমার, আইস-এক্স ইত্যাদি নিয়ে প্রস্তুত হলাম। সাতটার দিকে শুরু হলো পর্বতারোহণ। সবার আগে সোম বাহাদুর, তাঁর পেছনে আরোহীরা—সারিন, তৌহিদ ও আমি। মোটামুটি এই ক্রম মেনে আরোহণ শুরু হয়েছে।এদিন পর্বতের ঢাল কোনো কোনো সময় নাকের কাছে চলে এল। ফিক্স রোপে জুমার লাগিয়ে এবং বরফের ঢালে ক্র্যাম্পনে ভর দিয়ে এগোচ্ছি। অনেক সময় আইস-এক্সও ব্যবহার করতে হলো। বাঁ হাতে জুমার ঠেলে এবং আরেক হাতে আইস-এক্স বরফের ঢালে গেঁথে আরোহণ চলছে। বরফের ঢাল যখনই বিপজ্জনক হয়ে উঠছিল, সেসব জায়গায় সোম বাহাদুরের দল অল্প দূরত্বে আইসবার ও অ্যালুমিনিয়ামের বার দিয়ে অ্যাংকর স্থাপন করেছেন। অবশ্য বরফের ঢালে যেসব জায়গায় তেমন কোনো বিপদ নেই, সেসব জায়গায় আমরা চারজন রোপ-আপ (বরফের সামান্য ঢাল বা গ্লেসিয়ার নিরাপদে পার হওয়ার জন্য কয়েকজন পর্বতারোহী একটা ক্লাইম্বিং রোপে নিজেদের ক্যারাবিনারের মাধ্যমে সংযুক্ত করে চলা) করে চলছিলাম। তবে রোপ-আপ করে ঢাল পার হলেও বুকটা দুরু দুরু করছিল—এই না জানি কী হয়। সোম বাহাদুরের মতো অভিজ্ঞ শেরপা সামনে থাকায় অবশ্য এই বিপদ পার হওয়ার মানসিক রসদ ক্রমাগতই পাচ্ছিলাম।মাঝে দুবার পানি পানের বিরতি এবং একবার চকলেট খাওয়ার বিরতি—এসব করে প্রায় সাত ঘণ্টা আরোহণ শেষে ক্যাম্প টুতে পৌঁছাতে এদিন বেলা দুইটা বেজে গেল। গণেশ আর কৈলাস আমাদের বরণ করে নিলেন। তাঁদের সফলভাবে রোপ ফিক্স করার জন্য অভিনন্দন জানিয়ে পানি আর চা পানে ব্যস্ত হয়ে পড়লাম সবাই। কারণ এই উচ্চতায় নিজেকে সুস্থ রাখতে কমপক্ষে হলেও চার লিটার পানি খাওয়ার নিয়ম।অন্নপূর্ণা-৪ পর্বতের গায়ে একটা বরফের ভাঁজকে ঢাল হিসেবে ব্যবহার করে বরফ বেলচা দিয়ে সরিয়ে জায়গাটা কিছুটা সমান করে সেখানে ক্যাম্প টু স্থাপন করা হয়েছে। এখানে পরপর দুটি তাঁবু স্থাপন করা হয়েছে। তাঁবুর চেইন খুলে সামনের দিকে তাকালেই পর্বতের বিস্তৃত সারি দেখতে পাওয়া যায়। বিকেলের দিকে হঠাৎ হোয়াইট আউট হয়ে তা কেটে যাওয়ার সময় দেখছিলাম যে মেঘের ভেলা সবজে খোলার উপত্যকা ধরে নিচে নেমে যাচ্ছে। অসাধারণ সেই দৃশ্য। ছবি তোলার কথা ভুলে মন্ত্রমুগ্ধের মতো সেদিকে চেয়ে থাকলাম।[email protected] বাকি অংশ আগামী পর্বে