সুস্থ সংস্কৃতিচর্চা রুখবে জঙ্গিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ সংস্কৃতিচর্চা রুখবে জঙ্গিবাদ’ স্লোগানে নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমির (বিআরডিবি) মিলনায়তনে গত ৩০ সেপ্টেম্বর হয়ে গেল নোয়াখালী বন্ধুসভার আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শরতের পড়ন্ত বিকেলে বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

বন্ধুসভার সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় ‘আমরা বন্ধু হয়েছি সবাই’ গানটির সঙ্গে প্রজেক্টরে প্রদর্শন করা হয় বন্ধুসভার বিগত দিনের বিভিন্ন কর্মকাণ্ডের স্থিরচিত্র। এ সময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে বন্ধুসভার কর্মকাণ্ডের জন্য অভিবাদন জানান বন্ধুদের।

এরপর আবৃত্তি, গান, একক অভিনয়, কৌতুক, নৃত্য নাটিকা ও দলীয় অভিনয়সহ চলতে থাকে নানা পরিবেশনা। একক গান করেন বন্ধু রাশেদা পারভীন কলি ও প্রমা। আবৃত্তি করেন বন্ধু শামীমা হাসনাত ঝুমুর, নাজমুল হাসান ও পলাশ।

বন্ধু তারেক আজিজ ও ইমাম উদ্দিনের কৌতুক বিশেষভাবে মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। ‘আঙ্গো বাড়ি নোয়াখালী’ গানটির দলীয় পরিবেশনায় অংশ নেন বন্ধু কলি, জামিল, ফারাভী, রাতুল, অর্ণব ও আরিফ। নৃত্য পরিবেশন করেন বন্ধু আমিরুল ইসলাম ও হাসিনা আক্তার পিংকি।

এ ছাড়া বয়স্ক শিক্ষা নিয়ে নাটিকা পরিবেশন করেন বন্ধু পলাশ, রাতুল, ইমাম, প্রমি, ফারাভী, তাহসিন, রাকিব। আল-রাকিবের পরিচালনায় বাল্যবিবাহ প্রতিরোধ-বিষয়ক আরেকটি নাটিকা পরিবেশন করেন বন্ধু রাতুল, ফারাভী, জামিল ও অর্ণব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান ও বন্ধুসভার সহসভাপতি বিবি ফাতেমা তুষান। সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আমরা করব জয়’ গানটির দলীয় পরিবেশনার মাধ্যমে শেষ হয় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠান।

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা।