সুস্বাস্থ্যে পাওয়ার ইয়োগা
সুস্থ থাকার মূলমন্ত্র কী? বিভিন্ন উত্তর আসবে। তবে একটি উত্তর থাকবে সবসময়। নিয়মিত ব্যায়াম করা। বিভিন্ন ধরনের ব্যায়াম এখন স্বাস্থ্যসচেতনদের জীবনে জায়গা করে নিচ্ছে একটু একটু করে। অন্যদিকে ব্যায়ামের তালিকায় নতুন নতুন নামও যোগ হচ্ছে। পাওয়ার ইয়োগার নামটিও ইদানীং শোনা যাচ্ছে। পাশ্চাত্যে অনেক পরিচিতি পেলেও বাংলাদেশে এখনো সবার কাছে পৌঁছাতে পারেনি এটি। তবে সুস্বাস্থ্যের জন্য ইয়োগার পর এখন অনেকেই বেছে নিচ্ছেন পাওয়ার ইয়োগা। প্রথমেই প্রশ্ন আসতে পারে, ইয়োগা আর পাওয়ার ইয়োগার পার্থক্য কোথায়? প্রাচীন ইয়োগার আসনগুলো আধুনিকভাবে করার পদ্ধতি হলো পাওয়ার ইয়োগা। একটু দ্রুত ও কয়েকটি আসন মিলিতভাবে করা হয় এখানে। ইয়োগা করা হয় ধীরগতিতে। অন্যদিকে পাওয়ার ইয়োগা করানো হয় দ্রুততার সঙ্গে। সাধারণ ইয়োগা করানোর সময় একটিই আসন করানো হয়। দুটি ভিন্ন আসনের মধ্যে কিছুটা বিরতিও দেওয়া হয়। কিন্তু পাওয়ার ইয়োগায় ৪০-৪৫ মিনিট একনাগাড়ে ইয়োগার অনেক আসন করতে হয়। মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের যাতে ব্যায়াম হয়, সে রকমভাবেই সব আসন পর পর সাজানো হয় বলে জানান পারসোনা জিমের প্রধান প্রশিক্ষক ও ইনচার্জ ফারজানা খানম।কেন করবেনপ্রত্যেক মানুষের উচিত নিজেকে ভালোবাসা। নিজের শরীরকে ভালোবাসা ও যত্ন নেওয়া। ইয়োগালাটিস প্রশিক্ষক সাজিয়া ওমর তাঁর প্রত্যেক শিক্ষার্থীকেই কথাগুলো বলেন। তিনি আমেরিকান ক্লাবে পাওয়ার ইয়োগা ও পিলাটিস শেখাচ্ছেন। দুইয়ে মিলে তিনি বলেন ইয়োগালাটিস। তিনি জানান, পাওয়ার ইয়োগা নিয়মিত করলে অন্য কোনো ব্যায়াম না করলেও হবে। যেকোনো বয়সেই এটি করা যায়। শারীরিকভাবে অনেক রোগের সমাধান পাওয়া যায় এই ইয়োগার মধ্য দিয়ে। পাওয়ার ইয়োগা। নামের মধ্যেই এর কিছুটা পরিচয় পাওয়া যায়। শারীরিক ও মানসিকভাবে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চয় করতে সহায়তা করে এটি। বিশেষজ্ঞরা জানান এই ব্যায়ামের ইতিবাচক দিকের কথা— মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করবে। নিয়মিত করলে ওজন কমাবে। পুরো শরীরের ব্যায়াম হয়। মানসিকভাবে ভারসাম্য আনে। শরীরে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এ কারণে মস্তিষ্কেও অক্সিজেন সঞ্চালন হয়। যাঁরা মনমরা হয়ে থাকেন, তাঁদের জন্যও এটি মন ভালো করার টোটকা হিসেবে কাজ করে। আত্মবিশ্বাস বাড়ায়। নতুনভাবে সব কিছু শুরু করার শক্তি পাওয়া যায়। শরীরকে সঠিক গঠনে আনতে সাহায্য করে। শরীরের জড়তা কেটে যায়। শরীরের অভ্যন্তরে তাপ উৎপন্ন করার মধ্য দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলে। প্রচুর ঘাম হয়, এতে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। শরীরের রক্তসঞ্চালন বৃদ্ধি করে। হজমশক্তি বাড়ায়। অনিদ্রা দূর করে। কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। যাঁরা নিয়মিত এটি করবেন, তাঁরা খুব দ্রুত এটার ফলাফল পাবেন। পেশিকে মজবুত করে। হার্ট অ্যাটাক, ফুসফুসের সমস্যা, বহুমূত্ররোগ, মেরুদণ্ডের সমস্যা, হাঁপানি ইত্যাদি রোগের সমাধানে সহায়তা করে পাওয়ার ইয়োগা। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।যাঁদের জন্য নয়সাজিয়া ওমর বলেন, ‘যাঁরা কম ফিট বা আগে ইয়োগা করেননি, তাঁদের জন্য পাওয়ার ইয়োগা নয়। কিছুদিন ইয়োগা করে তবেই পাওয়ার ইয়োগা করা উচিত। যাঁদের হূদেরাগের সমস্যা আছে, তাঁদের জন্য এই ব্যায়াম উপযুক্ত নাও হতে পারে। কারণ, পাওয়ার ইয়োগা করার সময় হূৎস্পন্দন অনেক বেড়ে যায়। এ ছাড়া এটি অনেক দ্রুত করতে হয়। এ জন্য যাঁদের শরীরে কোথাও ব্যথা বা বাতের সমস্যা আছে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে বহুমূত্র রোগীরা করতে পারবেন। পাওয়ার ইয়োগা করার সময় প্রথম কয়েক দিন অবশ্যই প্রশিক্ষকের উপস্থিতিতে করতে হবে।