আমরা এখন অড্রিয়াটিকের পাড়ে, দক্ষিণ ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর শহর বারির উপকূলে দাঁড়িয়ে আছি। অড্রিয়াটিকের জল গ্রিক দেবীদের চোখের মতো নীল। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর নাম কাসামাসিমা। সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৩ মিটার উঁচু পাহাড়ের ওপর নির্মিত চুনাপাথরের শহর কাসামাসিমা। গায়ে গায়ে লাগানো বাড়িঘরের এক ঘিঞ্জি শহর। ভেতরে অসংখ্য লেন-বাইলেন এঁকেবেঁকে ছুটে গেছে শহরের এ মাথা থেকে ও মাথা। ঘিঞ্জি গলি-ঘুপচির এক জনপদ হলেও অতিপরিচ্ছন্ন শহর। কোথাও একটি চকলেটের খোসাও নেই এবং সুনসান এক নীরবতা যেন চেপে ধরে আছে এই শহরকে। পাথর কেটে তৈরি করা এসব বাড়িঘরগুলো বাইরে থেকে দেখে মনে হচ্ছে আদিম গুহার মতো। পাথর কাটা গলিপথগুলো হাজার বছর ধরে স্থানীয় লোকজন এবং পর্যটকদের পদভারে হয়ে উঠেছে খুবই মসৃণ। পার্বত্য চড়াই-উতরাই থাকার কারণে এত মসৃণ গলিপথে হাঁটতে গিয়ে মনে হচ্ছে এই বুঝি পা পিছলে পড়ে গেলাম। সব গলি ও বাড়িঘরের আদল একই রকম। কজেই কিছুক্ষণ হাঁটার পর পথ হারিয়ে ফেলাটা একেবারে নিশ্চিত। লম্বার্ড দখলদারিত্বের সময়ই, সপ্তম, অষ্টম ও নবম শতকে এই শহর গড়ে ওঠে। তবে ১১৩১ সালে সিসিলির রাজা রজার-২ প্রথম ইতালিয়ান যিনি এই শহরের শাসনভার গ্রহণ করেন এবং বারিকে ইতালীয় সাংস্কৃতিক আদলে গড়ে তোলেন। অড্রিয়াটিকের তীরে গড়ে ওঠা বন্দর শহর বারি শুধু এক মনোরম সুন্দর শহরই নয়, এর বাণিজ্যিক গুরুত্বও অপরিসীম। বলা যায়, দক্ষিণ ইতালির অধিকাংশ বাণিজ্য বারি বন্দরের মাধ্যমেই সম্পন্ন হয়। পুগলিয়া রাজ্যের সবচেয়ে বড় জেলা বারি। অন্য গুরুত্বপূর্ণ জেলাগুলো হচ্ছে ব্রিন্ডিসি এবং লেচে। সেই সুপ্রাচীনকাল থেকেই বারি এক উর্বর কৃষিক্ষেত্র। আমরা যখন ব্রিন্ডিসি থেকে বৈদ্যুতিক রেলে চড়ে বারির পথে ছুটছিলাম, আমাদের রেলগাড়িটি পাহাড়-পর্বত ঠেলে এক বিস্তীর্ণ সমতল ভূমির পেট চিরে ছুটছিল। দুই পাশে মাইল মাইল দীর্ঘ সবুজ জলপাইবাগান ছায়াছবির দৃশ্যের মতো পেছনের দিকে সরে যাচ্ছিল। কাসামাসিমার ভেতরে ঘুরপাক খেতে খেতে এখন আমরা একটি প্রশস্ত স্কয়ারে এসে দাঁড়িয়েছি। সামনে দুর্গের মতো এক সুবিশাল সুপ্রাচীন রাজপ্রাসাদ। লাল ইটের দুর্গ-প্রাসাদটিই সুয়াবিয়ান রাজপ্রাসাদ। সিসিলির রাজা রজার-২ ১১৩১ সালে এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। মাত্র ২৫ বছরের মাথায় ১১৫৬ সালে দুর্বৃত্তদের আক্রমণের আঘাতে সুয়াবিয়ান রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যায়। পরে ফ্রেডারিক-২ এটি পুনর্নির্মাণ করেন। আমরা চার ইউরোর টিকিট কেটে ভেতরে ঢুকে পড়ি। বারির সাংস্কৃতিক ঐশ্বর্যের গুপ্ত ভান্ডার এই সুয়াবিয়ান রাজপ্রাসাদ। এখানে নিপুণভাবে সাজানো হাজার বছরের পুগলিয়ার শাসনকর্তাদের ছবিসহ বংশলতিকা, অপূর্ব স্টেইন্ড কাচের আলোর ঝলকানিতে বাঁধানো এসব রাজরাজরার প্রতিকৃতি। আছে হাজার বছরের পুরোনো মৃৎশিল্পসম্ভার, সুপ্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, প্রাচীন প্রস্তর-শিলাখণ্ড, কারু ও চারুশিল্প সম্ভার। খিদেয় পেট চোঁ চোঁ করছে। রাজপ্রসাদের পাশেই এক লুকানো রেস্টুরেন্ট। স্কয়ারে সুস্বাদু খাবারের ম ম সুবাস আমাদের খিদেকে আরও চনমনিয়ে তুলল। ভেতরে ঢুকে দেখি শখানেক মানুষ অতি নীরবে খাচ্ছে আর খুব নিচুস্বরে পরস্পর গল্প করে ওদের সভ্যতা জাহির করছে। আরও প্রায় শখানেক মানুষ ততোধিক নীরবে কিউতে দাঁড়িয়ে আছে বসার জন্য। ম্যানেজার জানালেন, আমাদের কমপক্ষে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। আমাদের অত সময় নেই। পাশের রেস্টুরেন্টটিতে চলে গেলাম। আশ্চর্য, এটি তো একদম ফাঁকা। বিষয় কী? ওটাতে এত ভিড় কেন? এই রেস্টুরেন্টের একমাত্র ওয়েটার বাঙালি যুবক রাসেল জানালেন, ওটা এ শহরের সবচেয়ে প্রাচীন রেস্টুরেন্ট, মাছের জন্য বিখ্যাত। ওখানে গেলে জনপ্রতি ৫০ ইউরোর নিচে খেতে পারবেন না। তার পরও মানুষ প্রতি রোববার এক-দেড় শ মাইল দূর থেকে গাড়ি হাঁকিয়ে এখানে খেতে আসে। ১৫ মিনিট হাঁটার পরই পৌঁছে গেলাম অড্রিয়াটিকের পাড়ে, যেখানে নীল জল ছলাৎ ছলাৎ ছলকে উঠছে। কী অপূর্ব দৃশ্য! একটি অর্ধচন্দ্রের মতো বাঁক। যেকোনো এক জায়গায় দাঁড়ালেই পুরো বে দেখা যায়। অর্ধচন্দ্রের এক প্রান্তে সমুদ্রের ওপর ভাসমান একটি হোটেল এবং রেস্টুরেন্ট। নীল সমুদ্র অর্ধচন্দ্রের ওপর আছড়ে পড়ে তৈরি করছে শুভ্র ঢেউয়ের ফেনা। আর বহু দূর থেকে ছুটে আসা হাওয়ার ঝাপ্টা এসে লাগছে আমাদের চোখেমুখে। সমুদ্রের দিকে মুখ ফেরানো পরিচ্ছন্ন বেঞ্চগুলোর একটিতে বসে পড়ে আমি আরামে চোখ বন্ধ করে দিলাম। অড্রিয়াটিকের নীল আর স্বর্গীয় হাওয়া আমাকে ক্রমশ টেনে নিয়ে যেতে লাগল কোনো এক স্বপ্নপুরীতে। আমি ক্রমশই ভুলে যেতে লাগলাম, এ আমার অতি ক্ষণস্থায়ী ভ্রমণকাল, আমাকে ফিরে যেতে হবে।লেখক: জাতিসংঘের আন্তর্জাতিক পেশাজীবী।