সূচক ও লেনদেন বেড়েছে
গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনটি ভালো কেটেছে বিনিয়োগকারীদের। এ দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। সার্বিক মূল্যসূচক ২৬৩ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭৫৮ দশমিক ৬৭ পয়েন্টে। এ স্টক এক্সচেঞ্জে এ দিন মোট লেনদেন হয় ৯৯৪ কোটি টাকার, যা গত বুধবারের চেয়ে প্রায় ৭১ কোটি টাকা বেশি। এ একই সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য দুটি ইতিবাচক খবরও ছিল। এর একটি হলো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) ‘বাংলাদেশ ফান্ড’ গঠনের আবেদন। অপরটি ‘পুঁজিবাজারে কারসাজি’ তদন্তের প্রতিবেদন প্রকাশের খবর। এ দুটি বিষয় নিয়ে জল্পনা-কল্পনা ছিল অনেক। বিশেষ করে তহবিল গঠনের নিশ্চয়তা নিয়ে বহু রকমের গুজব পাখা মেলে। এর প্রভাব পড়ে পুঁজিবাজারেও। অপরদিকে, সময়মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও অনেক ধরনের সংশয় দানা বাঁধে। কাজেই দুটি খবরই আপাতত স্বস্তির এবং বাজারে স্থিতিশীলতার ক্ষেত্রেও এর একটা সুফল পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকেরা। এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘গত সপ্তাহের শেষ দিনে লেনদেন ভালো হলেও সার্বিকভাবে বাজারে স্থিতিশীলতা ফেরেনি এখনো। তবে এ দুটি খবর পুঁজিবাজারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’ জানা যায়, গত মঙ্গলবার ‘বাংলাদেশ ফান্ড’ গঠনের অনুমোদন চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আনুষ্ঠানিক আবেদন করেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এদিকে, ‘পুঁজিবাজারে কারসাজি’ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন ৬ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে ফিরে এলে জমা দেওয়া কথা বলেছেন তদন্ত কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ।