সূর্য যখন ক্লান্ত তখনই থামলেন শ্রান্ত জহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার, সকাল নয়টা। চান্দগাঁও আবাসিক এলাকার ‘বি’ ব্লকে রাস্তা মেরামতের কাজ চলছে। তরুণ কিছু শ্রমিকের সঙ্গে একজন বয়সী লোক কাজ করছেন একমনে, ফোঁটা ফোঁটা ঘামে তাঁর শরীর ভিজে যাচ্ছে। রাস্তার একপাশে ডাস্টবিনের কাছে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত ময়লা সরিয়ে গর্ত খুঁড়েই চলেছেন। বালু-সিমেন্টের সঙ্গে পানি মিশিয়ে মসলা তৈরি করে গর্তে ফেলা হচ্ছে, ইটের গাঁথুনিতে গড়া হচ্ছে দেয়ালের ভিত্তি। সকাল গড়িয়ে দুপুর হলেও কাদা-সিমেন্ট-বালুতে মাখামাখি হয়ে থাকা মানুষগুলোর ‘দাঁড়ানোর সময় তো নেই’ অবস্থা। মাটি কাটতে কাটতে কোদালের চাপে ফোসকা পড়ে গেছে লোকটির হাতে। সূর্য যখন আগুন ঢেলে একটু ক্লান্ত তখনই শ্রান্ত ওই শ্রমিক, সঙ্গে তাঁর সহযোগীরাও। এবার তাঁরা দুটো মুখে দেবেন। কথা বলার জন্য সামনে গেলে দিনমজুর জহুর আহমেদের মুখে এমনিতেই কথা ফোটে, বলেন—‘কোন সকালে ভাত খাইয়া বাইর হইছি। পেডে য্যান আগুন জ্বলতাছে। হোটেলে খাইয়্যা ১০ মিনিট জিরাইয়্যা আবার কাম শুরু করুম। শ্যাষ হইতে হইতে সন্ধ্যা হইবো।’এ বয়সে এমন পরিশ্রম করছেন কেন—এ প্রশ্নে জহুর আহমেদের মুখে গভীর বেদনার ছায়া। বলেন—‘মাগো, আমরার জীবনটা বড় কষ্টের। এ কষ্টের কথা কইয়া শেষ করন যাইত না গো আম্মা। আমারে কিছু জিগাইয়েন না। এ কথা শুরু করলে আমি আর ঠিক থাকতে পারতাম না।’ কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় তাঁর। চোখ নামিয়ে নীরবে মাটি কাটতে শুরু করলেন। কোদালের কোপে হাপরের মতো ওঠানামা করছিল জহুরের বুকটা।জহুর আহমেদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা মো. আবদুর রউফের মতো কৃষিকাজই ছিল তাঁর পেশা। খেতখামারে কাজ করতেন। পাঁচ সন্তানের বড় দুইজন মেয়ে, গ্রামে তাঁদের আয় ছিল না। একসময় অভাব হানা দেয় সংসারে। এরপর?শোনা যাক জহুরের মুখেই—‘লোকমুখে শুনলাম চাটগাঁ শহরের কথা, কেউ কেউ বললেন চট্টগ্রামে গার্মেন্টস আছে, সেখানে কাজ করলে দুই বেলা অন্তত পেট পুরে খাওয়া যায়। আশায় বুক বেঁধে আত্মীয়-স্বজন ও বাপ-দাদার ভিটা ছেড়ে পরিবার নিয়ে চলে এলাম। দিনমজুরি করে দুমুঠো ভাত তুলে দিই সন্তানের মুখে।’জহুর বলেন, যখন কৃষক ছিলেন, ফসলের ফলনের জন্য বৃষ্টির অপেক্ষা করতেন। আর এখন আকাশে মেঘ দেখলেই ভয় হয়, বৃষ্টি হলে তো কাজ মিলবে না। মুরাদপুর এলাকায় দুই কামরার ছোট্ট একটা আধাপাকা ঘরে পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে থাকেন। বড় দুই মেয়েকে নবম ও ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়িয়েই পোশাককারখানায় কাজে দিয়েছেন। ছোট দুই মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আর ছেলের এখনো বইয়ের মুখ দেখার বয়স হয়নি। সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে তিনি মজুরি পান ১৫০-২০০ টাকা। পুরো মাস কাজ পেলে রোজগার হয় চার থেকে সাড়ে চার হাজার টাকা। বাড়ি ভাড়া দিতে হয় এক হাজার ৪০০ টাকা। বাকি টাকা দিয়ে শাক-কচু খেয়ে দিন কাটে। অভাবের কারণে মেয়েদের না পারলেও জহুরের স্বপ্ন ছেলেকে লেখাপড়া করানোর। তিনি বলেন, ‘আল্লাহর কাছে একটাই চাওয়া, ছেলেরে য্যান আমার মতোন শ্রমিক হইতে না হয়। আর দশজনের মতোন ভালোভাবে চলার ক্ষ্যামতা য্যান আল্লাহ তারে দ্যায়।’জহুর জানান, সন্ধ্যায় কাজ সেরে বাসায় ফেরার পথে বাজারের কাজটুকু সেরে নেন। বেশির ভাগ দিনই সবজি কেনেন। মাঝেমধ্যে মাছ কেনার সাহস করেন। একঘেয়ে জীবনে বিনোদনের কোনো উপায় নেই। অবসর সময়ে টিভি দেখার সুযোগ হয় কি না জানতে চাইলে বলেন, ‘মাগো, পেডে ভাত নাই, আবার আমোদ ফুর্তি! সন্ধ্যায় ঘরে ফিরলে পরিবারের লগে আলাপ-সালাপ কইরা সময় কাটাই। খুব গ্রামে যাইতে মন চায়। কিন্তু মন কানলেও লাভ নাই। আল্লাহ বাকি জীবন কেমনে রাখবে এইটাই দেখনের বাকি।’