সূর্যের সঙ্গে বর্ষবরণ

সাড়ে ১১ ঘণ্টার যাত্রা শেষে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়ার ঘাটে নামলাম আমরা। লঞ্চ ঘাটে ভেড়ার বিকট কর্কশ শব্দও যেন কানে মধুবর্ষণ করছিল। কারও যেন আর তর সইছিল না। কেবিন ছেড়ে বের হয়েই মাটিতে পা রাখার তোড়জোড় সবার। তখন আক্ষরিক অর্থেই ৩১ ডিসেম্বরের ‘সাতসকাল’। ‘আমরা’ মানে, লঞ্চের ৫৯ যাত্রী এসেছেন ‘সূর্য উৎসব’ আয়োজনে। বছরের প্রথম সূর্যকে একসঙ্গে বরণ করে নেওয়াই উদ্দেশ্য। সঙ্গে নতুন জায়গা দেখা আর নতুন মানুষের সঙ্গে পরিচয়।
রাজধানীর সদরঘাট থেকে যাত্রার শুরুটা হয়েছিল আগের দিন। সন্ধ্যা সাড়ে সাতটায়। ঘাটে যখন পৌঁছালাম, ভোঁ ভোঁ শব্দে ছেড়ে যাচ্ছে লঞ্চ। দোতলা থেকে চিৎকার করে ডাকছেন ফারুখ আহমেদ, এবারের সূর্য উৎসবের সমন্বয়কারী। ছুটতে ছুটতে কোনোমতে উঠে পড়লাম লঞ্চে। খানিক ধাতস্থ হওয়ার পর দেখি ঘাটটা দূরে সরে যাচ্ছে ক্রমেই। বিদায় ঢাকা। যাত্রা শুরু সূর্য উৎসবের পথে। কিছুক্ষণ বাদেই ‘মহাকাশ মিলন’ নামে পরিচিত মশহুরুল আমীন সবাইকে ডাকলেন এবারের সূর্য উৎসব সম্পর্কে ধারণা দিতে। পরিচয় পর্ব সেরে আগামী দুই দিনের কর্মসূচির কিছুটা ধারণা পাওয়া গেল। মিলন ভাই বললেন, ‘আয়োজনটা সবার। কেউ হোস্ট না, কেউ গেস্টও না। সমস্যা থাকবে এবং তা মেনে নিতে হবে, মোকাবিলাও করতে হবে সবাই মিলে।’

চর মাদ্রাজ আর মেঘনার মোহনা
জোয়ার-ভাটার প্রভাবটা চরে একটু বেশিই। এলাকার মানুষ জানালেন, প্রতি বছরই চরাচর ভাসিয়ে জলোচ্ছ্বাসের জল ঢুকে পড়ে লোকালয়ে। সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে বিদ্যালয়ের সঙ্গে দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের সহাবস্থান তাই দক্ষিণের সব জেলাতেই দেখা যায়। চরফ্যাশনে আমাদের ঠাঁই হয়েছিল এ রকমই এক দুর্যোগ মোকাবিলা কেন্দ্রে। বিদ্যালয়ের নাম ৩৯ নম্বর আয়শাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকালে লঞ্চ থেকে নেমে এরই দুটি কক্ষে আমাদের অস্থায়ী আস্তানা। চর কুকরি মুকরির চেয়ারম্যান আবুল হাশেম মহাজনের সঙ্গে আগেই কথা হয়েছিল। স্কুলটির প্রধান শিক্ষকও বাড়িয়ে দেন সাহায্যের হাত। আর তাই অচেনা এক অঞ্চলে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি।
জানা গেল, কিছুটা দূরে চর মাদ্রাজে মেঘনার মোহনায় একটা জায়গা আছে, যেটি দেখতে অসাধারণ। সদলবলে সেদিকেই গেলাম। বালুর রাস্তা ধরে আধঘণ্টা খানেক হাঁটতে হয়। কৃষকেরা যে সবে গোলায় ধান ভরেছেন তা দিগন্ত বিস্তৃত জমি দেখেই বোঝা যায়, অল্প কিছু বাদ দিলে প্রায় পুরোটাই শূন্য। এদিকটায় ইটভাটার আধিক্য চোখে পড়ার মতো, পথে মেঘনার এক খাল পড়ে। গুণ টানা নৌকায় পারাপারের ব্যবস্থা আছে। মেঘনার মোহনায় যখন পৌঁছালাম তখন মনে হলো এ যেন আকুল পাথার। প্রশস্ততম নদী মেঘনার তীরে দাঁড়িয়ে তেমনটা মনে হওয়াই স্বাভাবিক। লোকালয় বাঁচাতে এরই এক খালে বাঁধ দেওয়া হয়েছিল। তবে ‘বাঁধভাঙা জোয়ারের’ তোড়ে টিকতে পারেনি বেশি দিন।
ঘোরাঘুরির ফাঁকে দুপুর থেকেই ছোট-বড় সবাই লেগে পড়েছেন সূর্য উৎসব আয়োজনের প্রস্তুতি গ্রহণে। কেউ রঙিন কাগজ কেটে নৌকা বানাচ্ছেন, কেউ বেলুন ফুলিয়ে বেঁধে রাখছেন। কেউ মঙ্গলপ্রদীপ, আবার কেউ বিশেষ ধরনের টোপর-জাতীয় কিছু তৈরি করছেন।

চাঁদের কলঙ্ক
রাতে মিলন ভাই সবাইকে নিয়ে বসলেন মহাকাশ বিষয়ে মজার এক বক্তৃতার। তারা চেনা হলো, তারা দেখা হলো। রাত গভীর হলে এক ফাঁকে টেলিস্কোপে ‘চাঁদের কলঙ্ক’ দেখাও হলো। এরপরেই মধুমিতা দাসগুেপ্তর সঞ্চালনায় ঘরোয়া এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। ছোট এক বন্ধু শুরু করলেন ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ দিয়ে। গলা মেলালেন সবাই। এরপর যে যাঁর মতো গাইলেন, কেউ কেউ নাচলেন। আসর রীতিমতো জমিয়ে ফেললেন স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া।
৯০ মঙ্গলপ্রদীপ
২০০১ সাল থেকে নিয়মিত সূর্য উৎসবের আয়োজন করে আসছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। কখনো জলে তো কোনোবার জঙ্গলে, আবার পাহাড়েও আয়োজন করা হয়েছে সূর্য উৎসব। ইংরেজি সালের প্রথম দিনে এই আয়োজন। সবাই মিলে বছরের প্রথম সূর্যকে বরণ করে নেওয়া। মিলন বললেন, ‘এবারের সূর্য উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই, কৃতজ্ঞতা স্বীকার করতে চাই প্রথম আলোর কাছে।’ আয়োজনের শুরুটা রাত থেকেই। বছরের প্রথম দিনে, প্রথম প্রহরে। স্কুলের মাঠে এবার জ্বালানো হয়েছিল ৯০টি মঙ্গলপ্রদীপ। স্থানীয় লোকজন এই ‘পাগলামি’ দেখতে সেই শীতের মধ্যরাতেও জড়ো হয়েছিলেন। ঠিক ১২টা বাজতেই ফানুশ উড়িয়ে শুরু হয় ইংরেজি বর্ষবরণ, মঙ্গলপ্রদীপ তো জ্বলছেই। ওদিকে বার–বি–কিউ হচ্ছে বড় এক কোরাল মাছ। সেটার স্বাদ নিয়েই সেদিনের মতো ঘুম, সাতসকালে উঠতে হবে যে!

নতুন সূর্যের হাসি
পরদিন ভোর। সূর্যমামার ঘুম ভাঙতে তখনো বাকি। ডাকাডাকি করে সবার ঘুম ভাঙালেন মিলন ভাই। এরপর দলবেঁধে সবাই বেতুয়া ঘাটের পাশে বেতুয়া বনকেন্দ্রে গেলাম। নদীভাঙন থেকে রক্ষা পেতে তীরে বোল্ডার ফেলে বাঁধ দেওয়া হয়েছে। সেখানে মেঘনার বুকে ভাসিয়ে দেওয়া হয় বেলুন আর কাগজের নৌকা। ওদিকে দিগন্তের ওপার থেকে তার আভা ছড়াচ্ছে সূর্যমামা। সেও এক অপরূপ দৃশ্য। এমন কোনো সূর্যোদয় নিয়েই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন—‘প্রথম দিনের সূর্য/ প্রশ্ন করেছিল/ সত্তার নূতন আবির্ভাবে/ কে তুমি?’
বছরের প্রথম সূর্য দর্শনের পর বিদ্যালয় প্রাঙ্গণে ছিল পাঠ্যপুস্তক উৎসব। শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নতুন সূর্যের হাসির সঙ্গে তাদের সে হাসিও একই রকম অপরূপ।
উৎসব শেষের সঙ্গেই আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচিও শেষ। এদিকে বিকেল পাঁচটার আগে লঞ্চ ছাড়ছে না।

দিনেরও প্রায় পুরোটাই বাকি। যে যাঁর মতো দলবেঁধে ইতিউতি ঘুরে বেড়ানো। কয়েকজন মিলে গেলাম জেলেপল্লির ওদিকটায়। সঙ্গে আবু জাফর, রেজাউল হক, মাহমুদ হোসেন ও নাতাশা নাযিম। পরে যোগ দিলেন নাজমুল হক, আসিফুর রহমান আর ফারুখ আহমেদ। নাজমুল হকের কাছ থেকে পাখি নিয়ে অনেক কিছু জানা গেল। গল্প-গানে মাতিয়ে রাখলেন আসিফ। জেলেপল্লিতে যাওয়া হলো না বটে, তবে রোদেলা সে সকাল কাটল নীল আকাশ, সবুজ বন, সোনালি ধানখেত আর মাছ ধরা নৌকার রঙিন ছবি সামনে রেখে। সঙ্গে ছিল ফুরফুরে বাতাস আর পাখির কলতান। এককথায়, কিছু সুখস্মৃতি নিয়ে ফিরে আসা। এক সূর্যোদয়ে এসে নেমেছিলাম এই চরে, ফিরে যাচ্ছি আরেক সূর্যাস্তে। এদিকে পেরিয়ে গেছে মহাকালের আরও একটি বছর।