সৃজনশীল আইডিয়া সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘সৃজনশীল আইডিয়া সেন্টার’ নামের সাইনবোর্ড দেখে শাহাদাত সাহেব অফিসটিতে ঢুকলেন। চ্যাংড়া টাইপের এক ছেলে মুঠোফোনে কথা বলছে, ‘জি, আমার নাম মিস্টার ডিউক। ডি-ইউ-কে-ই। নামের বানান ঠিকমতো লেখা আছে কি না চেক করেন। ডি ফর ডগ। ইউ ফর আমব্রেলা। কে ফর কাজী অফিস। ই ফর এগ। ঠিক আছে?’ 
মুঠোফোনের ওপাশ থেকে কী বলা হলো, শোনা না গেলেও ছেলেটির উত্তরে আন্দাজ করা যায়, ‘আপনি কি মনে করেছেন, আমার ক্রেডিট কার্ড নাই? আই অ্যাম অলওয়েজ ইস্মার্ট! পঁচিশ বছর আগে যখন ইস্মার্টনেস মানে ছিল মোবাইলের ব্যবহার, তখন মোবাইল সেট কিনেছি। এরপর যখন ই-মেইল নাম্বার আসলো, ই-মেইল নাম্বার নিয়েছি। এখন ক্রেডিট কার্ডের যুগ। আমার ক্রেডিট কার্ড নাই, আপনি ভাবলেন কী করে?’
ওপাশ থেকে কিছু একটা বলার পর ছেলেটি মহাবিরক্ত হয়ে বলল, ‘কাটেন... আরে মিয়া কাটেন। কল কাটেন, কল। টাচ ফোনটা নতুন, তাই কল কাটতে পারছি না। আপনার দিক থেকে কল কাটেন।’
তরুণ তার মুঠোফোনটি রেখে শাহাদাত সাহেবের দিকে তাকাল, ‘কী বিষয়ক আইডিয়া লাগবে, বলেন?’
‘এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই।’
‘দেখুন, সৃজনশীল নানা আইডিয়া মাথায় নিয়ে বসে আছি। এসব আইডিয়া যেখানেই রোপণ করা হবে, সেখান থেকেই পরিবর্তনের চারা গজাবে!’
‘কী ধরনের সৃজনশীল আইডিয়া?’
‘ধরুন, এই যে খনিজ সম্পদের এত ঘাটতি। পুরো পৃথিবীই তো টালমাটাল। আমরা একটু সৃজনশীল হলেই কিন্তু এই ঘাটতির চাপ ভ্যানিশ হয়ে যাবে!’
‘কীভাবে?’
‘বায়োগ্যাস প্ল্যান্টের কাঁচামালের জন্য আমরা কেন শুধু গবাদিপশুর ওপর নির্ভর করব, বলুন? নিজেরাও তো আছি! এত যে আমরা সেলফ এমপ্লয়মেন্টের কথা বলে চেঁচাই, অথচ এত বড় অপরচুনিটির কথা আমার মাথায় প্রথম এল! আইডিয়াটা এ প্লাস না?’
শাহাদাত সাহেব দাঁতে দাঁত চেপে বললেন, ‘তারপর?’
‘তারপর ধরুন, বাসে প্রচণ্ড ভিড় হয়। সামনে দাঁড়ানো মানুষজন পেছনে যেতে চান না। গেটের মুখে ঠেসে দাঁড়িয়ে থাকেন। ফলে নতুন যাত্রী উঠতে গিয়ে নাকানি–চুবানি খান। আমাদের তো বাস্তবতা বুঝতে হবে। ট্রান্সপোর্ট জনসংখ্যার তুলনায় অনেক কম। অন্যরাও তো বলছে, “সুযোগ চাই, যাত্রী হব”। সে জন্যও রয়েছে একটি সৃজনশীল আইডিয়া।’
‘কী আইডিয়া?’
‘মহিলাদের আসনগুলো বাসের পেছনের দিকে দিলেই দেখা যাবে সব দাঁড়ানো পাবলিক পেছনে জড়ো হয়েছেন। গেটের অংশে ফাঁকা। কেমন আইডিয়া?’
শাহাদাত সাহেব বিব্রত ভঙ্গিতে বললেন, ‘এরপর আর কী আইডিয়া আছে বলুন?’
‘আছে তো অনেক। যেমন: যেসব জায়গায় স্যান্ডেল-জুতা চুরি হয়, সেসব স্থানে আমাদের উচিত দুটো স্যান্ডেল দুই কর্নারে রাখা। চোরের উপর বাটপাড়ি আরকি! চোর বড়জোড় একটি স্যান্ডেল পাবে। আর এক স্যান্ডেল নিয়ে সে করবেটা কী? প্রাণের রিস্ক নিয়ে তো আর এক পিস চুরি করবে না। আইডিয়াটি সৃজনশীল না?’
শাহাদাত সাহেব গম্ভীর স্বরে বললেন, ‘সৃজনশীলতা ভালো বলেই যেকোনো কিছুর সামনে সৃজনশীল লাগিয়ে দিলেই তো আর সেটা ভালো হয়ে যায় না। আইডিয়ার পরিমাণের দিকে না ঝুঁকে গুণগত সৃজনশীলতার চর্চা করুন। সৃজনশীলতার সম্মানটুকু রাখুন। এমন চটপটি পরামর্শ না দিয়ে একটিমাত্র ভালো উদ্যোগ নিয়ে নিজেই এগিয়ে যান না!’
‘অই মিয়া, আপনি আগান না! সুযোগ বুইঝা বিরাট একখান ডায়ালগ তো ঠিকই মারলেন!’
এরপরই শাহাদাত সাহেবের চড়-থাপড়ে সৃজনশীল আইডিয়াবাজ আহত! শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেল, ডাক্তারের কাছে তার সৃজনশীল ট্রিটমেন্ট চলছে!