সৃজনশীল উদ্ভাবন
আপনি নিশ্চয় জানেন, দাবা খেলায় যাঁরা শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন, তাঁরাই সাধারণত ‘গ্র্যান্ডমাস্টার’ নামে পরিচিত হন। আজ জানুন, দাবা না খেলেও দিব্যি গ্র্যান্ডমাস্টার হওয়া যায়।কীভাবে?সেই গল্পই আমরা এখন শুনব শাহরিয়ার মজিদ খান, সাজ্জাদুর রহমান, তৌসিফ আহমেদ এবং রাহাত ইবনে রফিকের মুখে। ‘মুঠোফোন কোম্পানি বাংলালিংক আয়োজন করেছিল এই গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার। প্রতিযোগিতাটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবন নিয়ে। এতে আমাদের আইডিয়াসহ প্রায় এক হাজার ১০০টি আইডিয়া জমা পড়ে। সেখান থেকে সেরা ২০টি দলকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে এই ২০টি দলকে পরিমার্জনাসহযোগে পুনরায় তাদের পরিকল্পনাপত্র জমা দিতে বলা হয়। তারপর সেখান থেকে বিচারক প্যানেল সেরা পাঁচটি দলকে পুরস্কৃত করে। আর সেরা পাঁচের মধ্য থেকে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে দুই লাখ টাকা পুরস্কার বাগিয়ে নিই আমরাই।’ সংক্ষেপে গ্র্যান্ডমাস্টার হওয়ার গল্প বললেন বিজয়ী দলের দলনেতা শাহরিয়ার।গ্র্যান্ডমাস্টার বিজয়ী এই চার তরুণ বুয়েটের শিক্ষার্থী। চারজনই পড়ছেন শেষ বর্ষে। তবে একই বিভাগে নয়। শাহরিয়ার পড়ছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে আর বাকি তিন বন্ধু পড়ছেন কম্পিউটার সায়েন্সে। তাঁরা যে আইডিয়া দিয়ে বাজিমাত করেছেন, তা হলো মুঠোফোনে ভয়েস এসএমএসের মাধ্যমে তথ্য খোঁজা।‘বিষয়টি তেমন জটিল কিছুই নয়। ইন্টারনেটে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমরা যেমন তথ্য খুঁজে থাকি, অনেকটা সে রকমই। এখানে আপনাকে যা করতে হবে তা হলো, আপনি যে বিষয়ে তথ্য চান, সে বিষয়টি রেকর্ড করে একটি নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। তারপর সেই নম্বর থেকে ফিরতি এসএমএসে আপনাকে তথ্যটুকু জানিয়ে দেওয়া হবে।’ নিজেদের উদ্ভাবিত আইডিয়া এভাবেই ব্যাখ্যা করলেন তৌসিফ। সেই সঙ্গে তৌসিফের দল আরও জানাল, পুরস্কারের অর্থটুকু এই আইডিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই ব্যয় করতে চায় তারা।ওদিকে প্রথম রানারআপ গ্র্যান্ডমাস্টারদের কী অবস্থা, জানেন তো? আইবিএ ফ্যাকাল্টি তো বটেই, পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই এখন তাঁদের প্রশংসায় পঞ্চমুখ! ‘এই মধুর যন্ত্রণা আমরা অবশ্য ভালোই উপভোগ করছি।’ হাসতে হাসতে বললেন দলনেতা আনিকা সামিহা। আনিকার দলে আরও আছেন ফারহানা শারমিন, ফাহিম ফেরদৌস ও সাব্বির সাকির। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ তৃতীয় বর্ষে পড়ুয়া এই চার সহপাঠীর আইডিয়া ছিল অনেকটা চ্যাম্পিয়ন দলের মতোই মুঠোফোনে তথ্য খোঁজা। ‘ওরা জোর দিয়েছিল চাকরি-সংক্রান্ত তথ্য অনুসন্ধানের দিকে, আর আমরা জোর দিয়েছিলাম বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসের দিকে।’ বলছিলেন এই দলের আরেক সদস্য ফারহানা। আর পুরস্কার হিসেবে পাওয়া এক লাখ ৫০ হাজার টাকা ব্যয় প্রসঙ্গে অবশিষ্ট দুই সদস্য ফাহিম ও সাব্বির বলেন, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তাঁরা। তবে গঠনমূলক কোনো কাজেই ওই টাকা ব্যয় করার ইচ্ছা আছে।সবশেষে মুখোমুখি হয়েছিলাম দ্বিতীয় রানারআপ দলের ইফতেখারুল আলম, আলীম উল গিয়াস ও আসিফ ইমরানের। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এই তিন ধীমান তরুণ মুঠোফোনে বাসের টিকিট কেনার কৌশল উদ্ভাবন করে হস্তগত করেন এক লাখ টাকার পুরস্কার।‘ট্রেনের টিকিট যদি মুঠোফোনের মাধ্যমে সংগ্রহ করা যায়, তবে কেন বাসের ক্ষেত্রে সম্ভব হবে না? মূলত এই ভাবনা থেকেই আমাদের আইডিয়ার উদ্ভব।’ আইডিয়া খোঁজার শুরুর গল্প বলছিলেন ইফাত। তারপর এই আইডিয়াকে যৌক্তিকভাবে প্রমাণের জন্য রাত-দিন খাটাখাটুনি। অবশেষে মিলল সাফল্য, মিলল সম্মাননা। ‘আমরা এখন এই পুরস্কারের অর্থ নিজ বিভাগের উন্নয়নে ব্যয় করতে চাই। আমাদের বিভাগটি নতুন; উপরন্তু আমরাই প্রথম ব্যাচ, তাই আমরা এই বিভাগে একটি সফটওয়্যার ডেক্সপো করতে আগ্রহী।’ এভাবেই নিজেদের পরিকল্পনার কথা বললেন ঢাবির তিন তরুণ গ্র্যান্ডমাস্টার। [email protected]