‘আমরা প্রকৃত অর্থেই নারীর মুক্তি চাই। স্বাধীনতার মাসে নারী দিবসের ১০০ বছর পূর্তি হয়েছে। এই মাহেন্দ্রক্ষণে সব সৃজনশীল কাজে নারী স্বাধীনভাবে বিচরণ করবে। আর এভাবেই গড়ে উঠবে সার্থক প্রজন্ম।’ গত ১৮ মার্চ প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম লেখিকা সংঘের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। এতে এলিজাবেথ আরিফা মুবাশ্বিরাকে শিক্ষা ও সাহিত্যে এবং মোরশেদা নাসিরকে সাহিত্য ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়।প্রধান অতিথি বলেন, ‘সাহিত্য অঙ্গনে যে চট্টগ্রামের নেতৃত্বসুলভ অবস্থান তা লেখিকা সংঘের মতো সংগঠনের প্রয়াসেই সম্ভব হয়েছে। লেখিকা সংঘ সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে উপলব্ধি করেছে।’ মর্জিনা আখতারের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন সাহিত্যিক ফাহমিদা আমিন, লেখিকা বেগম রুনু সিদ্দিকী, অধ্যক্ষ আনোয়ারা আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, শামসুন্নাহার করীম প্রমুখ।প্রতিষ্ঠাকালের কথা স্মরণ করে সংগঠনের সভানেত্রী ফাহমিদা আমিন বলেন, ‘লেখিকা সংঘ সব সময় সাহিত্যিক সৃষ্টির জন্য কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর দুইজনকে সংবর্ধনা দিয়ে থাকি। আমাদের এই যাত্রা লেজুড়বৃত্তিতে বিশ্বাস করে না।’ সংবর্ধিতরা বলেন, ‘এই সংবর্ধনা সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।’ অনুষ্ঠান উপলক্ষে জিনাত আজম সম্পাদিত লেখিকা সংঘের বার্ষিকীপূর্বিতা প্রকাশ করা হয়। সংগঠনের সদস্য কোহিনূর সাকী বলেন, ‘লেখিকা সংঘ নারী সাহিত্যিকদের জন্য একটি শক্তিশালী মঞ্চ হিসেবে কাজ করছে। আগামী দিনগুলোতে এই মঞ্চে দাঁড়িয়ে নারীর প্রতিভার বিকাশ হবে—এই আশা করছি।’ সংবর্ধেয় গুণীজনদের ফুলেল শুভেচ্ছা জানান লেখিকা সংঘের সদস্যরা।