এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৮ ডিসেম্বর এসেছিলেন বিজ্ঞাপনী সংস্থা পেপার রাইম অ্যাডভার্টাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাইফুদ্দিন। কথা বলেছেন কথাবন্ধু শাওনের সঙ্গে বিজ্ঞাপন তৈরি ও বিজ্ঞাপনী সংস্থার বিভিন্ন বিষয় নিয়ে...কথাবন্ধু: পেপার রাইম অ্যাডভার্টাইজিং কী ধরনের কাজ করে থাকে?এ জেড এম সাইফুদ্দিন: প্রায় ১৫ বছরের অভিজ্ঞতায় তৈরি আমার এই পেপার রাইম অ্যাডভার্টাইজিং। আমি বিজ্ঞাপনী সংস্থা গ্রেতে নয় বছর কাজ করেছি। এরপর বিটপিতে কাজ করেছি অনেক দিন। আমরা চেষ্টা করি, সৃজনশীল কাজ দিয়ে নতুন কিছু করার। বিজ্ঞাপন, কমিউনিকেশন (যোগযোগ) ও পণ্য নিয়ে অনেক ধরনের কাজ করেছি। পেপার রাইম অ্যাডভার্টাইজিং একটি যোগাযোগভিত্তিক প্রতিষ্ঠান। বিজ্ঞাপনের সব শাখায় আমরা কাজ করছি। কথাবন্ধু: অনুষ্ঠান ব্যবস্থাপনা (ইভেন্ট ম্যানেজমেন্ট) এবং অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজ নাকি একই রকম হয়? এ জেড এম সাইফুদ্দিন: বিজ্ঞাপনী সংস্থার একটি দল সাহায্য করে ইভেন্ট ম্যানেজমেন্টে। পরিবর্তনের কারণে এখন ইভেন্ট নিয়েও আলাদা করে কাজ করা হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে, কোনো জিনিসকে পুরোপুরি সুচারুরূপে সম্পন্ন করা। আর অ্যাডভার্টাইজিং এজেন্সি হচ্ছে, পুরো কাজগুলোকে সমতায় রেখে সমস্যার সমাধান করে কাজ সম্পন্ন করা। কথাবন্ধু: অ্যাডভার্টাইজিং ও ক্যামপেইনে যাঁরা কাজ করতে চান, তাঁদের সৃজনশীল হওয়া কতটা জরুরি বলে আপনি মনে করেন?এ জেড এম সাইফুদ্দিন: প্রতিটি কাজের জন্য নিজেকে সৃজনশীল হতে হবে। নিজের মধ্যে সৃজনশীলতা (ক্রিয়েটিভিটি) থাকতে হবে, রাখতে হবে। ক্রিয়েটিভিটি দিয়ে বিজ্ঞাপনের ক্ষেত্রে পাশের দেশটি যেখানে আছে, আমরাও সেখানে যেতে চাই। কথাবন্ধু: এ ক্ষেত্রে বিশেষ কোনো প্রশিক্ষণের দরকার আছে কি না?এ জেড এম সাইফুদ্দিন: কোর্স বা প্রশিক্ষণ ওইভাবে আসলে হচ্ছে না। সে রকম কোনো প্রতিষ্ঠানও নেই। কিছু প্রতিষ্ঠান আছে, যেখানে বিজ্ঞাপন নিয়ে পড়ানো হয়। আমরাও সেখানে ক্লাস নিতে যাই। একটা কথা, বাংলাদেশে যেখানে বিজ্ঞাপনে ২০০৫ সালে ২০০ কোটি টাকা বাজেট ছিল, সেখানে বিজ্ঞাপন বাজারের বাজেট এখন প্রায় তিন হাজার কোটি টাকার ওপর। ধীরে ধীরে আরও বাড়ছে বিজ্ঞাপন বাজার। আমরা চেষ্টা করছি, দেশের বাইরে থেকে প্রশিক্ষক এনে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। আমরা একটি প্রশিক্ষণকেন্দ্র করার উদ্যোগ নিচ্ছি। কথাবন্ধু: বিজ্ঞাপন শিল্পে সফলতা পেতে হলে কী ধরনের যোগ্যতা থাকা উচিত?এ জেড এম সাইফুদ্দিন: বিজ্ঞাপন সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে হলে প্রথম যোগ্যতা হিসেবে দরকার প্রচণ্ডভাবে ধৈর্য রাখার ক্ষমতা। কারণ, তাঁকে সব সময় সৃজনশীল কাজের মধ্য দিয়ে গবেষণায় থাকতে হয়। অনেক ফ্রেশ মাইন্ডের হতে হবে। যাকে বলে একেবারে মনখোলা লোক। কথাবন্ধু: সদ্য স্নাতকদের এ পেশায় কাজ করার সুযোগ কতটুকু? এ জেড এম সাইফুদ্দিন: সদ্য স্নাতকদের জন্য এ জায়গা একেবারেই খোলা। এখানে নতুনদের তৈরি করার একটা সুযোগ পাওয়া যায়। সবাইকে বলব, তোমরা এসো। আমরা তাদের অভিনন্দন জানাই। এ পেশাটি চাকরি নয়, এটি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।এটি একটি লাইফস্টাইল। কথাবন্ধু: নতুন একটি বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে কী ধরনের ধারণা বা কোন বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন?এ জেড এম সাইফুদ্দিন: আসলে এটা মূলত আইডিয়া ব্যবসা। তাই সৃজনশীল ধারণা থাকা এখানে খুব জরুরি। এরপর দেখতে হয় এখানে পণ্য কতটা জরুরি। বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা কী ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। সেটা গ্রামীণফোনের ‘কাছে থাকুন’ বলুন বা ‘রবির জ্বলে উঠুন, আপন শক্তিতে বলুন’, আসলে সবকিছুই কিন্তু এসেছে ওই আইডিয়া থেকে। আইডিয়া কিন্তু যে কারও কাছ থেকে আসতে পারে। আমরা শুধু মানুষের চাওয়াকে পুরোপুরি সম্পন্ন করতে চেষ্টা করি।কথাবন্ধু: অনেকে বলেন, বর্তমানে ইন্টারনেট অ্যাডভার্টাইজিং সবচেয়ে বড় বিজ্ঞাপন মাধ্যম (অ্যাডভার্টাইজিং মিডিয়া)। এ বিষয়ে আপনার মন্তব্য কী? এ জেড এম সাইফুদ্দিন: ইন্টারনেট হচ্ছে সবকিছুর শেষ অবস্থান। তাই মানুষ যত সহজে তথ্য পেতে পারে, মানুষকে সেখানেই দ্রুত আকর্ষণ করে। আমাদের দেশে ইন্টারনেটে বিজ্ঞাপন এখনো খুব জনপ্রিয় হয়নি। তবে এ ক্ষেত্রে আমরা উন্নত থেকে উন্নয়নশীল হতে চেষ্টা করছি। কথাবন্ধু: বাংলাদেশের বিজ্ঞাপনের সঙ্গে দেশের বইরের বিজ্ঞাপনগুলোর মধ্যে পার্থক্য কোথায় বলে আপনি মনে করেন? এ জেড এম সাইফুদ্দিন: প্রথমেই দর্শক বা শ্রোতা কী চায়, সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে। আজ থেকে ১০ বছর আগে বিজ্ঞাপন তৈরি করতে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য নিতাম; কিন্তু এখন আমরা নিজেরাই সবকিছু তৈরি করতে পারছি। টেকনিক্যাল কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু সেটাও সময়ের মাত্র। আমাদের দেশটা ছোট হতে পারে, কিন্তু বিজ্ঞাপনের বাজার খুব একটা ছোট বলব না। এর অবস্থান আরও বাড়ছে। আমরা চাইলে কিন্তু চায়নার মতো একটি অলিম্পিক টুর্নামেন্টও করতে পারি, এটা কঠিন কিছু নয়। কথাবন্ধু: এ ক্ষেত্রে পেশা গড়ার ব্যাপারে নতুনদের জন্য আপনার সাজেশন কী হবে? এ জেড এম সাইফুদ্দিন: আমার মনে হয়, বিজ্ঞাপনমাধ্যম একটি নোবেল প্রফেশন (মহৎ পেশা)। সাজেশন একটাই, অনেক কষ্ট করতে হবে। প্রচুর ধৈর্য রাখতে হবে। সফলতা আসবেই। এগিয়ে যাও।গ্রন্থনা: সুদীপ দে