সৃজনশীল মন্তব্যের সৃজনশীল উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: অর্থ আত্মসাতের মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই জ্যেষ্ঠ প্রকৌশলীকে গ্রেপ্তার প্রসঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘দুদক রাজউকে যাবে। কিন্তু যদি বিরক্ত (ডিস্টার্ব) করার জন্য যায়, তাহলে অসুবিধা আছে।’ (সূত্র: প্রথম আলো, ৪ অক্টোবর ২০১৬)

লেখা: আসফিদুল হক

.
.

সৃজনশীল প্রশ্ন
ক. তোমার দৃষ্টিতে অসুবিধা মানে কী?
খ. দুদক কেন রাজউকে যাবে?
গ. যদি বিরক্ত (ডিস্টার্ব) করার জন্য যায়, তাহলে অসুবিধা আছে—এ কথার মাধ্যমে মাননীয় মন্ত্রী কী বোঝাতে চেয়েছেন? তোমার মতামত দাও।

ক্লাসের ফার্স্ট বয়ের উত্তর

ক. আমার দৃষ্টিতে অসুবিধা মানে সুবিধা করতে না পারা।

খ. আমাদের জাতি গঠনে এবং সংস্কৃতি রক্ষায় দুদকের ভূমিকা অনস্বীকার্য। তবু এত দিন দুদককে বলা হতো নখদন্তহীন বাঘ। কিন্তু আর কিছুদিন পরই রামপাল বিদ্যুৎকেন্দ্র যখন চালু হবে, তখন সুন্দরবনের বাঘের একমাত্র বিকল্প হিসেবে টিকে থাকবে দুদক। তত দিনে তাদের নখ, দাঁত সবই সাইজমতো গজিয়ে যাবে। তবে শুধু গজালেই তো আর হবে না, সেগুলো নিয়মিত শাণ দিয়ে তীক্ষ্ণ করতে হবে। কিন্তু দুদকের দেয়ালগুলো আবার দুর্বল। একমাত্র রাজউক ভবনের দেয়ালগুলোই হচ্ছে নখ এবং দাঁত শাণ দেওয়ার সবচেয়ে উপযুক্ত স্থান। এ কারণেই মূলত দুদক রাজউকে যাবে।

গ. এখানে ‘অসুবিধা’ বলতে কবি স্যরি, মাননীয় মন্ত্রী বোঝাতে চেয়েছেন উন্নয়নের অসুবিধা হবে। রাজউক, মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মূল দায়িত্ব হচ্ছে রাজধানীর উন্নয়নে মগ্ন থাকা। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’। এর বাংলা অর্থ হচ্ছে ‘সবার আগে রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়ন হতে হবে’। তঁারা যদি বিশাল বিশাল প্লটে নিজেদের জন্য দৃষ্টিনন্দন বিল্ডিং গড়ে না তোলেন, তাহলে রাজধানীর কি উন্নয়ন হবে? না, হবে না। কিন্তু দুদক যেভাবে ‘ডিস্টার্ব’ করছে, তাতে রাজউকের কর্মকর্তাদের উন্নয়ন এখন হুমকির সম্মুখীন। আর কর্মকর্তাদের উন্নয়ন বাধাগ্রস্ত হলে সেটার প্রভাব গিয়ে পড়বে রাজধানীর উন্নয়নে। মাননীয় মন্ত্রী যে অসুবিধার কথা বলতে চেয়েছেন, সেটা উন্নয়নের অসুবিধা।

.
.

ক্লাসের লাস্ট বয়ের উত্তর
ক. আমার দৃষ্টিতে অসুবিধা মানে পরীক্ষার সময় আমাকে পেছনের বেঞ্চ থেকে উঠিয়ে সামনের বেঞ্চে নিয়ে বসানো।
খ. শুধু দুদকই না, পৃথিবীর সব মানুষেরই রাজউকে যাওয়া উচিত। কারণ তাদের ক্যানটিনের যে বাবুর্চি, তার হাতের রান্না ফার্স্ট ক্লাস। আমার ছোট মামা রাজউকে চাকরি করেন, তাঁর সূত্রে আমি প্রায়ই সেখানে যাই, গিয়ে পেটভরে খাওয়াদাওয়া করি। কিন্তু আমার ছোট মামা খুব চালাক, তিনি আমাকে দেখলে লুকিয়ে পড়েন। এ নিয়ে প্রথম প্রথম খুব ঝামেলা হলেও পরে সব ঠিকঠাক করে ফেলেছি। এখন রাজউকের সবাই আমাকে চেনেন ছোট মামার ভাগনে হিসেবে। আমি ইচ্ছেমতো খেয়ে এলেও কেউ কিছু বলেন না। পরে ছোট মামার কাছ থেকে বিল আদায় করে নেন। শুধু এ কারণেই দুদকের বারবার রাজউকে যাওয়া উচিত। এবং গিয়ে ইচ্ছেমতো খেয়ে ছোট মামার নামে বিল করে আসা উচিত। আমার ছোট মামার মেলা টাকা।

গ. এ কথাটা আসলে মন্ত্রী মহোদয়ের নয়, তাঁর ডাক্তারের। গত ২৯ আগস্ট রাজউকের দুই জ্যেষ্ঠ প্রকৌশলীকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ফলে দুজন দক্ষ কর্মকর্তা না থাকায় রাজউকের কার্যক্রম, লেনদেন মূলত থমকে আছে। এসব দুশ্চিন্তায় দিনের ঘুম তো দূরের কথা, রাতের ঘুম পর্যন্ত হারাম। অথচ ডাক্তার তাঁকে পইপই করে বলে দিয়েছেন, ‘রাতে আপনাকে টানা ১০ ঘণ্টা ঘুমাতেই হবে। এই ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব করলে কিন্তু অসুবিধা আছে।’ কিন্তু অসুবিধাটা যে আসলে কী, সেটা ডাক্তার খোলাসা করেননি। তাই মাননীয় মন্ত্রীও অসুবিধা পর্যন্ত এসে আটকে গেছেন। তারপরও দুদক যদি অসুবিধা সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়, তাহলে তারা সরাসরি তাঁর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারে।