এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৬ অক্টোবর এসেছিলেন অ্যাডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী। কথা বলেছেন বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। অনুষ্ঠানে অতিথিবন্ধু ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ন্ত ভৌমিক, জয়ন্ত কর্মকার, তাসনিয়া তানজিম, শাহাদাত হোসেন, রাহিমা আক্তার।কথাবন্ধু: শুরুতে আপনার প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে জানব।নাজিম ফারহান চৌধুরী: অ্যাডকম পুরোপুরি বিজ্ঞাপনী সংস্থা। বিজ্ঞাপনের সব শাখাই আমরা দেখি। প্রথমে একজন গ্রাহক এলে তখন তাঁর পণ্যের নাম দেওয়া থেকে শুরু করে প্যাকেজিং কেমন হবে, এটার হিসাব কীভাবে হবে, কার কাছে বিক্রি করা হবে, ব্যবহার বা স্বাদ কী হবে—এসব পরামর্শ দেওয়া হয়। শুধু তা-ই নয়, এসব থেকে শুরু করে রিসার্চ করি। বিজ্ঞাপন কেমন হবে। আবার টিভি, পত্রিকা থেকে শুরু করে রেডিওতে কেমন বিজ্ঞাপন হবে এবং কোথায় প্রচার হবে এটাও আমরা করে দিই।কথাবন্ধু: আয়োজন ব্যবস্থাপনা বা ইভেন্ট ম্যানেজমেন্ট যাঁরা করেন, তাঁদের সঙ্গে বিজ্ঞাপনী সংস্থাগুলোর তফাৎটা কী? নাজিম ফারহান চৌধুরী: ইভেন্ট ম্যানেজমেন্ট হলো বিজ্ঞাপনের একটা ছোট অংশ। বিজ্ঞাপন বানানোটাও কিন্তু একটা অংশ। অনেক ভাবে করে বিজ্ঞাপন করা যায়। এর মধ্যে ইভেন্ট বা কনজ্যুমারের সঙ্গে যোগাযোগ করা। এটা যাঁরা করেন, তাঁদের ইভেন্ট ম্যানেজার বলে। আমার প্রতিষ্ঠানে এমন ম্যানেজারও রয়েছেন। কথাবন্ধু: এই ক্ষেত্রে কাজ করতে চাইলেকেমন হতে হবে?নাজিম ফারহান চৌধুরী: জীবনে যা-ই করতে চাই, সৃজনশীল হওয়াটা জরুরি। বিজ্ঞাপনী সংস্থায় একটু বেশি। এখানে বিবিএ-এমবিএ করাটা জরুরি নয়। বিভিন্ন বিভাগ থেকেই আসা যায়। এ জন্য সৃজনশীল হতেই হবে। সবাই যেমন করে দেখে, এর চেয়ে ভিন্ন চোখে দেখতে হবে।কথাবন্ধু: সাধারণত যোগ্যতাটা কেমন হতে হবে?নাজিম ফারহান চৌধুরী: এই পেশায় চটপটে, বুদ্ধিমান হতে হবে। জিনিস কিংবা বিষয়কে বুঝতে হবে। এটা হলেই হয়ে যাবে। আমি কখনোই মনে করি না, বড় কোনো ডিগ্রি থাকতে হবে। কিন্তু যাঁরা আগ্রহী, তাঁরা যেন নিয়মিত বিজ্ঞাপন দেখেন। আলোচনা করে এবং নিজে নিজে চেষ্টা করে—আমি হলে কীভাবে করতাম। এই চর্চা থাকলেই পেশায় ভালো উন্নতি করা সম্ভব। কথাবন্ধু: এখানে কোন কোন বিভাগে কাজ করার সুযোগ আছে? নাজিম ফারহান চৌধুরী: এটা অনেক বড় জায়গা। এখানে অনেক রকমের সুযোগ আছে। বিজ্ঞাপন প্রচারের পর এর প্রভাব নিয়ে কাজ করার জন্য অনেক ভূমিকা দরকার। এটা অবশ্যই সৃজনশীল। যে বিজ্ঞাপনটা লিখবে এবং চিন্তা করবে—এটা দেখতে কেমন হবে। টিভি বা রেডিওতে হোক, এটাকে দৃশ্যয়ন করা হবে। এ ছাড়া আছে গবেষণার কাজ। কোন মাধ্যমে এটা চালাব, এর জন্য মিডিয়ার লোক আছেন। ইভেন্টের জন্য আলাদা লোক আছেন। অন্য আরও শাখা আছে। জনসংযোগ বিভাগ আছে, প্রশাসন, মানবসম্পদ—এমন অনেক কিছুই আছে। কথাবন্ধু: আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে কীভাবে? নাজিম ফারহান চৌধুরী: আমাদের সঙ্গে অনেকভাবে যোগাযোগ করা যায়। সবারই ওয়েবসাইট আছে। বিভিন্ন জবসাইটেও যেতে পারেন। এ ছাড়া আমরা নিয়মিতভাবে অনেক ক্যাম্পাসে যাই। এ ছাড়া অ্যাডকমের অফিসে সরাসরি খোঁজ নিতে পারেন। গ্রন্থনা: সাইফ উদ্দিন