সৃজনশীলতা বাড়ায় প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইট-পাথুরে শহরের যান্ত্রিক কোলাহল ছাড়ো। চলে যাও কোনো নির্জন উপত্যক্যা বা পাহাড়ি এলাকায়। ঘুরে বেড়াও একাকী। তাহলে উন্নতি হবে শরীর ও মন দুটোরই।’ শতাব্দীর পর শতাব্দী এ পরামর্শ দিয়ে আসছেন কবি-সাহিত্যিকেরা। তবে বিজ্ঞানীরাও এবার সায় দিলেন কবি-সাহিত্যিকদের সেই কথায়। তাঁরা বলছেন, প্রকৃতির সান্নিধ্য সৃজনশীলতা ও সমস্যার সমাধান বাতলানোর সক্ষমতা বাড়তে পারে। গবেষকদের মতে, যারা কোনো প্রকার বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার ছাড়া প্রকৃতির মাঝে চার দিন কাটায়, ভ্রমণ শেষে তারা সৃজনশীল পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত উন্নতি করতে পারে।আউট ওয়ার্ড বাউন্ড নামের একটি আন্তর্জাতিক সংগঠন এ গবেষণা চালিয়েছে। বিশ্বব্যাপী তাদের ৪০টির মতো স্কুল রয়েছে। সংগঠনটি এই গবেষণায় ৫৬ জনকে অন্তর্ভুক্ত করে। অংশগ্রহণকারীরা চার দিন প্রকৃতির মাঝে সময় কাটানোর আগে ও পরে একটি সৃজনশীল পরীক্ষা দেন। এতে ১০ ধরনের বিষয় রাখা হয়। দেখা গেছে, আগের পরীক্ষায় যেখানে সবাই গড়ে চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ছিলেন, সেখানে পরের পরীক্ষায় ছয়টি করে পারেন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে অনলাইনভিত্তিক বিজ্ঞান সাময়িকী প্লস সাময়িকীতে।দীর্ঘ সময় ধরে হাঁটাহাঁটি ভুল সংশোধনসহ বিভিন্ন ধরনের দক্ষতা বাড়ায় বলে আগের গবেষণাগুলোতে ইঙ্গিত ছিল। তার পরও মানুষের বাইরে ঘোরাঘুরি ও প্রকৃতির সংস্পর্শে আসার হার কমে যাচ্ছে বলে জানান যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁদের হিসাবে, একজন শিশু দৈনিক মাত্র ১৫-২০ মিনিট বাইরে খেলাধুলার সুযোগ পায়। আর তরুণেরা গড়ে প্রতিদিন সাড়ে সাত ঘণ্টার বেশি ব্যস্ত থাকে মুঠোফোন, কম্পিউটার, টিভি ইত্যাদি নিয়ে। দ্য ইন্ডিপেনডেন্ট।