সৃজনীর এক যুগ পূর্তি
হাঁটি হাঁটি পা পা করে সৃজনী ফ্যাশন হাউস এক যুগ অতিক্রম করল। সৃজনীর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় যুগপূর্তি উৎসব ও কীর্তি সম্মাননা। ২৪ মার্চ ঢাকার একটি হোটেলে সৃজনী বিশেষ অবদানের জন্য বাংলাদেশের উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিনা আহমেদ সম্মাননা প্রদান করেন। সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব সারা যাকের। তিনি বলেন, একদিন ছিল নারীরা ঘরের কোণে বসে থাকতেন। এখন দিনবদল হয়েছে, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক ভালো অবদান রাখছেন। তিনি আরও বলেন, নারীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। বিশেষ অতিথি কণা রেজা বলেন, নারীরা এখন আর ঘরের কোণে বসে থাকেন না; তাঁরা এখন পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন। বাংলাদেশের উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিনা আহমেদকে সৃজনী বিশেষ সম্মাননা প্রদান করে। বাংলাদেশের উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিনা আহমেদ বলেন, বাংলাদেশের প্রতিটি স্থানে এখন নারীরা অনেক এগিয়ে গেছেন। নারীদের অংশগ্রহণের ফলে এখন ব্যবসা-বাণিজ্য অনেক বেশি প্রসারিত হয়েছে। সবার সহযোগিতা ও সহায়ক পরিবেশ পেলে নারীরা আরও এগিয়ে যাবেন প্রতিটি ক্ষেত্রে। তিনি বলেন, ‘আমার এই সফলতা ব্যক্তিগত নয়। এটি পুরো নারীসমাজের সাফল্য। এ সম্মাননা আমাকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আ. সালাম ও আইনজীবী তানিয়া আমীর।সৃজনীর এক যুগ পূর্তি উপলক্ষে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে বাঙালির বৈশাখের ঐতিহ্যবাহী সৃজনীর ছেলেমেয়েদের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া প্রদর্শনী করা হয়। সৃজনীর স্বত্বাধিকারী জাহিদা জেবিন বলেন, ‘আমরা সব সময় আমাদের পোশাকে বাঙালিআনা ফুটিয়ে তুলতে চাই। এক যুগের পথ চলার সফলতায় সৃজনী আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে।’