সৃজনে ভুবনে দুই শব্দশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে হাটখোলা আয়োজিত সুচরিত চৌধুরী ও অশোক বড়ুয়ার স্মরণ অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন প্রমা অবন্তী
টিআইসিতে হাটখোলা আয়োজিত সুচরিত চৌধুরী ও অশোক বড়ুয়ার স্মরণ অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন প্রমা অবন্তী

নাচ, কথামালা আর গানে গানে চট্টগ্রামের দুই গুণী সাহিত্যিককে স্মরণ করা হলো। তাঁদের একজন সুচরিত চৌধুরী, অন্যজন অশোক বড়ুয়া। চট্টগ্রামের সাধারণ মানুষ, গ্রামীণ জীবন সবার সামনে তুলে ধরার জন্য তাঁঁরা নিরন্তর কাজ করে গেছেন। তাঁদের লেখালেখি ও ভাবনার মধ্যে প্রজ্ঞার স্পর্শ আছে।
থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত ৩১ মার্চ সাহিত্যিক অশোক বড়ুয়া ও সুচরিত চৌধুরী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এ কথাই ঘুরিয়ে ফিরিয়ে বললেন আলোচকেরাও। নিজেদের অঞ্চলের মানুষজন ও সংস্কৃতিকে গানে, কবিতায় ও গল্পে অমর করে রেখে গেছেন তাঁরা। হাটখোলা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই দুই গুণী সাহিত্যিককে নিয়ে আলোচনার পাশাপাশি ছিল স্মৃতিচারণা, নাচ ও গান।
সন্ধ্যা ছয়টায় ‘সৃজনে ভুবনে দুই শব্দশিল্পী’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে নাচ পরিবেশন করেন ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারের পরিচালক প্রমা অবন্তী। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সম্মেলনে কবি-গীতিকার অশোক বড়ুয়াকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ। এরপর কথাসাহিত্যিক-সংগীতজ্ঞ কবি সুচরিত চৌধুরীকে নিয়ে প্রবন্ধ পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ মওলা।
এই দুজনের প্রবন্ধ নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক ও অধ্যাপক গোলাম মুস্তফা। এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সহ–উপাচার্য শিরীণ আখতার ও হাটখোলার সমন্বয়ক কবি ইউসুফ মুহম্মদ। শিল্পীর পরিবারের পক্ষে স্মৃতিচারণা করেন অশোক বড়ুয়ার সন্তান সম্পদ বড়ুয়া ও সুচরিত চৌধুরীর সন্তান অভিক চৌধুরী।
আলোচনার পর আনজুমান আমিনের সঞ্চালনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে ছিল রক্তকরবী প্রযোজনা। প্রথমে সমবেত কণ্ঠে তাঁরা গাইলেন রাগ ইমন। এরপর সোমা বড়ুয়া, শিল্পী তালুকদার, করবী দাশ, সোমা রায়, মধুমন্তী রাগ ও গৌরী নন্দী বিভিন্ন রাগ পরিবেশন করেন। রক্তকরবীর পর মঞ্চে গান নিয়ে আসেন টিভি ও বেতার শিল্পী দীপক আচার্য। এ ছাড়া গান পরিবেশন করে পূর্ণা বড়ুয়া। তাঁর গানের মধ্যে দিয়ে শেষ হয় হাটখোলার এই আয়োজনের।