কথামালা, গান, কবিতাপাঠ, আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদ্যাপিত হলো বোধন আবৃত্তি স্কুলের ১৯তম বর্ষপূর্তি উৎসব। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) গ্যালারিতে ১২ অক্টোবর শুক্রবার বিকেল চারটায় শুরু হয়ে রাত পর্যন্ত চলে বর্ষপূর্তির জমজমাট উৎসব। কবি, আবৃত্তিশিল্পী, সংগীতশিল্পী ও বোধনের সদস্যদের উপস্থিতিতে সৃজনের আনন্দযজ্ঞে মুখরিত হয়ে ওঠে দিনটি।বর্ষপূর্তি উৎসব উপলক্ষে নান্দনিক সাজে সাজানো হয়েছিল টিআইসির গ্যালারি। ঢোল, বাঁশি ও মন্দিরা বাজানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশিষ্টজনেরা বোধনকে শুভেচ্ছা জানান। পাশাপাশি স্মৃতিচারণা করেন বোধনের দীর্ঘদিনের সহযাত্রী আবৃত্তিশিল্পী ও সংগঠকেরা। শুভেচ্ছা জানাতে গিয়ে বক্তারা বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে বোধন ধারাবাহিকভাবে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির প্রশিক্ষণ দিচ্ছে নিষ্ঠার সঙ্গে। কথামালার ফাঁকে ফাঁকে চলে গান, স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি। গান গেয়ে আসর জমিয়েছেন শান্তনু বিশ্বাস, শাহরিয়ার খালেদ, ঋষু তালুকদার, বিশ্বজিৎ দাশ ও কেশব জিপসী। স্বরচিত কবিতা পাঠ করেন কবি অরুণ দাশ গুপ্ত, সনজীব বড়ুয়া, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, হোসাইন কবির, অরুণ সেন ও জিন্নাহ চৌধুরী ।বোধনের গড়ে ওঠার পেছনের কথাটি তুলে ধরেন বিশ্বজিৎ দাশ। বোধনের আবৃত্তি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মৃণাল সরকারকে স্মরণ করেন বক্তারা। বেগম মুশতারী শফি বলেন, দেশ একটা অন্ধকার সময় পার করছে। অথচ এই অস্থির সময়েও আলো জ্বালিয়ে রেখেছে বোধন।বোধনের পক্ষ থেকে শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন জাভেদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংবাদিক রিয়াজ হায়দার, দেবাশীষ রুদ্র, নারায়ণ বিশ্বাস, রাশেদ হাসান, মিলি চৌধুরী, দেওয়ান মাকসুদ, উদয় শংকর দাশ ও বোধন আবৃত্তি স্কুলের সভাপতি রণজিৎ রক্ষিত। আনন্দঘন এই অনুষ্ঠান পরিচালনা করেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী।