
সমস্যা
আমার ছেলের বয়স ১৬ বছর, সে দশম শ্রেণিতে পড়ে। গত বছর মে মাসে তার ‘বাইপোলার ডিসঅর্ডার’ ধরা পড়ে। তখন থেকেই বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে। কিন্তু এখন আমরা তাকে ডাক্তারের পরামর্শমতো কাউন্সেলরের কাছে নিতে পারি না। গত বছর ৫৪ দিন একটি নামকরা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ে নিতে পেরেছিলাম। এরপর তার কিছু বদভ্যাস যেমন বেলা করে ঘুম থেকে ওঠা, দেরিতে স্কুলে পৌঁছানো; মাত্রা অতিক্রম করে। এক বছরের মধ্যে আমরা তিনজন চিকিত্সকের কাছে গিয়েছি। বর্তমানে তৃতীয় চিকিত্সকের নির্দেশমতো ওষুধ খাওয়াচ্ছি। সমস্যা হচ্ছে, আমার ছেলে বাসার কাউকে মানে না। সে আক্রমণাত্মক আচরণ করে। এখন সে বিষণ্নতায় কম ভুগছে কিন্তু খাওয়া দাওয়া, পড়ালেখা, আদবকায়দা, এসব ব্যাপারে বোধশক্তি খুব কম।
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ
নিয়মিত ওষুধ সেবন করলে এবং কাউন্সেলিংয়ের সহায়তা নিলে এ ধরনের অসুস্থতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। যদি ওষুধে ঠিকমতো কাজ না হয় এবং অসুস্থ মানুষটি পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়, তাহলে চিকিত্সকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। মানসিক রোগের চিকিত্সা নেওয়ার সময় অনেক ধৈর্য ধরারও প্রয়োজন হয়।
ছেলেটি এখন বয়ঃসন্ধিতে রয়েছে। তার আবেগময় প্রতিক্রিয়া এমনিতেই এখন বেশি হওয়ার কথা। জানি না, ওর আরও ভাইবোন আছে কি না। যদি থাকে, তাহলে ওদের সঙ্গে ওর সম্পর্ক কেমন জানলে ভালো হতো। মা-বাবার সঙ্গে সম্পর্কের ধরনটিও অনেক বেশি অবদান রাখে অসুস্থ মানুষটির ভালো থাকার পেছনে। এ কারণে প্রতিনিয়ত পরিবারের সদস্যদেরও কাউন্সেলিং নেওয়ার প্রয়োজন হয়। তোমার ১৬ বছরের ছেলেটির যদি একেবারেই কাউন্সেলরের কাছে যেতে না চায়, তাহলে অন্তত তোমরা বাকি সদস্যরা মানসিক স্বাস্থ্যসেবা বা কাউন্সেলিং সেবা গ্রহণ করো। সে সঙ্গে বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে ইন্টারনেটে বা এ বিষয়ে বিভিন্ন বই পড়ে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করো। এতে করে ছেলেটির সমস্যা বুঝতে অনেক সুবিধা হবে।
ব্যক্তিত্বের ধরন, পরিবেশ, অসুস্থতার তীব্রতা অনুযায়ী উপসর্গগুলো বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হতে পারে। ছেলেটি যেহেতু অসুস্থ হয়ে এ ধরনের আচরণ করছে, তার প্রতি সহমর্মিতা বজায় রেখে ওকে সব সময় ইতিবাচক কাজের জন্য উত্সাহিত ও প্রশংসা করতে হবে। নেতিবাচক আচরণের জন্য ওকে যদি অন্যদের সঙ্গে তুলনা করে কষ্ট দেওয়া হয়, তাহলে ওষুধ খেলেও ওর পক্ষে স্বাভাবিক থাকা বেশ কঠিন হবে। ওকে আরও সময় দিতে হবে নিজের সমস্যাগুলো বুঝে সঠিক পদক্ষেপগুলো নেওয়ার জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.